বাফুফের নির্বাচনে জয়ী হয়ে ঢাকার বাইরের প্রতিনিধিরা আর খেলায় উৎসাহ দেখান না। তবে এর পেছনে বাফুফের দায়ই বেশি দেখছেন কক্সবাজার থেকে উঠে আসা সাবেক ফুটবলার বাফুফের নবীন সদস্য বিজন বড়ুয়া। পাইওনিয়ার লিগ কমিটির কো-চেয়ারম্যান হিসেবে এই গোলরক্ষক কাল কথা বললেন নানা বিষয়ে ফেডারেশন কাপের বাছাইপর্বের জন্য ফেড শিল্ডে ঢাকার বাইরের মাত্র ৫টি জেলা সাড়া দিয়েছে। তাহলে আপনাদের নির্বাচনী অঙ্গীকার কোথায় গেল?বিজন বড়ুয়া: আমাদের অঙ্গীকার ছিল, নির্বাচিত হলে ফেডারেশন যে দায়িত্ব দেবে, পালন করব। আমি পেয়েছি পাইওনিয়ার ফুটবল লিগ। এটা ভালোভাবেই করছি। আমি যত দূর জানি, ফেড শিল্ডে খেলতে কক্সবাজার ডিএফএকে কোনো চিঠি দেয়নি কম্পিটিশন কমিটি। প্রতিযোগিতা কমিটির প্রধান তাবিথ আউয়ালের দাবি, তাঁর কমিটি সব ডিএফএর কাছে চিঠি পাঠিয়েছে। তাহলে কোনটা সঠিক?বিজন: আজ সকালে এ নিয়ে পত্রিকায় নিউজ দেখেছি। কক্সবাজার ডিএফএর সঙ্গে যোগাযোগ করে জেনেছি সেখানে কোনো চিঠি যায়নি। তার মানে আপনি বলতে চাইছেন প্রতিযোগিতা কমিটি ভুল তথ্য দিয়েছে?বিজন: আপনারা তাবিথ আউয়ালকে জিজ্ঞাসা করেন। উনি কোথায় চিঠি দিয়েছেন, কাকে দিয়েছেন? দিলে তো প্রমাণ থাকবে। প্রমাণ দেখাতে বলেন। জেলাগুলোর বিরুদ্ধে সব সময়ই অভিযোগ থাকে, নির্বাচনের উৎসাহ নির্বাচন শেষে হাওয়ায় মিলিয়ে যায়। এ ব্যাপারে কী বলবেন?বিজন: আসলে টাকাপয়সার সমস্যায় অনেক কিছু করা যায় না। এবার নির্বাচনের আগে ফেডারেশনের প্রেসিডেন্টের কাছে জেলার দাবি ছিল, জেলার ফুটবলকে চাঙা করতে যেন আর্থিক সহায়তা করা হয়। কিন্তু আমি যত দূর জানি, ডিএফএতে এখনো কোনো টাকাই যায়নি। জেলার নিজস্ব উদ্যোগ কোথায়? টাকা দিলে তারা খেলা চালাবে নইলে নয়, এই অবস্থান কি সঠিক?বিজন: লিগ কোথাও হয়, কোথায়ও হয় না। যেমন আমাদের কক্সবাজারে নিয়মিত লিগ হয়। সেখানকার ডিএফএ মোটামুটি সংগঠিত। কিন্তু ওই যে বললাম টাকাই এখানে মূল বিষয়। ফেডারেশন টাকা দিলে জবাবদিহি নিতে পারবে জেলার কাছ থেকে। নইলে কোনো ক্ষেত্রেই এগোনো যাবে না। আপনার কী মনে হয়, জেলার জবাবদিহি আছে? আগের কমিটির সময় তো ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল...বিজন: আগের ৫০ হাজার টাকা ডিএফএ অফিসের ফার্নিচার কিনতেই শেষ! টাকা দিলে তবেই জবাবদিহির প্রশ্ন আসে। এ কমিটি চার মাস সময় পার করেছে। এই সময়ে জেলার ফুটবলের দিকে কোনো নজর কি পড়েছে?বিজন: এই চার মাসে দুটি মিটিং হয়েছে ফেডারেশনের, আমি ছিলাম। তৃতীয় মিটিংটি কাল (আজ)। জেলা নিয়ে সালাউদ্দিন ভাইয়ের আগ্রহ আছে, উনি বলেছেন এখন জেলার দিকে নজর দেবেন। জেলার জন্য একটা স্পনসর খুঁজছেন বলে জানান মিটিংয়ে। দেখা যাক কী হয়। এখন আপাতত জেলায় বল-টল সাপ্লাই দিচ্ছে ফেডারেশন। কক্সবাজার ছেড়ে আপনি তো দেখছি ঢাকার বাসিন্দা হয়ে যাচ্ছেন। লিগ কমিটি অফিসে পাইওনিয়ার লিগ নিয়ে কাজ করছেন সারা দিনই। অভিজ্ঞতা কেমন?বিজন: পরিবার থাকে কক্সবাজার, আমি শুধু পাইওনিয়ার লিগ নিয়ে কাজ করতেই ঢাকায় আছি। এখানে এক বন্ধুর সঙ্গে থাকছি, মাঝেমধ্যে হোটেলেও থাকি। আসলে যাঁরা আমাকে ভোট দিয়েছেন, তাঁদের সম্মান রাখতেই এই কষ্টটা করছি। খাওয়া-দাওয়া হোটেলেই চলে বেশি। হাজার তিনেক ছেলে এসেছে পাইওনিয়ারে খেলতে। বাছাই করার কাজটা খুব জটিল, আমরা চাইছি, সবকিছু ভালোভাবে করতে।