‘ভিড় জমলে হাতকড়াটি জামার নিচে লুকাই’
২৬ এপ্রিল। রাত প্রায় ১২টা ছুঁইছুঁই করছে। বিমানবন্দর রেলওয়ে স্টেশন। রাজশাহীর উদ্দেশে যাত্রার জন্য পদ্মার জন্য অপেক্ষা করছি। রাত ১১টার ট্রেন কয়টায় আসবে, জানা নেই। হঠাৎ প্লাটফর্মের মূল ফটক থেকে খানিকটা দূরে লোকজনের কৌতূহলী ভিড় দেখতে পেলাম। সবার মতো আমিও ছুটে গেলাম ভিড়ের কাছে। না জানি কী ঘটেছে...কোনো দুর্ঘটনা নাকি কোনো পকেটমার গণপিটুনির কবলে, ভাবতে ভাবতে ভিড় ঠেলে এগোতে থাকলাম।প্লাটফর্মের একটি খুঁটিতে ঠেস দিয়ে বসে আছে একটি ছেলে। পরনে নীল শার্ট, কালো প্যান্ট। দুজন পুলিশ বসে আছে ছেলেটির সঙ্গে, হাতকড়া লাগানো। চারদিকে লোকজনের কৌতূহলী জিজ্ঞাসা। এ শিশুটি হাতকড়া পরানো কেন? মধ্যবয়সী দুজন পুলিশ উত্তর দিচ্ছে, ভাই, এ ছেলেটি আসামি...খুনের আসামি। একজন পুলিশকে ডেকে সাংবাদিক পরিচয় দিয়ে বললাম, ছেলেটিকে নিয়ে কোথায় যাচ্ছেন। পুলিশটি বলল, ‘কাল সকালে মামলার হাজিরা রয়েছে। আদালতে হাজির করাতে হবে। ট্রেনের জন্য অপেক্ষা করছি।’ তারপর পুলিশ কর্মকর্তার সঙ্গে শুরু হলো কথোপকথন।ছেলেটিকে কি টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে এনেছেন?জি।কিশোর অপরাধী যারা, তাদের জন্য কোনো আলাদা পরিবহন-ব্যবস্থা নেই?আছে। তবে দু-একজনের জন্য গাড়ি দেওয়া হয় না।ছেলেটির অপরাধ কী?ছেলেটি একটি খুনের মামলার আসামি।বয়স কত হবে ওর?জানা নেই।আপনি কি টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের নিয়োজিত কর্মকর্তা?না, আমরা পুলিশ ফাঁড়িতে কাজ করি। কিশোর অপরাধীদের আদালতে আনা-নেওয়ার কাজটি আমাদেরই করতে হয়।ওখানে আলাদা কোনো কর্মকর্তা নেই?আছেন, তবে এ কাজটা তাঁরা করেন না।ছেলেটিকে হাতকড়া পরিয়ে রেখেছেন কেন?ওপরের কর্মকর্তার নির্দেশে পরানো হয়েছে। সব কিশোরের হাতেই পরানো হয়।আপনি কি জানেন, আইনে হাতকড়া পরানো নিষিদ্ধ?না, জানা নেই।ছেলেটিকে আদালতে আপনারাই নিয়ে যাবেন?জি।এদের কাঠগড়ায় দাঁড়াতে হয়?বেশির ভাগ সময় কাঠগড়ায় দাঁড়াতে হয় না। তবে কখনো কখনো কাঠগড়ায় দাঁড় করানো হয়ে থাকে।আপনারা যাঁরা এ কাজে নিয়োজিত, তাঁদের কি কোনো শিশু আইন নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে?না। তবে প্রশিক্ষণ দিলে আমাদের উপকার হয়।ছেলেটিকে জনসম্মুখে এভাবে হাত বেঁধে রেখেছেন, এতে লোকজন টিপ্পনী কাটছে। এতে তো শিশুটি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।ভাই, আমাদের এখানে কিছু করার নেই। আমাদের কাজ কিশোরদের শুধু আদালতে আনা-নেওয়া করা। তবে এরা কিশোর হলেও অনেক ভয়াবহ অপরাধ করে, যা আমি, আপনিও করার সাহস পাব না। এরাই তো বড় হয়ে চিহ্নিত অপরাধী হয়।পুলিশ কর্মকর্তাটি তাঁর নাম প্রকাশ না করতে অনুরোধ জানান। আমি ওই ছেলের সঙ্গে কথা বলার অনুমতি চাইলাম। পুলিশ রাজি হলো, কিন্তু শর্ত ছিল, কারও নাম ও ছবি প্রকাশ করা যাবে না। এতে তাঁর চাকরি হারানোর আশঙ্কা আছে। ছেলেটিও বিপদে পড়তে পারে। আমি ধীরগতিতে ছেলেটির পাশে গিয়ে বসলাম। শুরু হলো আলাপচারিতা।তোমার এখন বয়স কত?আমি যেখানে থাকি, সেখান থেকে বলা হয়েছে, আমার বয়স ১৫ বছরের একটু বেশি। কিন্তু বাস্তবে আমার বয়স আরও কম হবে।তুমি সংশোধনী কেন্দ্রে কয় বছর ধরে আছ?দেড় বছর।তোমাকে কোন মামলায় অপরাধী দেখানো হয়েছে?খুনের মামলায়।ঘটনাটা বলো তো।আমি কাজ করতাম চট্টগ্রাম বন্দরের কাছে একটি দোকানে। আমরা দুজন কর্মচারী ছিলাম। সে আমার চেয়ে অনেক বড় ছিল। সারা দিন কাজ করার পর দুজন আলাদা রুমে ঘুমিয়ে পড়তাম। ওই কর্মচারী একটু খারাপ প্রকৃতির ছিল। সবার সঙ্গেই ঝগড়া-ফ্যাসাদ করত। একদিন ওই লোক রাতে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে দোকানের পাশে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ এসে আমাকে আর দোকানের মালিককে গ্রেপ্তার করে। পরে দোকানের মালিক থানাকে অনেক টাকা-পয়সা দিয়ে নাম কাটায়। কিন্তু মামলার আসামি আমিই থাকি।দেড় বছর আগের ঘটনা। তুমি তো অনেক ছোট ছিলে তখন! পুলিশ তাও তোমার বিরুদ্ধে মামলা নিল?দোকান-মালিক ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়েছেন। আমাকে ফাঁসালে তিনি রেহাই পাবেন, তাই। পুলিশ প্রথমে আমার বয়স লিখেছিল ১৭ বছর। পরে আমার মা-বাবা আর বোনের জোরাজুরিতে বয়স কমিয়ে ১৪ বছর লেখে। দোকানের মালিক বলছিলেন, আমার বয়স নাকি বেশি। দেখতে ছোটখাটো হলেও।পুলিশ কি তোমাকে রিমান্ডে নিয়েছে, মানে আলাদাভাবে জিজ্ঞাসা করেছে, নির্যাতন করেছে?পুলিশ আমাকে রিমান্ডে নেওয়ার জন্য জজের কাছে বলেছিল। কিন্তু জজসাহেব না করেছেন। পরে আমাকে টঙ্গীতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে থানার দারোগা আমাকে অনেক লাথি-ঘুষি দিয়েছেন। অনেক মেরেছেন, যাতে আমি দোষ স্বীকার করি। কিন্তু আমি তো খুন করিনি।এখন তুমি যেখানে আছ, এখানকার পরিবেশ কেমন?এখানে আমি আরাম-আয়েশেই আছি।তুমি কি জানো, তোমার বয়স ১৮ হলে তোমাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হবে?হ্যাঁ, জানি। আমারে কেন্দ্রের স্যাররা বলেছেন। এটা মনে হলে মন খারাপ লাগে ।তোমাকে কি প্রতি তারিখেই আদালতে এভাবেই নেওয়া হয়।এভাবেই দুজন পুলিশ আমাকে নিয়ে যাওয়া-আসা করে। তবে মাঝেমধ্যে পুলিশের গাড়িতে করেও আসা-যাওয়া করেছি।তোমার পক্ষে কি কোনো উকিল আছে?হ্যাঁ, আছে, আমার মা-বাবা অনেক কষ্টে একজন উকিল রেখেছেন।তোমাকে যে হাতকড়া দিয়ে বাঁধা হয়েছে, তুমি কি এতে কোনো অস্বস্তি অনুভব করো?করে আর কী হবে! এখন আসা-যাওয়া করতে করতে অভ্যাস হয়ে গেছে। মাঝেমধ্যে অনেক লোকজন ভিড় জমালে আমার কষ্ট হয়। তাই দুই হাত জামার নিচে লুকিয়ে রাখি, যাতে কেউ না দেখে।ছেলেটির সঙ্গে কথা বলতে বলতে পুলিশ এসে আমাকে থামিয়ে দিল। পুলিশ জনগণের ভিড় কমানোর চেষ্টা করতে থাকল। কিন্তু উৎসাহী দর্শককে কে থামাতে পারে!ট্রেনের হুইসেল বেজে উঠল। ট্রেনে উঠলাম। জানালার কাছে বসে বাইরে তাকিয়ে থাকলাম, জনগণের ভিড় বাড়ছেই ক্রমশ। যেন চিড়িয়াখানার বন্দী কোনো জন্তু-জানোয়ার দেখছে সবাই। কয়েক মিনিটের মধ্যেই চোখের সামনে থেকে ঘটনাটি ক্রমশ সরে এল। ভাবতে থাকলাম, কিশোর অপরাধের বিচারে শিশু আইনে শিশু আদালত প্রতিষ্ঠা থেকে শুরু করে কিশোরদের সঙ্গে আচরণবিধি উল্লেখ আছে। কিন্তু এর প্রয়োগ হচ্ছে বাস্তবে কতটা? [শিশু আইনানুযায়ী, অভিযুক্ত কিশোরের নাম, ঠিকানা ও ছবি প্রকাশে বিধিনিষেধ থাকায় তা দেওয়া থেকে বিরত থাকা হলো। কিশোরটি আঞ্চলিক ভাষায় কথা বললেও পত্রিকায় প্রকাশের স্বার্থে যতটা সম্ভব, ছাপানোর উপযোগী করে দেওয়া হলো]। ইমেইল: [email protected]