‘ভালোবাসার দিনে’ চীনে বিয়ের ধুম!
চীনাদের জীবনযাপনে সংখ্যার প্রভাব বেশ আলোচিত। চীনা ভাষায় (মান্দারিন) ‘৪ জানুয়ারি ২০১৩’ দ্বারা ‘আমি জীবনভর তোমাকে ভালোবাসব’ প্রবাদকে নির্দেশ করে। তাই দিনটিকে বিশেষভাবে উদযাপন করতে বিয়ের ধুম পড়েছে দেশটির তরুণ-তরুণীদের মধ্যে।পূর্বপরিকল্পনা অনুযায়ী, আজ শুক্রবার চীনজুড়ে বহু জুটিই বিবাহ নিবন্ধন অফিসগুলোতে ভিড় জমিয়েছে। তাদের মতে, এই দিনে বিয়ে করলে প্রেম স্থায়ী হবে। বিবিসির খবরে বলা হয়, আজ চীনের রাজধানী বেইজিংয়ে কমপক্ষে এক হাজার জুটি বিয়ে করতে হাজির হয়েছিল। দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশে হেনানে বৃষ্টির মধ্যেও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিয়ে নিবন্ধনের জন্য অপেক্ষা করেছে অনেক জুটি। বাড়তি লোকের চাপ সামলাতে অতিরিক্ত সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন বিবাহ নিবন্ধন অফিসে।চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, চীনে মিল সংখ্যার দিনগুলোকে সৌভাগ্যের সূচক মনে করা হয়। তাই গত ১২ ডিসেম্বরও একইভাবে বিয়ের ধুম পড়েছিল দেশটিতে। মান্দারিন ভাষায় ওই ১২-১২-১২ এর অর্থ হলো ‘ভালোবাসব’।