‘ভুল করিনি বলেই চ্যাম্পিয়ন হলাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক বছরের মধ্যে সেরা ফর্মে আছেন। কাল জিতে নিয়েছেন জাতীয় দাবায় নিজের পঞ্চম শিরোপা। এর আগে জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়েছিলেন সেই ১৯৮২ সালে! দাবাড়ুর নাম নিয়াজ মোরশেদ বলেই তথ্যটা অবাক করে। উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার বলছেন সেসব নিয়েই ৩০ বছর পর জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হলেন। এত লম্বা সময় খোলসবন্দী থাকার রহস্য কী?নিয়াজ মোরশেদ: আসলে ’৮২ পর্যন্ত টানা চারবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হওয়ার পর লম্বা একটা বিরতি পড়ে। ’৮২-৯৬ পর্যন্ত জাতীয় দাবায় আমাকে খেলতে হয়নি। বলতে পারেন বাই পেয়েছি। পরের ছয় বছরও খেলিনি, ব্যবসায় ব্যস্ত থাকায়। ২০০২ সালে ফিরেও ২-৩ বছর গ্যাপ গেছে। সেই হিসাবে ১৯৮২ সালের পর জাতীয় দাবায় খুব বেশি খেলিনি।  এখনকার এই তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে চ্যাম্পিয়ন হওয়া সহজ নয়। এটা কী করে সম্ভব হলো?নিয়াজ: এই টুর্নামেন্টে ভুল করিনি বলেই চ্যাম্পিয়ন হলাম। এমনিতে বড় বড় ভুল করি, জেতা ম্যাচ হেরে যাই অনেক সময়। সম্প্রতি ভারতে কমনওয়েলথ দাবায় শাকিলের সঙ্গে এমন একটা ভুল চাল দিলাম, এক চালে মাত। এমন অনেক গুরুতর ভুলই আছে। সেসব শুধরে এই প্রতিযোগিতায় আমি খুব ভালো খেলেছি। তাহলে কি বলতে পারি, আপনি এখন সেরা ফর্মে আছেন?নিয়াজ: সেরা ফর্ম বলব না এটাকে। ’৮৮-৯২ পর্যন্ত সময়টাই ছিল সেরা, তবে তারপর এই সময়টাই সেরা। আপনি সেই ১৯৮৭ সালে উপমহাদেশে প্রথম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। এত বছর পরও নিজেকে ধরে রাখলেন কীভাবে?নিয়াজ: আমি খেলার মধ্যেই আছি। ভারতে কোচিং করাচ্ছি ২০০৬ সাল থেকে। এটা আমাকে অনেক সাহায্য করছে। দেশে, দেশের বাইরে খেলছি। ঘুরছি চরকির মতো। খেলার মধ্যে থাকাটা ভালো হয়েছে। এই প্রতিযোগিতায় দেখুন, ৭টা জয় পেয়েছি, বাকি ছয়টি ড্র করেছি। বয়সের সঙ্গে শরীর দুর্বল হয় ঠিকই, তবে দাবাড়ুরা খেলতে খেলতে শক্তিশালীই হয়। আমিও তাই।  আপনার খেলার ধরনে কোনো পরিবর্তন কি এসেছে? এখন কোন ওপেনিংটা আপনার বেশি পছন্দ?নিয়াজ: এখন খেলাটা অনেক আধুনিক। এর সঙ্গে তাল মিলিয়েই চলতে হচ্ছে। ওপেনিংয়ের কথা বললেন, নানাভাবেই ওপেনিং করা যায়। সাদা নিয়ে কুইন পনটাই বেশি খেলি। কালো নিয়ে ফ্রেঞ্চ ডিফেন্স। মর্ডার্ন ডিফেন্সে ডি-৬ চালটা বেশি দিই। সিসিলিয়ান ওপেনিংটাও খেলি। ঠিক নেই, প্রতিপক্ষ বুঝে যখন যেটা ভালো হয় খেলি।  ভারতে কোচিং করানো খেলোয়াড় নিয়াজকে কতটা এগিয়ে নিচ্ছে?নিয়াজ: অনেক, অনেক। দিল্লি, ওডিশা, গুজরাট, কলকাতাসহ আরও অনেক রাজ্যে কোচিং করাই। ভারতের হালের সেনসেশন গ্রেভর আমার ছাত্র, সে গ্র্যান্ডমাস্টার হয়েছে। ওদের সঙ্গে কাজ করা খেলোয়াড় হিসেবে আমার জন্য অনেক বড় অভিজ্ঞতা। এবারের জাতীয় প্রতিযোগিতায় দেবরাজ চ্যাটার্জি অনেকটা সময় পর্যন্ত শীর্ষে থেকেও পারলেন না। কেন পারলে না মনে করেন?নিয়াজ: সে ভালো খেলেছে। তবে শেষ দিকে সম্ভবত ক্লান্তি এসে গেছে। শক্তিশালী খেলোয়াড়দের সঙ্গে সে কুলিয়ে উঠতে পারেনি। নার্ভটা আরও শক্ত করতে হবে ওকে। গ্র্যান্ডমাস্টার রাকিব-রাজীব এবারের জাতীয় দাবায় খেললেন না ক্লান্তির কথা বলে। এটাকে কীভাবে দেখছেন?নিয়াজ: ওরা ক্লান্ত ছিল, তাই হয়তো খেলেনি। আমি নিজেও টানা ৩২টা ম্যাচ খেললাম। এর মধ্যে ভারত থেকে ট্র্যাভেল করেছি, ওই সময়টাই শুধু বাদ। পরশু (কাল) থেকে আবার লিগ শুরু। সুতরাং বিশ্রাম নেই এক ফোঁটাও। সামগ্রিকভাবে এবারের জাতীয় দাবা কেমন হলো?নিয়াজ: ভালোই হয়েছে। সবাই ফর্মে ছিল। আজ শেষ রাউন্ডে দেখুন, আমরা তিনজন গ্র্যান্ডমাস্টারই জিততে পারিনি। রিফাত হেরেছে, জিয়া এবং আমি নিজ নিজ ম্যাচ ড্র করেছি। এতেই বোঝা যায় কত কঠিন টুর্নামেন্ট হয়েছে।