‘ভয় না দেখিয়ে সমস্যার সমাধান দিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে গৃহায়ণের ওপর প্রভাব শীর্ষক এক আলোচনা সভায় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেন, বিভিন্ন কর্মশালায় জলবায়ুর নেতিবাচক প্রভাব নিয়ে সমস্যার কথা বলে মানুষকে ভীতসন্ত্রস্ত করে তোলা হয়। মানুষকে ভয় না দেখিয়ে বরং সমস্যার সমাধান দিতে তিনি উপস্থিত বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানান। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।তিনি বলেন, ‘বিজ্ঞানীরা ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে না কেন? গরু-ছাগল কীভাবে টের পায় ভূমিকম্প হবে? মানুষ সৃষ্টির সেরা জীব। বিজ্ঞানীরা মানুষ, তাহলে তারা কেন এ পূর্বাভাস দিতে পারে না। আসলে এদিকে মানুষের মনোযোগ কমে গেছে। মানুষের মনোযোগ এখন অন্যদিকে।’বিশেষজ্ঞদের বরাত দিয়ে মান্নান খান বলেন, আগামী ১০০ বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১০০ সেন্টিমিটার বাড়বে। এতে বাংলাদেশের ১৬-১৭ শতাংশ এলাকা ডুবে যাবে। দুই কোটি মানুষ গৃহহীন হয়ে পড়বে। জলবায়ুর এই নেতিবাচক প্রভাবের জন্য যারা দায়ী, যারা বায়ুমণ্ডলকে দূষিত করছে, সর্বোপরি পরিবেশ বিপর্যয়ের কারণ যারা, তারা রেহাই পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানের প্রধান অতিথি আবদুল মান্নান বলেন, যেভাবে অপরিকল্পিতভাবে আবাসন হচ্ছে, তাতে দেশে চাষযোগ্য কোনো জমি থাকবে না। জনসংখ্যা যেভাবে বাড়ছে তাতে খাদ্য পাওয়া যাবে না। না খেয়ে মানুষকে মরতে হবে। পায়ের তলায় পিষ্ট হয়ে মারা যাবে মানুষ। ‘আমরা আমাদের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি, আকাশের সীমা নেই। তাই ইমারত নির্মাণে উঁচু করার দিকে অগ্রাধিকার দেওয়া হবে। জমি দখল করতে দেওয়া হবে না।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব খন্দকার শওকত হোসেন।