‘ভ্যান রিকশাত চরি গেইলে প্যাটোত বিষ ধরে’
‘বছরের পর বছর ধরি হামার এই রাস্তা ভাঙা। রিকশা ভ্যান, সাইকেলোত করি চলাফেরা করা যায় না। কয়েক হাত পরপর ভাঙা। আবার অনেক জায়গাত বড় বড় গর্ত। রাইতের অন্ধকারোত চলাফেরা করা আরও কষ্ট।’ কথাগুলো বলছিলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়নের ভিউ শহর গ্রামের দিনমজুর আবুল কালাম। ওই সড়ক দিয়ে যেতে যেসব এলাকার মানুষের দুর্ভোগ পোহাতে হয় সেসব এলাকা হলো শরিফপুর, পন্নাতপুর, মিলকি, মাইকোর, হরিপুর। এসব এলাকায় প্রায় ২০ হাজার পরিবারের বাস রয়েছে বলে উপজেলার চৈত্রকোল ইউনিয়ন সূত্র জানিয়েছে। এ সড়কটি গুরুত্বপূর্ণ। এই এলাকার প্রধান ফসল ধান। বড় বড় চাতাল রয়েছে এখানে। এ ছাড়া সবজির জন্যও এলাকাটি বিখ্যাত। কিন্তু এসব মালামাল ট্রাকে করে নিয়ে যাওয়া বেশ কষ্টকর বলে এলাকাবাসী অভিযোগ করে। এই সড়ক দিয়ে চলাচলকারী পন্নাতপুরের ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, ‘ইউনিয়নের চেয়ারম্যানকে হামার এই রাস্তা ভালো করার জন্য কতবার যে তাগাদা দিছি, তার কোনো হিসাব নাই। কিন্তু রাস্তা আর ভালো হয় না।’ শরিফপুর গ্রামের শিক্ষক জমসের আলী বলেন, ‘খালি ভোটের আগোত রাস্তা ভালো করার চিন্তা আইসে। আবার যখন ভোট আসবে, তখন মনে হয় এই রাস্তা ভালো হইবে।’ হরিপুর গ্রামের গৃহিণী মনজেরা বেগম বলেন, ‘ভ্যান কিংবা রিকাশাত চরি গেইলে প্যাটোত তো বিষ ধরে।’ সরেজমিন দেখা গেছে, জেলার পীরগঞ্জ উপজেলার বড়দরগা থেকে হরিপুর পর্যন্ত ১০ কিলোমিটার দীর্ঘ সড়কটির দশা বেহাল। অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে গেছে। বেশ কয়েকটি জায়গায় খানাখন্দ সৃষ্টি হয়েছে। যেকোনো যানবাহন দিয়ে চলাচল করাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।এ ব্যাপারে চৈত্রকোল ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, ‘আমি তো চেষ্টা করেছি এই সড়কটি সংস্কারের জন্য। কিন্তু সরকারের পক্ষ থেকে তহবিল না থাকায় ইচ্ছে থাকা সত্ত্বেও তা সংস্কার করা সম্ভব হয়নি।’ উপজেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, অনেক সড়ক সংস্কার করা হলেও এটি করা হয়নি। এর প্রধান কারণ হলো অর্থের সংকট।