‘ভয়ে ওমরা এলাকাত আইসেনা’
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী বাজার থেকে কাশিয়াবাড়ী পর্যন্ত কাঁচা সড়কটির দৈর্ঘ্য প্রায় নয় কিলোমিটার। এটি হাড়িয়ারকুঠি ও ইকরচালী ইউনিয়নের সঙ্গে তারাগঞ্জ সদরের সংযোগ সড়ক। গত বছর বন্যায় সড়কটির ১৫০ মিটার জায়গা যমুনেশ্বরী নদীর গর্ভে বিলীন হয়েছে। এরপর আর ওই ভাঙা অংশে মাটি ভরাট না করায় ২০টি গ্রামের সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।স্থানীয় লোকজন জানান, নয় কিলোমিটার দীর্ঘ এ সড়ক দিয়ে দুটি ইউনিয়নের শত শত মানুষ, রিকশা, ভ্যান, মোটরসাইকেল ও মাইক্রোবাস যাতায়াত করত। কিন্তু ২০০৯ সালের ভাঙনে সড়কটির কুমারপাড়ার কাছে ১৫০ মিটার নদীগর্ভে বিলীন হয়। ফলে ইউনিয়ন দুটির ২৫ হাজারেরও বেশি মানুষ দুর্ভোগে পড়েছে। নয় কিলোমিটারের পরিবর্তে ১৫ কিলোমিটার রাস্তা ঘুরে এখন তাদের উপজেলা সদরে যাতায়াত করতে হচ্ছে।উজিয়াল গ্রামের গৃহবধূ আয়েশা খাতুন (২৬) বলেন, ‘ভাইজান, যদি রাইতত কায়ও বাড়িত মরিও যায়, তাও রোগী মেডিকেলত নেওয়া মুশকিল। রাস্তার কোনা ভাঙার জন্য কোনো রিকশা-ভ্যান পাওয়া যায় না।’ শাহপাড়া গ্রামের কৃষক আশরাফ আলী (৪৫) বলেন, ‘হামার এলাকার চেয়ারম্যান-মেম্বার হইল আলাই আন্দারি। হামার দুঃখ-কষ্ট ওমরা চৌখে পড়ে না। রাস্তার কোনার ভাঙাত মাটি দিবার ভয়ে ওমরা এলাকাত আইসে না। বাড়িত যায়া ভাঙা কোনাত মাটি দিবার কথা কইলেও গুরুত্ব দেয় না।’মেনানগর গ্রামের আফজাল হোসেন (৫০) বলেন, ‘হামার দাম হয় ভোটের সময়। সবায় তখন হামার ঘরবাড়ি ও রাস্তাঘাট পাকা করি দিবার চায়। কিন্তু এলা ফির রাস্তা কোনায় কায়ও ঠিক করিবার না পায়। রাস্তার ভাঙা কোনাত মাটি না দেওয়ায় হামার হইছে দুর্গতি।’হাড়িয়ারকুঠি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেকেন্দার আলী বলেন, রাস্তাটি গুরুত্বপূর্ণ। দুই ইউনিয়নের ২০টি গ্রামের মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করত। কিন্তু ইউনিয়ন পরিষদে অর্থ না থাকায় এর ভাঙা অংশে মাটি ভরাট করা সম্ভব হয়নি।ইকরচালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমেনা খাতুন জানান, রাস্তার ভাঙা অংশে মাটি ভরাটের বিষয়ে উপজেলা সমন্বয় কমিটিতে আলোচনা হয়েছে। চলতি বছরেই টিআর (কাবিখা) প্রকল্পের অধীনে মাটি ভরাট করা হবে।তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী দুলাল বলেন, ‘এলাকার লোকজন তাঁদের সমস্যার কথা আমাকে বলেছেন। রাস্তার ভাঙা অংশে মাটি ভরাটের জন্য পরিকল্পনা করা হচ্ছে।’উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান জানান, বিষয়টি তাঁর জানা না থাকায় ওই স্থানে মাটি ভরাট করা হয়নি। আগামী বছরে তা করা হবে।