‘ভিত্তিহীন’ ভিত্তিপ্রস্তর!
১৯৯৯ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদ জকিগঞ্জ পৌরভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পৌর এলাকার মাইকান্দি এলাকায় এটি স্থাপনের ১১ বছর পেরিয়ে গেলেও নির্দিষ্ট স্থানে এখন পর্যন্ত পৌরভবন নির্মাণের কোনো উদ্যোগই নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পৌরভবনের এ ভিত্তিপ্রস্তর ‘ভিত্তিহীন!’পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ১ সেপ্টেম্বর জকিগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এ সময় একজন পৌর প্রশাসক নিয়োগ দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের একটি ছোট্ট ভবন ভাড়া করে পৌরসভা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ভাড়াকৃত এ ভবনটি এর আগে অফিসার্স ক্লাব হিসেবে ব্যবহূত হয়ে আসছিল। ২০০৬ সালের ১৩ মার্চ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। পৌর নির্বাচনের চার বছর হয়ে গেলেও এখন পর্যন্ত বর্তমান পৌর কর্তৃপক্ষ মাইজকান্দির ওই নির্দিষ্ট স্থানে পৌরভবন নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি। একাধিক ওয়ার্ড কাউন্সিলর ও পৌর প্রশাসনের কর্মকর্তা অভিযোগ করেন, পৌরভবন নির্মাণ না হওয়ায় সমস্যা ধীরে ধীরে মারাত্মক আকার ধারণ করছে। দিন দিন পৌরসভার কাজ ও পরিসর বৃদ্ধি পাচ্ছে। ফলে একটি ভবনে কাজ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। কক্ষ-সংকটের পাশাপাশি জরুরি কাগজপত্র ও আসবাব পর্যন্ত রাখা যাচ্ছে না। এ ছাড়া মেয়র, কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বসার জন্য সুব্যবস্থা নেই বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগ করেছেন।গত ৩০ সেপ্টেম্বর সরেজমিন পৌরসভার ভিত্তিপ্রস্তর দেখতে গিয়ে দেখা যায়, পুরো স্থানটি জুড়ে ধানের চারা লাগানো হয়েছে। খেতের একপাশে ভিত্তিপ্রস্তরটি পড়ে আছে। স্থানীয় বাসিন্দা ইসমত মিয়া বলেন, ‘ইটা পৌরসভার খেয়াল! কত বছর আগে ভিত্তিপ্রস্তর করা হয়েছে। অথচ এখন পর্যন্ত একটা খুঁটিও বসানো হয়নি।’ পৌরভবন না থাকায় এত সমস্যা, অথচ পৌরভবন নির্মাণের কোনো উদ্যোগ নেই-এ প্রশ্নের জবাবে পৌরসভার সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ‘মাইজকান্দি এলাকার এক ব্যক্তি পৌরভবন নির্মাণের জন্য ২৮ শতক জায়গা দিয়েছিলেন। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়মানুযায়ী ৫০ শতক জায়গার প্রয়োজন।’