প্রথম দুই ম্যাচে হার, পরের দুই ম্যাচে জয়। কিন্তু এই দুটি ম্যাচ জিতেও জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ফাইনাল খেলা হয়নি। প্রধান নির্বাচক আকরাম খানের দৃষ্টিতে, প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হারটাই বাধা হয়ে দাঁড়িয়েছে সে পথে জিম্বাবুয়েতে বাংলাদেশ দলের পারফরম্যান্সে খুশি নাকি হতাশ?আকরাম খান: আমি কিছুটা হতাশই। জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ দুই ম্যাচে আমরা ভালো জয় পেলেও প্রথম ম্যাচে জেতা উচিত ছিল। এটা ঠিক যে, ওখানকার কন্ডিশন ভিন্ন, উইকেট অন্য রকম। অল্প সময়ের মধ্যে মানিয়ে নিতে হয়েছে। কিন্তু প্রথম ম্যাচে জিতলে আমরা ফাইনাল খেলতাম। ফাইনালে যেতে না পারার হতাশা বাদ দিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কেমন হলো সফরটা?আকরাম: দেখুন, জিম্বাবুয়েতে আগের সফরেও কিন্তু আমরা যত সময় গেছে তত ভালো খেলেছি। এবারও তাই হয়েছে। সেদিক দিয়ে প্রস্তুতি ভালোই হয়েছে বলব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভুল থেকে শেখা। সেটা না হলে সফরটা কোনো কাজেই আসবে না। আশা করি এই সিরিজের শিক্ষা তারা আয়ারল্যান্ড ও ত্রিনিদাদ সফর এবং টি-টোয়েন্টি বিশ্বকাপেও কাজে লাগাবে। সিরিজে বোলারদের পারফরম্যান্সে কতটা সন্তুষ্ট?আকরাম: আমাদের বোলিং এবার পূর্ণশক্তির ছিল না। সাকিব, রুবেল, শফিউলকে ছাড়াই খেলতে হয়েছে। তার পরও যারা গেছে তারা খারাপ করেনি। বিশেষ করে শেষ দুই ম্যাচে ভালো বোলিং হয়েছে। এখানেও সে কথাই বলব—বোলাররা কতটা শিখছে, সেটাই ব্যাপার। তবে ফিল্ডিং আরও ভালো হওয়া দরকার। মাশরাফি অনেক দিন পর খেললেন বিদেশি দলের বিপক্ষে। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে যাওয়ার জিয়াকেও দেখার ব্যাপার ছিল। এই দুজনের ব্যাপারে কী বলবেন?আকরাম: জিয়া টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য কার্যকর খেলোয়াড়। তবে ওর কাছে আমাদের প্রত্যাশা আরও বেশি ছিল। ভালো খেলেছে, তবে আরও একটু ভালো হওয়া উচিত ছিল। উইকেটে গিয়ে কী করতে হবে, সেটা যেন বুঝে উঠতে পারছে না। এটা ওর চরিত্রের সঙ্গে যায় না। আর মাশরাফির ব্যাপারে কিছু বলার নেই। ও পরীক্ষিত ক্রিকেটার। আবুল হাসান আর আনামুল হককে কেমন দেখলেন? দুজনই তো এবার প্রথম খেললেন জাতীয় দলে...আকরাম: রাজু (আবুল হাসান) খুবই প্রতিভাবান খেলোয়াড়, এটা আগেও বলেছি। যত সময় যাবে, ততই ভালো খেলবে সে। তবে ফিটনেসটা বাড়াতে হবে। আনামুল ঘরোয়া ক্রিকেট ও একাডেমির হয়ে ভালো খেললেও জিম্বাবুয়েতে চোখে পড়ার মতো কিছু করেনি। ওর আরও সময় লাগবে। তবে নতুনদের কাছে আমাদের খুব বেশি প্রত্যাশা ছিল না। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আরও দুটি সফর আছে। বিশ্বকাপের দল গঠনে নিশ্চয়ই এসব সফরের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে...আকরাম: সবই দেখা হবে আসলে। পারফরম্যান্স, ফিটনেস, কে কেমন টিমম্যান, পরিস্থিতি অনুযায়ী কে কেমন খেলে...। সে জন্যই আমরা ২০-২৫ জনকে হাতে রেখেছি। আয়ারল্যান্ড-হল্যান্ড সফরে বিশেষ কোনো পরীক্ষা-নিরীক্ষার ইচ্ছা আছে?আকরাম: আমরা খুব বেশি অদলবদলের পক্ষে নেই। হয়তো দলের ৭০ থেকে ৮০ ভাগ একই রকম থাকবে। দু-একটা জায়গায় পরিবর্তন আসতে পারে।