‘ভিআইপি’ সড়কের বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শুরুর প্রায় আট কিলোমিটার অংশ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ‘ভিআইপি’ প্রকল্পভুক্ত। বিগত চারদলীয় জোট সরকারের আমলে এই প্রকল্পে উন্নয়নকাজ সম্পন্ন হয় তিনটি ধাপে। প্রায় ২২ কোটি টাকার উন্নয়নকাজ শেষে মাত্র ২২ মাসের মাথায় তা বেহাল হয়ে পড়ে। সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পাশের টুকের বাজারের ব্যবসায়ী মনসুর আলী বলেন, ‘ই-সড়ক যে দিন থাকি ভিআইপি অইল, ওই দিন থাকি বিড়ম্বনার শুরু!’সিলেট থেকে শুরু আঞ্চলিক এই মহাসড়কের শুধু ওই আট কিলোমিটার অংশ নয়, সিলেটে সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দপ্তরের অধীন মহাসড়কভুক্ত প্রায় ২০০ কিলোমিটারজুড়ে স্থানে স্থানে রয়েছে খানাখন্দ আর সংস্কারহীন অবস্থা। এর মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় ১৮ কিলোমিটার দূরপাল্লার যান নিরাপদে চলাচলের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ।‘ভিআইপি’ প্রকল্পে সংস্কার: সিলেট নগরের আম্বরখানা থেকে টুকের বাজার পর্যন্ত ‘ভিআইপি’ প্রকল্পভুক্ত। সুরমা নদীর ওপর তৃতীয় সেতুর সংযোগ সড়কের উন্নয়নের সঙ্গে তেমুখী থেকে টুকের বাজার ও নগরের আম্বরখানা পর্যন্ত সম্প্রসারণের কাজ শুরু হয় ২০০৫ সালের নভেম্বরে। ২০০৭ সালের ডিসেম্বরে কাজ শেষে প্রায় ২২ কোটি টাকা খরচ হলেও মাত্র ২২ মাসও টেকেনি। স্থানে স্থানে ফাটল, কার্পেটিং উঠে যায়। বাঁক আর খানাখন্দ: ভারতের মেঘালয় রাজ্যের শিলং থেকে সিলেট সড়কের দৈর্ঘ্য প্রায় ৮৬ কিলোমিটার। ১৯২৯ সালে ‘শিলং টু সিলেট’ নামে পরিচিত এই সড়ক ১৯৯৫ সালে মহাসড়ক প্রকল্পে অন্তর্ভুক্ত হয়। শুরুতে কুয়েত সরকারের অর্থায়নে ‘সিলেট-জাফলং-তামাবিল মহাসড়ক উন্নয়ন’ প্রকল্পে ২০০২ সাল পর্যন্ত কয়েকটি ধাপে কাজ সম্পন্ন হয়। এরপর আর কোনো উন্নয়ন বা সংস্কারকাজ হয়নি। সড়কের প্রায় ২০ কিলোমিটার অংশে রয়েছে অসংখ্য খানাখন্দ। সিলেট থেকে হরিপুর পর্যন্ত সড়কে ২০ থেকে ২৫টি স্থানে রয়েছে বড় আকারের বাঁক।২০ শতাংশ কাজ শেষ হতে ১২ বছর: ১৯৯৬ সালে পাগলা-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক প্রকল্প শুরু হয়। ৮০ শতাংশ কাজ ১৯৯৮ সালে শেষ হলেও বাকি কাজ এখনো শেষ হয়নি।সেতুর ঝুঁকি: সুনামগঞ্জের সঙ্গে বাইরের যোগাযোগের সড়ক একটিই—সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। কোনো কারণে যদি এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সুনামগঞ্জ। সেতুর সঙ্গে সড়কও সরু। স্থানে স্থানে উঁচু-নিচু থাকায় মনে হতে পারে যে বাস যেন যাত্রী নিয়ে হাওরের ‘আফাল’ পাড়ি দিয়ে হেলেদুলে চলছে। অনেক স্থানেই সৃষ্টি হয়েছে খানাখন্দের। সরু সড়ক আর ঝুঁকিপূর্ণ সেতুতে লক্কড়ঝক্কড় বাস চলে আরও ঝুঁকি নিয়ে। সড়কের ১৩টি ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। সওজের বক্তব্য: সওজ সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ মো. মুসা বলেন, বড় সড়কগুলোর উন্নয়নে বড় প্রকল্পের প্রয়োজন হয়। জরুরি সংস্কার খাত থেকে ওই সড়কগুলোয় সারা বছরই উন্নয়নকাজ অব্যাহত থাকে। চলতি অর্থবছরে নেওয়া ওই সব প্রকল্প এ বছরই শেষ হবে। সিলেট-সুনামগঞ্জ সড়কের ১৩টি ঝুঁকিপূর্ণ সেতু সম্পর্কে তিনি বলেন, সেতুগুলো নতুন করে নির্মাণের জন্য জাপানভিত্তিক একটি উন্নয়ন সংস্থা পর্যবেক্ষণমূলক কাজ শুরু করছে। ইতিমধ্যে নকশা প্রণয়নের কাজ শেষ হয়েছে।