‘মন পড়ে থাকত মেয়ের কাছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলে নেমে সোনা জেতা একসময় অভ্যাস বানিয়ে ফেলেছিলেন সবুরা খাতুন। কিন্তু তাতে ছেদ পড়ে গত দুই বছর। এই সময় কোলজুড়ে এসেছে মেয়ে শায়লা। সেই সময়টা পেছনে ফেলে কুষ্টিয়ার আমলার এই সাঁতারু এবার অংশ নিচ্ছেন কাল শুরু হওয়া ২৬তম জাতীয় সাঁতারে। ফিরে পেতে চান নিজের সেরা সময় দুই বছর পর পানিতে নামলেন। কিন্তু মুখ শুকনো কেন? সবুরা খাতুন: ভালো লাগত যদি আজ অন্তত একটা সোনা জিততে পারতাম। কিন্তু হলো না। আরও কিছুদিন প্র্যাকটিসের জন্য সময় পেলে এর চেয়েও ভালো হতো।  এত দিন পানিতে নামেননি। নিশ্চয়ই খুব খারাপ লাগত?সবুরা: খারাপ তো লাগতই। বেশি খারাপ লাগত এই ভেবে, আমি একটুও প্র্যাকটিস করতে পারছি না। মেয়ের জন্যই মূলত এবার সেভাবে অনুশীলন করতে পারিনি। মেয়ের হঠাৎই ঠান্ডা লেগেছে। ওকে রেখে প্র্যাকটিসে যেতে পারতাম না নিয়মিত। যখন যেতাম, ওর দাদির কাছে রেখে যেতাম। প্র্যাকটিস করতাম ঠিকই। কিন্তু মন পড়ে থাকত মেয়ের কাছে। শুধু ভয় লাগত, মেয়ের যদি কিছু হয়।  আপনি পানিতে নামলেই রেকর্ডের ছড়াছড়ি ছিল। কিন্তু এবার তো সেভাবে কারোরই রেকর্ডই হচ্ছে না... সবুরা: আমাদের সাঁতার এখনো এগোতে পারেনি। সুইমিং ফেডারেশন কিংবা অলিম্পিকের কথা বলুন, কেউই ভালোমতো ক্যাম্প ডাকে না। দীর্ঘদিন সাঁতারুদের ট্রেনিং করালে, বাইরে পাঠালে তবেই না ভালো টাইমিং ও ভালো রেজাল্ট আশা করা যাবে।  আপনার শ্বশুরবাড়ি থেকে কেমন সহযোগিতা করে? সবুরা: আমাকে কেউ বাধা দেয় না, বরং উৎসাহ দেয়। যদিও আমার স্বামী শরিফুল ইসলাম এবার বলেছিল, তোমার খেলার দরকার নেই। কিন্তু আমি বলেছি যে আমি খেলবই।  অনেক দিন সাঁতার ছেড়ে দূরে ছিলেন। ওই সময়ে কী করতেন?সবুরা: বাড়িতে টুকটাক কাজ করতাম। টিভি দেখতাম, গান শুনতাম। আর মেয়ে নিয়ে ব্যস্ত থাকতাম।  ১৯৯৫ সালে আপনার শুরু। দুই বছর পর এখন নতুন করে ফিরলেন। ভবিষ্যতের পরিকল্পনা কী?সবুরা: ইচ্ছে করে আবার সেই আগের সবুরা হয়ে ফিরে আসি। আবারও এসএ গেমসের ক্যাম্পে ফিরতে চাই। চেষ্টা করব আগে যেমন ছিলাম, ঠিক সে রকম পারফরম্যান্স দেখাতে। আমি এর আগেও অনেকবার অনেক বাধা অতিক্রম করে এসেছি। এবারও পারব ইনশা আল্লাহ। তবে এ জন্য অনেক কঠোর পরিশ্রম করা দরকার।  এসএ গেমসের ক্যাম্প চলছে ঢিমেতালে। এভাবে চললে আগামী এসএ গেমসে কি পদক ধরে রাখা সম্ভব?সবুরা: ট্রেনিং না করলে কখনোই পদক ধরে রাখা সম্ভব হবে না। এটা অসম্ভব। গত এস এ গেমসে ছিলেন কোরিয়ান কোচ পার্ক তে গুন। উনার অভাব নিশ্চয় অনুভব করেন।সবুরা: হ্যাঁ। উনি অনেক ভালো মানের কোচ ছিলেন। ফেডারেশন তাঁকে রাখতে পারল না। উনি থাকলে আমাদের রেজাল্ট আরও ভালো হতো।  আপনি তো আনসারের সাঁতারু। তা চাকরি কেমন চলছে?সবুরা: চাকরি চলছে, তবে আমি ২০০৯-১০ সালের রেকর্ড গড়ার জন্য একটি টাকাও পাইনি। সর্বশেষ ২০১০-এ রেকর্ড গড়ে ৯টা সোনা ও ২টা রুপা পাই। রেকর্ডসহ প্রতিটি সোনার জন্য ১৪ হাজার করে টাকা দেওয়ার কথা। আমাদের সবার আশা থাকে একটা ভালো পারফর্ম করার। এরপর পুরস্কার হিসেবে আনসার থেকে টাকা পাব। এই টাকা দিয়েই আমাদের সংসার চলে। আনসারের কাছে আমার আবেদন, যারা খেলছে তাদের টাকা যেন দিয়ে দেন উনারা। তাহলে আমরা আরও উৎসাহ পাব।