‘মনটা পড়ে থাকবে ঢাকায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুর্নামেন্টটা এশিয়ান টেনিস ফেডারেশনের। কিন্তু এতে খেলেছে আমেরিকার মোজেস এসকোবার। বাবার কর্মসূত্রে সৌদি আরবে থাকছে সাড়ে তিন বছর ধরে। এ কারণেই সুযোগ পেয়েছে কাল রমনায় শেষ হওয়া এটিএফ অনূর্ধ্ব-১৪ টেনিসে। মাকে পাশে বসিয়ে ৫ ফুট ৯ ইঞ্চি লম্বা কিশোর বলল তার উঠে আসার গল্প তুমি তো আমেরিকান। তা এশিয়ার টুর্নামেন্টে কীভাবে খেলছ?মোজেস এসকোবার: আমরা এক অর্থে এশিয়ান হয়ে গেছি (হাসি)। সাড়ে তিন বছর ধরে আছি সৌদি আরবের দাহরান শহরে। এশিয়ায় বসবাস করলে অন্য মহাদেশের হলেও এশিয়ান টুর্নামেন্টে খেলা যায়।  এই টুর্নামেন্টে তোমার ফলাফল কেমন হয়েছে?এসকোবার: এককে তৃতীয়। দ্বৈতে চ্যাম্পিয়ন। আশা ছিল এককে চ্যাম্পিয়ন হব। কিন্তু পারলাম না। ইটস ওকে। সৌদি আরবে আরও কত দিন থাকতে হবে তোমাদের?এসকোবার: তা আরও বছর পাঁচেক মনে হচ্ছে। বাবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো, তাঁর চাকরি ওখানে। সৌদি আরবের জীবনটা আমার খারাপ লাগে না। আমরা যে কম্পাউন্ডে থাকি সেখানে টেনিস কোর্ট আছে। সপ্তাহে চার দিন অনুশীলন। আমার নিজের কোচ আছে। দাহরান মিডল স্কুলে ক্লাস নাইনে পড়ি। এশিয়ান অনূর্ধ্ব-১৪ বিভাগে তোমার র‌্যাঙ্কিং নাকি ৮। তা সামনে নিশ্চয়ই আরও ভালো করতে চাও?এসকোবার: অবশ্যই ভালো করতে চাই। কিন্তু খুব কঠিন র‌্যাঙ্কিংয়ে আরও ভালো করা। তবে আমি চেষ্টা করছি। বার্সেলোনা, ইংল্যান্ড-হল্যান্ডসহ আরও কয়েকটা জায়গায় প্রশিক্ষণ নিয়েছি। আমেরিকায় আমাদের বাসা হিউস্টনে। সেখানেও প্র্যাকটিস করেছি। এত খেলা থাকতে তুমি টেনিস বেছে নিলে কেন?এসকোবার: কারণ, বাবা টেনিস পছন্দ করেন। তিনি চান আমি টেনিস খেলি। আমার ১২ বছরের ছোট ভাইটাও টেনিস খেলে। আমাদের তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোটটাও (৪ বছর) টেনিসই খেলবে মনে হয়...(হাসি)। এখনকার টেনিস তারকাদের মধ্যে কাকে তোমার বেশি পছন্দ?এসকোবার: অ্যান্ডি মারে। তাঁকে আমার খুব ভালো লাগে। জানি না কেন। রাফায়েল নাদালকেও পছন্দ। তবে মারেকে বেশি।  টেনিস ছাড়া আর কোনো খেলা ভালো লাগে?এসকোবার: ভলিবল ভালো লাগে। মাঝেমধ্যে খেলিও। আমেরিকায় বেসবল, রাগবি খুব জনপ্রিয়। তবে আমার ভালো লাগে না। আমি আবার রানিংয়ে ভালো। এবার দাহরানে একটা স্কুল প্রতিযোগিতায় ৮০০ মিটারে প্রথম হয়েছি।  তোমার মা বলছিল, তুমি নাকি লেখাপড়ায়ও খুব ভালো। তা টেনিস খেললে লেখাপড়ার ক্ষতি হয় না?এসকোবার: হ্যাঁ, লেখাপড়ায় ছোটবেলা থেকেই ক্লাসে ভালো করে আসছি। পাশাপাশি ৫ বছর বয়স থেকে টেনিস কোর্টে আমার নিয়মিত যাতায়াত। তবে এখন একটা সমস্যা হচ্ছে, আমি আসলে পেশাদার টেনিস খেলোয়াড় হব, নাকি লেখাপড়ায় ক্যারিয়ার গড়ব, এই সিদ্ধান্তটা নিতে পারছেন না মা-বাবা।  বাংলাদেশে প্রথম এসেছ। কেমন লাগছে?এসকোবার: দারুণ লাগছে। এখানকার মানুষ খুব আদর-যত্ন করছে আমাদের। ঢাকার চিকেন বিরিয়ানি পছন্দ হয়েছে খুব। কাল সকালে (আজ) সৌদি আরবে ফিরে যাচ্ছি আমরা, আমার মনটা পড়ে থাকবে ঢাকায়। গত কটা দিন মা আর আমি খুব ভালো সময় কাটিয়েছি এখানে।