‘ভিআইপি আছে, ফেরিতে উইঠেন না’
গতকাল মঙ্গলবার খুলনা থেকে মোটরসাইকেলে ঢাকা ফিরছিলাম। বেলা আড়াইটার দিকে কাওড়াকান্দি ফেরিঘাটে পৌঁছাই। এক নম্বর ঘাটে গিয়ে অল্পের জন্য একটি ফেরি হাতছাড়া হয়ে যায়। এ সময় তিন নম্বর ঘাটে একটি ফেরি থেকে গাড়ি আনলোড করা হচ্ছিল। তখন আমি তিন নম্বর ঘাটে যাই। ফেরির কর্মচারীরা জানালেন, ‘ভিআইপি আছে, ফেরিতে উইঠেন না।’ তাঁদের অনুরোধ করার পর জানালেন, ‘আমাদের কাঁঠালবাড়ী ফেরিঘাটে যেতে হবে। সেখানে ডেপুটি স্পিকার আসবেন। ওনার আসতে কত দেরি হবে তার নিশ্চয়তা নেই। আপনি বরং অন্য ফেরিতে যান।’কী আর করা। অগত্যা অপেক্ষায় থাকতে হলো পরের ফেরির জন্য। পরে সাড়ে তিনটার দিকে তিন নম্বর ঘাটে ‘ফেরি কিশোরী’ নামের আরেকটি ফেরি ভিড়ে। ফেরিটি আনলোড হওয়ার পর জানানো হলো ‘ভিআইপি আছেন, দেরি হবে।’ ঘাটে কর্মরত ব্যক্তিদের কাছে প্রথমে জানলাম হুইপ মহোদয় আসবেন। পরে অবশ্য জানতে পারলাম হুইপ নয় হুইপের মামাতো ভাই আসবেন। ইতিমধ্যে সেখানে আরও দুটি ফেরি চলে এলেও ওই ফেরিটি দাঁড় করিয়ে রাখা হয়। পরে ভিআইপি এলে পৌনে পাঁচটার দিকে ফেরিটি ছাড়া হয়।শুধু আমি নই। আমার মতো আরও অনেক যাত্রীকে একইভাবে সেখানে অপেক্ষা করতে হয়। অনেকে বিষয়টি নিয়ে সমালোচনাও করেন। তাঁরা বলেন, এভাবে প্রত্যেক জনপ্রতিনিধি, তাঁদের ভাইবোন বা আত্মীয়-স্বজন নামধারী ‘ভিআইপি’দের জন্য সাধারণ মানুষের মূল্যবান সময় নষ্ট করে অপেক্ষা করতে হলে তাদের অবস্থান কোথায়? আর এই সাধারণ মানুষের বদৌলতেই তো তাঁরা আজ ভিআইপি হয়েছেন। প্রায় আড়াই ঘণ্টা পর বিকেল সোয়া পাঁচটার দিকে আমরা যখন কাঁঠালবাড়ী ফেরিঘাট অতিক্রম করি তখন দেখি ফেরি ফরিদপুরী তখনো সেখানে ভিআইপির জন্য দাঁড়িয়ে আছে।