জাতীয় দলের নেতৃত্ব থেকে সাকিব আল হাসান ও তামিম ইকবালকে সরিয়ে দেওয়ার পেছনে জিম্বাবুয়ে সফরের দলনেতা শফিকুর রহমান-এর রিপোর্টই বড় প্রভাবক হিসেবে কাজ করেছে। তবে বিসিবির এই পরিচালক বলছেন, এ নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই আপনার দেওয়া জিম্বাবুয়ে সফরের রিপোর্টে সাকিব-তামিমের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। রিপোর্টের মূল বিষয় কী ছিল?শফিকুর রহমান: হেড অব ডেলিগেশন হিসেবে আমি যা যা সরেজমিনে দেখেছি, সেসবই বিস্তারিত আছে। সঙ্গে আমার কিছু সুপারিশ। বলা হচ্ছে, জিম্বাবুয়েতে নেতৃত্ব দিতে ব্যর্থ হওয়াতেই তাঁদের অধিনায়ক, সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনার রিপোর্টে কি সে রকম কিছু বলা হয়েছে?শফিকুর: আমি বলেছি, কোনো কোনো ম্যাচে বোলিং হ্যান্ডেলিং ভালো ছিল না, অনেক সময় ফিল্ডিং খারাপ হয়েছে। অধিনায়ককে সামনে থেকে নেতৃত্ব দিতে হয়, মাঠ এবং মাঠের বাইরেও তার দায়িত্ব আছে, দলকে এক সুতায় গাঁথতে হয়—জিম্বাবুয়েতে এসব দেখিনি। রিপোর্টে আমি এটাও বলেছি, ভবিষ্যতে নির্বাচক যেন একাদশ নির্বাচনে সম্পৃক্ত থাকেন। একাদশ নির্বাচন করবেন কোচ, অধিনায়ক ও নির্বাচক। সহ-অধিনায়ক তাতে থাকবে না। তবে সফরে নির্বাচক না গেলে সহ-অধিনায়ক ভূমিকা রাখবে। রিপোর্টে তাহলে তাঁদের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য সরাসরি কোনো প্রস্তাব বা সুপারিশ ছিল না...শফিকুর: না, আমি তো প্রস্তাব দিতে পারি না। আমি আমার পর্যবেক্ষণ জানিয়েছি। আর এই সিদ্ধান্ত কেবল এই সফরের রিপোর্টের ওপর ভিত্তি করেই নেওয়া হয়নি। অনেক দিন ধরেই এ নিয়ে আলোচনা হচ্ছে। অনেক সুযোগ দেওয়া হয়েছে। আমরা ভেবেছিলাম, তারা শোধরাবে। তারা সুযোগগুলো কাজে লাগায়নি। এখন সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। এই সিদ্ধান্ত দলের সবার জন্যই একটা বার্তা। জিম্বাবুয়েতে তো আরও কয়েকজন খেলোয়াড়ের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁদের ব্যাপারে কী সিদ্ধান্ত?শফিকুর: আমি পুরো দলের ওপরই রিপোর্ট দিয়েছি। সফরে কিছু ঘটনাও ঘটেছে, যেগুলো আমি রিপোর্টে উল্লেখ করেছি। ডিসিপ্লিনারি কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। যা দেখে এসেছি, সেগুলো না বললে হেড অব ডেলিগেশন হিসেবে অন্যায় করা হতো। তবে যারা ভালো করেছে, রিপোর্টে তাদের প্রশংসাও করেছি। রুবেল, মুশফিকুর, টেস্টে আশরাফুল, এমনকি কোথাও কোথাও সাকিবেরও প্রশংসা করেছি। শেষ ওয়ানডেতে অধিনায়কোচিত ইনিংস খেলেছে ও। কিন্তু বেস্ট প্লেয়ার অলওয়েজ ক্যান নট বি এ গুড ক্যাপ্টেন। সমস্যাগুলো দেখার পর দলনেতা হিসেবে কি এসব নিয়ে কথা বলেছিলেন সাকিব-তামিমের সঙ্গে?শফিকুর: দ্বিতীয় ওয়ানডের পর খেলোয়াড়-কর্মকর্তা সবাইকে নিয়ে জরুরি সভা ডেকেছিলাম। আমি তাদের বললাম, যেভাবে চলছে এভাবে চলতে পারে না। তোমাদের সমস্যা কী? অধিনায়ক, সহ-অধিনায়ককে কি সরাসরি বলেছিলেন তাঁরা যেভাবে দল চালাচ্ছেন সেটা ঠিক নয়?শফিকুর: সফরের মধ্যে তো এ রকম বলা যায় না। এতে আরও বেশি সমস্যা হতো। আমি পুরো দলকে বলেছি, যা হচ্ছে ঠিক নয়। এখনো সময় আছে সিরিজ জেতার। যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের বলো, আমরা তোমাদের জন্য সব করব। তবে দয়া করে জেতো। এর আগে নিউজিল্যান্ড সফরেও আপনি দলনেতা ছিলেন। তখন কি সাকিবের অধিনায়কত্বে কোনো সমস্যা দেখেছিলেন?শফিকুর: হ্যাঁ দেখেছি এবং সেসব আমি তখনকার রিপোর্টে উল্লেখও করেছি। নেতৃত্ব থেকে সরানো হলেও সাকিব-তামিম খেলোয়াড় হিসেবে দলে আছেন। আচরণগত সমস্যা যদি থেকেই থাকে, এ নিয়ে কি বোর্ড তাঁদের সঙ্গে কথা বলবে?শফিকুর: রিপোর্টে আমি বলেছি, টেকনিক্যাল কমিটি বা ক্রিকেট পরিচালনা কমিটির প্রতি মাসেই তাদের সঙ্গে বসা উচিত। তাদের মানসিকতা, তাদের সমস্যা জানা দরকার। একটা অভিযোগ আপনার বিরুদ্ধেও আছে। সফরে আপনি নাকি দলের ভেতরের কথা, ড্রেসিংরুমের আলোচনা বাইরে বলে দিতেন। সে জন্য আপনার ড্রেসিংরুমে থাকা নিয়েও প্রশ্ন উঠেছিল। এ ব্যাপারে কী বলবেন?শফিকুর: আমি বলেছি! এটা ভুল। আমি কেন বলব? আমি আমার কাজের পরিধি জানি। কিছু হলে আমি সব সময় নির্বাচক হাবিবুল বাশারের সঙ্গে আলোচনা করেছি। পাশে তো আর কেউ ছিল না...মন খারাপ হলে ওর সঙ্গেই সেটা শেয়ার করতাম। খেলোয়াড়দের সেসব বুঝতে দিইনি।