‘ভোট দিতে আনন্দ লাগে’
বৃদ্ধা আসমাতুন্নেছার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। থাকেন দ্বিতীয় মুরাদপুরে ছেলের বাড়িতে। দাঁত না থাকায় তিনি ভালো করে কথা বলতে পারছিলেন না। হাঁটতেও কষ্ট হচ্ছিল। ছেলের বউয়ের হাত ধরে এসেছেন দ্বিতীয় মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে।সকাল সাড়ে নয়টার কিছু পরে ভোটকেন্দ্রে ঢুকেই আসমাতুন্নেছা বলেন, ‘কাগজ কই?’ এবারই প্রথমবারের মতো কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হচ্ছে। তাই তাঁর কাছে এ পদ্ধতি ছিল অপরিচিত। তাঁর হয়ে ছেলের বউ ভোট দিয়ে দেন। আসমাতুন্নেছা দাবি করেন, তাঁর বয়স ১৫০ বছর। তবে ছেলের বউ জানান, তাঁর বয়স আশির ওপরে হবে। এমন বয়সে ভোট দিতে এসেছেন কেন—জানতে চাইলে তিনি বলেন, ‘ভোট দিতে তো আনন্দ লাগে।’ ছেলের বউ বলেন, বাড়ি যাওয়ার কথা থাকলেও ভোটের জন্য তিনি বাড়ি যাননি। নতুন মেয়রের কাছে প্রত্যাশা কী—জানতে চাইলে আসমাতুন্নেসা বলেন, ‘খুশি করে দাও।’ওই কেন্দ্রে সকাল থেকে ১০-১২টি লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন নারী ভোটাররা। নাসরিন, পেয়ারা বেগমসহ আরও কয়েকজন বলেন, ‘দিনের শুরুতে ভোট দিয়া বাড়ি যামু। সংসারের কাজ আছে।’ আরজু বিবি নামে একজন বলেন, ‘সকাল সকাল ভোট দিয়ে সারা দিন টিভির সামনে বসে ভোটের খবর দেখব।’