‘ভুট দিয়া এমপি-মন্ত্রী বানাই, তারাই আমাগো গাড়ি ভাঙে’
‘আমরা যাগো ভুট দিয়া এমপি-মন্ত্রী ও নেতা বানাই, তারাই আমাগো গাড়ি ভাঙে, মারপিট করে। আসলে আমাগো কষ্টের কতা কেউ ভাবে না, নিজেগো লাবের জন্যই তারা কাজ করে।’এ কষ্ট ও ক্ষোভের কথাগুলো ভ্যানচালক আজাহার আলীর। কষ্ট ও ক্ষোভের কারণ হলো আজ রোববার অবরোধে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁর রিকশাভ্যানটি ভাঙচুর করেছেন। এরপরই তিনি প্রথম আলো ডটকমকে ক্ষোভের সঙ্গে এসব কথা বলেন।বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আজ অবরোধ কর্মসূচি পালন করে। আজাহার কয়েকজন যাত্রী নিয়ে সাভার থেকে রাজধানীর গাবতলী যাচ্ছিলেন। সকাল নয়টার দিকে আমিনবাজার এলাকায় পৌঁছালে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালিয়ে তাঁর ভ্যানটি ভাঙচুর করেন। এতে আজাহার হারান তাঁর আয়ের একমাত্র অবলম্বনটি।অবরোধ কর্মসূচি সফল করতে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা আজ ভোর থেকেই ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় অবস্থান নিয়ে রাজধানীতে প্রবেশের পথ বন্ধ করে দেন। এর আগেই ভোররাত চারটার দিক থেকে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু ব্যাটারিচালিত অটোরিকশাসহ রিকশা ও ভ্যান চলাচল অব্যাহত থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাস না পেয়ে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ বিভিন্ন কারখানার শ্রমিক ও চাকরিজীবীরা রিকশা ও রিকশাভ্যানসহ ব্যাটারিচালিত অটোরিকশায় যাতায়াত করতে থাকেন। কিন্তু বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা সকাল আটটার পর থেকে রিকশা, রিকশাভ্যানসহ ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করতে থাকলে আটকে পড়া লোকজনের সে সুযোগও বন্ধ হয়ে যায়। এ সময় ধামরাইয়ের ইসলামপুর, আশুলিয়ার নয়ারহাট, নবীনগর ও বাইপাইলসহ সাভারের সাভার বাজার বাসস্ট্যান্ড, থানা স্ট্যান্ড ও হেমায়েতপুর বাসস্ট্যান্ডে শত শত মানুষ আটকা পড়ে। অবশেষে অসহায় লোকজন হেঁটেই যে যার গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করেন। বাস না পেয়ে সাভার পৌর এলাকার উত্তরপাড়ার মনির হোসেন মোটরসাইকেলে করে অসুস্থ পিতাকে নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে যাচ্ছিলেন। কিন্তু সকাল সাড়ে নয়টার দিকে আমিনবাজার যাওয়ার পর অবরোধকারীরা তাঁর মোটরসাইকেলের হাওয়া ছেড়ে দেন। পরে তিনি মোটরসাইকেলটি একটি নিরাপদ স্থানে রেখে পিতাকে নিয়ে হেঁটেই হাসপাতালের উদ্দেশ আমিনবাজার ত্যাগ করতে বাধ্য হন। বাসচালক চাঁন মিয়া, আজিজসহ আরও কয়েকজন পরিবহন শ্রমিক বলেন, ভাঙচুরের ভয়ে আজ তাঁরা কোনো যানবাহন নিয়ে বের হননি। উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে আসা যাত্রীবাহী বাসগুলো ভোর চারটার আগেই রাজধানীতে ঢুকে পড়ে। ভোর থেকে বেলা দুইটা পর্যন্ত কোনো বাস গাবতলী থেকে ছাড়েনি। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘অবরোধ কর্মসূচির কারণে আজ ভোর থেকে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এ কারণে যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন। পুলিশের পক্ষ থেকে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি ছিল না। কিন্তু যানবাহনের চালক ও মালিকেরা ভয়ে তাঁদের যানবাহনগুলো বের না করায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।’