‘ভয়োত মুই গরুর গোসতো খাওয়াই বাদ দিছু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খিয়ার জুম্মা গ্রামের গৃহস্থ আমজাদ হোসেন। তাঁর পরিবারের সবার প্রিয় খাবার ছিল গরুর মাংস। কিন্তু ইদানীং তাঁরা সবাই গরুর মাংস খাওয়াই ছেড়ে দিয়েছেন। গৃহকর্তা আমজাদ হোসেন বলেন, ‘কিবা একখ্যান য়োগ (রোগ) ব্যারাইছে ভয়োত গরুর গোসতো খাওয়া বাদ দিছু।’ অ্যানথ্রাক্স-আতঙ্কে আতঙ্কিত তাঁরা। শুধু আমজাদ হোসেনের পরিবারই নয়। সৈয়দপুরসহ এ জনপদে তড়কা রোগ (অ্যানথ্রাক্স) ছড়িয়ে পড়ায় বহু পরিবারেই গরুর মাংস নিয়ে এ রকম ভীতি ছড়িয়ে পড়েছে। এর মধ্যে আবার উপজেলায় গত সপ্তাহে পাঁচটি গরুর মৃত্যুর সংবাদে সেই আতঙ্ক চরমে পৌঁছায়। উপজেলার শহর ও হাট-বাজারে সম্প্রতি গরুর মাংস বিক্রি ৭৫ শতাংশ কমে গেছে বলে মাংস বিক্রেতাদের সূত্রে জানা গেছে। সূত্রটি জানায়, আতঙ্ক ছড়িয়ে পড়ার আগে সৈয়দপুর পৌরসভায় প্রতিদিন শতাধিক গরু জবাই হতো। সরেজমিনে দেখা গেছে, শহরসংলগ্ন চৌমুহনী, কামারপুকুর, সোনাপুকুর বাজারসহ পোড়ারহাট, চওড়াবাজার, হাজারীহাট ও বেনীরহাটে গরু জবাই কমে গেছে। যেখানে প্রতিদিন গড়ে সৈয়দপুর পৌরসভার কিলখানায় প্রায় ১০০ গরু জবাই হতো, সেখানে জবাই হচ্ছে মাত্র ২০ থেকে ২৫টি। খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি সৈয়দপুর বিমানবন্দর পাড়ায় নবী আলম মণ্ডলের একটি গরু মারা যায়। গরুর মালিক তাৎক্ষণিকভাবে গ্রামের পশু চিকিৎসকের পরামর্শে মৃত গরুটি গভীর গর্ত খুঁড়ে পুঁতে ফেলেন। এ ছাড়া বোতলাগাড়ী ইউনিয়নের তেলিপাড়ার রাজ্জাক হোসেনের দুটি ও বসুনিয়াপাড়ার মালেক প্রামাণিকের দুটি গরু মারা গেছে। এ ব্যাপারে উপজেলা পশুসম্পদ কর্মকর্তাকে খবর দেওয়া হলে মৃত গরুর নমুনা সংগ্রহ করে তা ল্যাবরেটরি টেস্টে পাঠানো হয়। টেস্টের প্রতিবেদনে মৃত্যুর কারণ তড়কা রোগ নয় বলে জানানো হয়। তবে গরুর মালিকেরা মনে করেন, তড়কা রোগেই তাঁদের গরু মারা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক পশুসম্পদ বিভাগের একজন কর্মী বলেন, তড়কা রোগ যুগ যুগ ধরেই আছে। এতে গরু মারা যায় না। ওই কর্মী আরও জানান, রোগাক্রান্ত হওয়ার আগে পশুকে যদি ভ্যাকসিন দেওয়া হয়, তাহলে ভয়ের কিছু থাকে না। কিন্তু পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ না থাকায় প্রতিদিনই শত শত গরুর মালিক সৈয়দপুর পশু হাসপাতালে এসে ফিরে যাচ্ছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হুদা অ্যানথ্রাক্স-ভীতিকে উড়িয়ে দিয়ে বলেন, ‘কোনো ভয় নেই। আমরা পৌরসভার কিলখানায় চারজন পশু চিকিৎসককে দায়িত্বে রেখেছি। প্রতিটি পশু জবাইয়ের আগে ডাক্তারি পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এখন পর্যন্ত কোনো গরুর দেহে অ্যানথ্রাক্সের জীবাণু শনাক্ত করা যায়নি। সৈয়দপুর বাজারের মাংস বিক্রেতা মোহাম্মদ নাদিম জানান, আগে যেখানে প্রতিদিন দুটি গরুর মাংস বিক্রি করতেন, এখন সেখানে একটিও হচ্ছে না। ফলে কসাইদের মাথায় হাত পড়েছে। এদিকে শহরে অ্যানথ্রাক্স-আতঙ্ক থাকলেও যত্রতত্র পশু জবাই বন্ধ হয়নি। যেসব দোকানে মাংস বিক্রি হচ্ছে, সেগুলো থেকে পশুর বর্জ্য ফেলা হচ্ছে যেখানে-সেখানে। এ নিয়ে পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগের তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। সৈয়দপুর পৌরসভার মেয়র আখতার হোসেন অবশ্য দাবি করেন, পরিচ্ছন্নতাকর্মীদের এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। সে অনুযায়ী পৌর এলাকায় পরিচ্ছন্ন কার্যক্রম চালানো হচ্ছে।