‘ভুট্টোর বক্তব্য স্ববিরোধী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেহরিক-ই-ইশতিকলাল পার্টির প্রধান সাবেক এয়ার মার্শাল আসগর খান ১৫ মার্চ পেশোয়ারে বলেন, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলগুলোকে ক্ষমতা হস্তান্তরের যে প্রস্তাব পিপলস পার্টির চেয়ারম্যান জেড এ ভুট্টো দিয়েছেন, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পেশোয়ার জেলা বার অ্যাসোসিয়েশনের সভায় তিনি বলেন, ভুট্টোর প্রস্তাব পাকিস্তানের ধারণার সঙ্গে সংগতিপূর্ণ নয়।আসগর খান বলেন, ‘ভুট্টোর বক্তব্য স্ববিরোধী। একদিকে ভুট্টো সাহেব পাকিস্তানের পশ্চিমাংশের প্রদেশগুলোকে একীভূত করার বিরোধিতা করছেন, অন্যদিকে পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানাচ্ছেন।’রাজনৈতিকভাবে পশ্চিম পাকিস্তান বলে কিছু নেই বলে মন্তব্য করেন তিনি।এয়ার মার্শাল আসগর খান বলেন, দেশের রাজনৈতিক অবস্থা অত্যন্ত সঙ্গিন। তিনি এ সময় সঠিক চিন্তার মানুষদের দেশের প্রয়োজনে সাড়া দিয়ে সঠিক নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। নিজের বক্তব্যের পুনরুক্তি করে তিনি বলেন, ক্ষমতা উপযুক্ত জায়গা—অর্থাত্ সংখ্যাগরিষ্ঠ দলের কাছেই হস্তান্তর করা উচিত। শেখ মুজিবুর রহমানই বর্তমানে পাকিস্তানকে একত্রে ধরে রেখেছেন মন্তব্য করে আসগর বলেন, পূর্ব পাকিস্তান যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে পশ্চিম পাকিস্তানও টুকরো টুকরো হয়ে যাবে। দাবিয়ে রেখে পূর্ব পাকিস্তান পরিস্থিতি মোকাবিলার চেষ্টা মানে সংকটকে কেবল সাময়িকভাবে স্থগিত করে রাখা—এটা সংকটের কোনো সমাধান নয়। আসগর খান আরও বলেন, পূর্ব পাকিস্তানের জনগণ তাদের অধিকারের সর্বাধিক নিশ্চয়তা চেয়েছে এবং ছয় দফাকে পাকিস্তানের স্বাধীন নাগরিক হিসেবে বেঁচে থাকার জন্য এবং সুখী ও পরিতৃপ্ত জীবনযাপনের জন্য মুক্তির সনদ হিসেবে গ্রহণ করেছে। (১৬ মার্চ ১৯৭১ প্রকাশিত) অনুবাদ: এম এ মোমেন