গত বছর দেড়েকের মধ্যেই টেস্ট ও ওয়ানডেতে নড়বড়ে নব্বইয়ে আউট হয়েছেন। এবার ঘরোয়া ক্রিকেটেও তাঁর এই অভিজ্ঞতাটা হলো। নড়বড়ে নব্বইয়ের শিকার হওয়ার বিষয়টি নিয়ে বলেছেন দীর্ঘদিন পর রাজশাহীর হয়ে খেলা মুশফিকুর রহিম আবার নব্বইয়ের ঘরে আউট হলেন। এই নিয়ে কতবার হলো?মুশফিকুর রহিম: জাতীয় লিগে এই প্রথম। জাতীয় লিগে ওয়ানডেই তো এর আগে মাত্র দুটি খেলেছি। আর চার দিনের ম্যাচে নব্বইয়ের ঘরে কখনো আউট হইনি। প্রিমিয়ারেও না। আর টেস্টে একবার ইংল্যান্ডের বিপক্ষে (৯৫) ও ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে (৯৮) আউট হয়েছি। সবগুলোই সাম্প্রতিক ঘটনা। তাই বেশি মনে হচ্ছে। সেঞ্চুরির এত কাছে গিয়ে আউট হয়ে ঠিক কেমন লাগে?মুশফিকুর: খারাপ তো লাগেই। সবচেয়ে বেশি মনে হয়, এত কষ্ট করেও সেই ফিফটি নিয়েই মাঠ ছাড়তে হচ্ছে! ৯৯ করুন আর ৯৮, ১০০ না করলে তো ফিফটি হিসেবেই লেখা থাকবে। লোকে বলে ‘নার্ভাস নাইনটিজ’। আসলেই কি ‘নার্ভাস’ হয়ে পড়েন?মুশফিকুর: নার্ভাসনেস একটু থাকেই। নব্বইয়ের ঘরে ঢোকার পর থেকেই মনে হয়, ১০০ রান করে ফেলতে হবে। ফলে মনঃসংযোগটা একটু নড়ে যায়। আর একটু তাড়াহুড়ো করা হয়ে যায় মনে হয়... যেমন?মুশফিকুর: মনে হয়, যত তাড়াতাড়ি সম্ভব সেঞ্চুরিটা করে ফেলতে হবে। একটা চার বা ছয় মেরে কাজটা সেরে ফেলতে পারলে একটা ঝামেলা শেষ হয়ে যাবে মনে হয়। সেটা করতে গিয়েই বিপদ হয়। তাহলে দোষটা নিজেকেই দেন?মুশফিকুর: (হাসি) তা ছাড়া আর কাকে দেব? জাতীয় লিগের এই ম্যাচটায় অবশ্য বল বাকি ছিল সাতটি আর আমাকে ৭ রানই করতে হতো। ফলে এখানে একটু তাড়াহুড়োর পক্ষে একটা যুক্তি থাকে। তার পরও হয়তো আরেকটু দেখে খেলা যেত। কিন্তু ওয়ানডে ও টেস্টের ইনিংস দুটোতে স্রেফ বোকামি করে আউট হয়েছি। ইংল্যান্ডের বিপক্ষে ওই ইনিংসটায় আমার ওপর দলেরও চাপ ছিল না, সময়েরও সমস্যা ছিল না। জিম্বাবুয়ের বিপক্ষেও অনেক বল ছিল, দলের জয়ের জন্যও অনেক সময় নেওয়া যেত। কিন্তু ভুল আমারই। বগুড়ায় খেললেন আগের ম্যাচটা। নিজের জেলায় খেলার অভিজ্ঞতা কেমন?মুশফিকুর: এখানে তো টেস্টও খেলেছি। নিজের শহরে খেলার অভিজ্ঞতা স্বভাবতই অন্যরকম। অনেক পরিচিত দর্শক থাকে। সবাই ঘরের ছেলের পারফরম্যান্স দেখতে আসেন। এদিন তো সেই পারফরম্যান্স দেখাতে পারলেন না...মুশফিকুর: তাতে দর্শকের হালকা গালিও সহ্য করতে হয়েছে। দর্শকের আর দোষ কী? তারা তো এসেছিল আমার ব্যাটিং দেখতে। নামার সময় কী উৎসাহ দিলেন। আমিই রান করতে পারলাম না। পরিচিত মাঠ, চেনা দর্শক কি চাপ হয়ে গিয়েছিল?মুশফিকুর: মনে হয়। প্রত্যাশার চাপ ছিল বোধ হয়। এত দিন সিলেট দলে খেলে রাজশাহী বিভাগীয় দলে ফেরার অনুভূতি কেমন?মুশফিকুর: এমনিতেই নিজের বিভাগে খেলতে পারাটা আনন্দের ব্যাপার। আর রাজশাহী দলটার ব্যাপার তো জানেন। দারুণ মজার একটা দল। এখানে আমরা পুরোনো সতীর্থরা অনেকে আছি। পাইলট ভাই (খালেদ মাসুদ) আছেন। বেশ মজা পাচ্ছি। রাজশাহীর ক্রিকেটারদের খেলার বাইরেও একটা বন্ধন আছে। সেখানে যুক্ত হচ্ছেন?মুশফিকুর: অবশ্যই। এরই মধ্যে পাইলট ভাইয়ের উদ্যোগে যে একাডেমিটা শুরু হয়েছে, ওখানে সক্রিয়ভাবে জড়াতে চেষ্টা করছি। আশা করি, সবার সঙ্গে মিলে এই একাডেমির জন্য কাজ করতে পারব।