১৯৭২ সালের ২০ জানুয়ারি চুয়াডাঙ্গা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯৮৪ সালে এটি দ্বিতীয় এবং ১৯৯৫ সালে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। ৩৭ দশমিক ৩৯ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গড়ে ওঠা এই পৌরসভার লোকসংখ্যা এক লাখ ৩১ হাজার ৩১৪ জন (২০০১ সালের আদমশুমারি অনুযায়ী)। বর্তমানে ভোটার সংখ্যা ৫৩ হাজার ২৫৭। এর মধ্যে পুরুষ ২৫ হাজার ৮১৪ এবং নারী ২৭ হাজার ৪৪৩ জন। পৌর এলাকায় মোট হোল্ডিং সংখ্যা ১৩ হাজার ৬৬১। এর মধ্যে কাঁচা এক হাজার ১০২, পাকা ছয় হাজার ৬৩৫ এবং সেমিপাকা পাঁচ হাজার ৯২৪টি। পৌর এলাকায় দুইটি সরকারি ও একটি বেসরকারি কলেজ, দুটি সরকারি এবং সাতটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, ১৫টি সরকারি ও ১৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ১১টি কিন্ডারগার্টেন ও আটটি মাদ্রাসা আছে। পানির সমস্যা প্রকট: চার হাজার ৮৭৭টি বাড়িতে ও ১১০টি বাণিজ্যিক প্রতিষ্ঠানে পানি সরবরাহের জন্য রয়েছে তিনটি ওভারহেড ট্যাংক, ছয়টি পাম্প হাউজ ও ৬৩ কিলোমিটার পানির সঞ্চালন লাইন। এ ছাড়া যেসব এলাকায় সঞ্চালন লাইন পৌঁছায়নি সেখানে রয়েছে এক হাজার ৩৫টি নলকূপ। পৌরবাসীকে পানি সরবরাহের জন্য ১২০ কিলোমিটার সঞ্চালন লাইন প্রয়োজন হলেও আছে ৬৩ কিলোমিটার। আর ৬ নম্বর ওয়ার্ডে পানির সঞ্চালন লাইন এখনো পর্যন্ত স্থাপন করা হয়নি। এ ছাড়া ৭ নম্বর ওয়ার্ডের কুলচারা, দিগড়ী ও সাতগাড়ি গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা যায়নি। ৮ নম্বর ওয়ার্ডের বেলগাছি গ্রামের প্রধান সড়কে পানির প্রধান সঞ্চালন লাইন গেলেও আশপাশের রাস্তায় লাইন স্থাপন সম্ভব না হওয়ায় বেশির ভাগ মানুষ সুবিধাবঞ্চিত। পলাশপাড়ার রানা কাদিরসহ কয়েকজন অভিযোগ করেন, বেশির ভাগ দিনেই পানির চাপ কম থাকে। তা ছাড়া বিদ্যুৎ না থাকলে পানি সরবরাহ বন্ধ থাকে। এদিকে কিছু লোক পৌরসভার নির্দেশনা উপেক্ষা করে লাইনে অবৈধ মোটর লাগিয়ে পানি টেনে নেওয়ায় আশপাশের গ্রাহকেরা প্রয়োজনীয় পানি পাচ্ছেন না। অধিকাংশ সড়কের অবস্থা নাজুক: পৌর এলাকার ২৬৩ কিলোমিটার সড়কের মধ্যে ৯২ কিলোমিটার পাকা, ৭৮ কিলোমিটার আধাপাকা ও ৯৩ কিলোমিটার কাঁচা রাস্তা। পাকা ও আধাপাকা সড়কের মধ্যে বেশকিছু সড়ক খানাখন্দে ভরা। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়ক, হাজরাহাটি স্কুল মোড় থেকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা মহাসড়কের সঙ্গে (পটলা পীরের মোড় পর্যন্ত) সংযোগ সড়ক, কুলচারা সড়ক, বুজরুকগড়গড়ি সড়ক, বেলগাছি ও সুমিরদিয়া সড়ক বিশেষভাবে উল্লেখযোগ্য। হাজরাহাটি গ্রামের পল্লি চিকিৎসক মো. মামুনুর রশিদ বলেন, পৌর কর্তৃপক্ষ মাঝেমধ্যে সড়কের সংস্কার কাজ করলেও তা নিম্নমানের হওয়ায় কয়েক দিনের মাথায় এগুলো আগের অবস্থায় ফিরে যায়। কারণ যখন যে সরকার ক্ষমতায় থাকে, ওই সরকারের দলীয় লোকজন ঠিকাদারি কাজ করে। ফলে কাজের মান নিশ্চিত করা হয় না। পৌরবাসীর দুর্ভোগ থেকেই যায়। যানজটে জান যায়: চুয়াডাঙ্গায় দিনে দিনে যানজট বেড়েই চলেছে। বাস টার্মিনাল থাকা সত্ত্বেও শহরজুড়ে রয়েছে দূরপাল্লা ও আন্তজেলা রুটে চলাচলকারী কোচ ও বাসের অঘোষিত স্ট্যান্ড। দিন-রাত রাস্তাজুড়ে দাঁড়িয়ে থাকে যানবহন। পৌরসভার হিসাব অনুযায়ী অনুমোদিত রিকশার সংখ্যা মাত্র ৬০০ হলেও সেখানে দ্বিগুণেরও বেশি রিকশা চলাচল করে। এ ছাড়া অতি সম্প্র্রতি ইজিবাইক অর্থাৎ ব্যাটারি-চালিত অটোরিকশার চলাচল নতুন সংকট সৃষ্টি করেছে। এসব রিকশা ও অটোরিকশা চালকেরা নিয়মকানুন না জানায় যথেচ্ছা চলাচলের কারণে যানজট লেগেই থাকে। শহরের ফেরিঘাট সড়কে যানজট একটি স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ী বিল্লাল হোসেন জানান, দিনরাতের বেশির ভাগ সময়ই ঘণ্টার পর ঘণ্টা ট্রাক দাঁড় করিয়ে মাল ওঠানো-নামানো করা হয়। পয়োনিষ্কাশন, নালা-নর্দমা ও ডাস্টবিনের সুষ্ঠু ব্যবস্থা নেই: পৌর এলাকায় মাত্র ২১ দশমিক ৫০ কিলোমিটার পাকা এবং ৩১ দশমিক ৭০ কিলোমিটার কাঁচা নালা-নর্দমা (ড্রেন) আছে। অপরিকল্পিত নর্দমা তৈরির কারণে অনেক এলাকায় রাস্তার এক-তৃতীয়াংশ জায়গা চলে গেছে নর্দমার ভেতরে। নর্দমাগুলো অনেক এলাকায় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত কোনো পয়োনিষ্কাশন লাইন স্থাপন না করায় অনেকেই নর্দমার সঙ্গে পায়খানা ও প্রস্রাবখানার সংযোগ দিয়েছে। নর্দমাগুলোর ওপর ঢাকনা নেই। বৃষ্টি হলেই নর্দমা উপচে মলমূত্রে রাস্তা সয়লাব হয়ে যায়। নর্দমা পরিষ্কারের সময় ময়লা তুলে দ্রুত না সরিয়ে দিনের পর দিন রাস্তার ওপর রেখে দেওয়া হয়। আবার যেসব এলাকায় নর্দমা নেই, ওই সব এলাকায় অনেকের বাড়ির নোংরা পানিতে রাস্তা নিমজ্জিত থাকে। পৌর এলাকায় ডাস্টবিন রয়েছে মাত্র ২৪টি, যা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। যেসব এলাকায় ডাস্টবিন নেই, সেখানকার বাসিন্দারা যেখানে-সেখানে ময়লা-আবর্জনার স্তূপ করে রাখে। এতে একদিকে নালা আটকে পানি নিষ্কাশন যেমন বন্ধ হয়, তেমনি খোলা আবর্জনার দুর্গন্ধে পরিবেশ দূষিত হয়। জলাবদ্ধতা: ‘এট্টু দলক (বৃষ্টি) নামলিই ইলাকার বেশির ভাগ রাস্তায় হাঁটুপানি জমে যায়, রোদি শুকাইনো পইযন্ত আমাগের অপেক্ষা করতি হয়। ভোটের আগে সব্বাই কাজের কতা বুললিও কেউ কতা রাকে না।’ এভাবেই দুর্ভোগের কথা তুলে ধরেন পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের হাজরাহাটি গ্রামের হাজি মোড়ের বাসিন্দা আবদুুল খালেক জোয়ার্দ্দার (৮০)। একই গ্রামের মাঝেরপাড়ার বাসিন্দা আবদুুল মোমিন বলেন, ‘সারা গ্রামে কোনো নর্দমা না থাকায় প্রায় বাড়িতে গর্ত করে নোংরা পানি জমা রাখা হয়। বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে সেগুলো রাস্তায় বের করে দেওয়া হয়।’ প্রায় একই ধরনের অভিযোগ করেন একই ওয়ার্ডের তালতলা গ্রামের বাসিন্দা চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিএসসির ছাত্র আমিনুল ইসলাম। তিনি জানান, সামান্য বৃষ্টিতেই গ্রামের গাজনতলার মোড়সহ বেশির ভাগ এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। শুধু ৬ নম্বর ওয়ার্ডেই নয়, পৌরসভার প্রতিটি ওয়ার্ডেই কমবেশি জলাবদ্ধতা রয়েছে। বিনোদনের ব্যবস্থা নেই: পৌর এলাকার নাগরিকদের বিনোদনের জন্য পৌরসভার উদ্যোগে এ পর্যন্ত কোনো বিনোদনকেন্দ্র গড়ে ওঠেনি। মাথাভাঙ্গা নদীর তীরে গড়ে তোলা পুলিশের উদ্যোগে তৈরি পুলিশ পার্ক এবং বেসরকারি উদ্যোগে তৈরি শিশু স্বর্গ বিনোদনের জায়গা হিসেবে ব্যবহার করে তারা। ১৯৮৩ সালে সদর থানা এলাকায় শিশুপার্কের কাজ শুরু হলেও মহকুমা থেকে জেলায় উন্নীত হওয়ার পর এ কাজ বন্ধ হয়ে যায়। বর্তমান পৌর পরিষদ একই স্থানে নতুন করে পার্ক নির্মাণের জন্য ১০ লাখ টাকা ব্যয়ে উন্নয়নের কাজ শুরু করে। কিন্তু সাবেক পৌর চেয়ারম্যান প্রয়াত একরামুল হক জোয়ার্দ্দারের পরিবার পার্কের জায়গাটি তাঁদের নিজস্ব বলে মালিকানা দাবি করায় বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। এমতাবস্থায় পার্কের ভবিষ্যৎ কী হবে তা স্পষ্ট নয়।মেয়রের বক্তব্য: চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, সরকার বার্ষিক যে বরাদ্দ দেয়, তা দিয়ে মাত্র এক কিলোমিটার পাকা রাস্তা করা সম্ভব। পুরো উন্নয়ন নির্ভর করে এডিবি ও বিশ্ব ব্যাংকসহ দাতা সংস্থার সাহায্যের ওপর। তার পরও আমার আমলে সাড়ে আট কিলোমিটার পানির সঞ্চালন লাইন ও দুটি পাম্প স্থাপন করা হয়েছে। যেখানে এখনো পানির সঞ্চালন লাইন পৌঁছেনি, সেখানে নামমাত্র খরচে নলকূপ বসিয়ে দেওয়া হচ্ছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে শিগগিরই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, চারটি পানির পাম্প ও ২০ কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপন করা হবে। পৌরসভার পুরোনো ভবন ভেঙে একটি অত্যাধুনিক ৬০০ আসনবিশিষ্ট কমিউনিটি সেন্টারের নির্মাণকাজ চলতি অর্থবছরে শুরু হবে। প্রতি মাসের ২ তারিখে সব কর্মকর্তা ও কর্মচারীর বেতন-ভাতা পরিশোধ করা হয়। পৌরসভার নিজস্ব তহবিল থেকে ৪৫ লাখ টাকা খরচে ফ্ল্যাট সোলিং ও ছোট ছোট ড্রেনের কাজ করা হয়েছে। তা ছাড়া ৬০ লাখ টাক খরচ করে পৌর ট্রাক টার্মিনালের জন্য জায়গা কেনা হয়েছে। বিএমডিএফের অর্থায়নে শিগগিরই ট্রাক টার্মিনালের কাজ শুরু হবে। শহরে কোর্টপাড়া, জোলপাড়া, টাউন মাঠ এলাকাসহ গুরুত্বপূর্ণ এলাকায় শিগগিরই মাস্টার ড্রেন নির্মাণের কাজ শুরু হবে। সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দারের সঙ্গে সমন্বয় করে শিগগিরই শহীদ হাসান চত্বরে অর্ধকোটি টাকা ব্যয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য স্থাপন করা হবে। তা ছাড়া বর্তমানে নামস্মৃতি ফলক থেকে শহীদ হাসান চত্বরের বটগাছ পর্যন্ত এলাকাকে বেষ্টনী দিয়ে এর মাঝে মুক্তমঞ্চ তৈরি করা হবে। চলতি বছরের ডিসেম্বর থেকেই শহরের শহীদ হাসান চত্বর থেকে মামুন ফিলিং স্টেশন পর্যন্ত সড়ক সম্প্রসারণ ও রোড ডিভাইটার তৈরির কাজ শুরু হবে। ইতিমধ্যে শহরের সৌন্দর্য বৃদ্ধিকরণে প্রধান সড়কের মাঝ থেকে বৈদ্যুতিক খুঁটি অপসারণ করা হয়েছে। চিত্তবিনোদনের জন্য পার্ক নির্মাণের কাজ শুরু হয়েছিল, কিন্তু পার্কের জায়গার নতুন মালিকানা দাবি ওঠায় স্থগিত রাখা হয়েছে। শিগগিরই বিষয়টির সমাধান হবে। নিচের বাজারকে মডেল বাজারে উন্নীতকরণসহ আরও একটি মার্কেট সেখানে তৈরির কাজ শুরু হবে। ২১ শহর প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গায় বেশ কিছু সড়কের সংস্কার কাজও চলতি অর্থবছরে শুরু করা হবে। চুয়াডাঙ্গায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে স্থানীয় বিদ্যুৎ কার্যালয় চত্বরে বেসরকারি উদ্যোগে একটি ১০ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্ট স্থাপনের জন্য একটি নামকরা প্রতিষ্ঠানের সহযোগিতা চাওয়া হয়েছে। সেখান থেকে সবুজ সংকেতও মিলেছে। বিষয়টি প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় আছে। আসা করা যায় শিগগিরই ওই অনুমোদনও মিলবে। পৌরসভার অনুমোদিত রিকশার সংখ্যা মাত্র ৬০০। কিন্তু তার চেয়ে তিনগুণ বেশি চলে। চেষ্টা করা হচ্ছে অবৈধ রিকশা নিয়ন্ত্রণের। অতি সম্প্রতি ইজিবাইক চলাচলের বিষয়ে পৌরসভা থেকে অনুমোদন দেওয়া হচ্ছে। যাত্রীদের জানমালের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে এটা করা হয়েছে।