‘মনমোহনের মন্তব্য বাংলাদেশ নিয়ে তাঁর মূল্যায়ন নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে উদ্ধৃত করে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত মন্তব্যটি বাংলাদেশ সম্পর্কে তাঁর কোনো ধরনের মূল্যায়ন নয় বলে মন্তব্য করেছেন সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষ্ণু প্রকাশ।বাংলাদেশে জামায়াতে ইসলামীর প্রতি জনসমর্থনের মাত্রা এবং তাদের কথিত ভারতবিরোধিতা নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার বিষ্ণু প্রকাশ এক বিবৃতিতে এ ব্যাখ্যা দিলেন।এদিকে মনমোহন সিংয়ের মন্তব্যকে ঘিরে দুই দেশে প্রতিক্রিয়া সৃষ্টির পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট থেকে ৩০ ঘণ্টা পর ওই বক্তব্য প্রত্যাহার করা হয়েছে।ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে বলা হয়, গত ২৯ জুন সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের সময় মনমোহন সিং বলেন, ‘বাংলাদেশের ২৫ শতাংশ মানুষ জামায়াতের সমর্থক এবং তারা প্রচণ্ড রকম ভারতবিদ্বেষী। তাদের ঘিরে বিভিন্ন সময়ে আইএসআই নানা রকম চক্রান্ত করছে। কাজেই যেকোনো সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যেতে পারে।’একই সঙ্গে তখন মনমোহন দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক থাকার কথাও বলেন।আমাদের নয়াদিল্লি প্রতিনিধি জানান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে বিশ্বাস করে না ভারত। এ প্রসঙ্গে বিষ্ণু প্রকাশ বলেন, ভারত গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার স্থিতিশীল থাকুক, এ নীতি সমর্থন করে এবং কোনো সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল।ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘দিল্লিতে সম্পাদকদের সঙ্গে প্রধানমন্ত্রীর অফ দ্য রেকর্ড (প্রকাশের জন্য নয়) আলোচনায় তাঁকে উদ্ধৃত করে প্রতিবেদন আমাদের নজরে এসেছে। আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই, প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে যা ছাপা হয়েছে, সেটি কোনোভাবেই বাংলাদেশ সম্পর্কে তাঁর মূল্যায়ন নয়।’বিষ্ণু প্রকাশ আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ভারতের জনগণের বাংলাদেশের প্রতি বিশেষ সহমর্মিতা রয়েছে। আর বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকে ভারত। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে ভারত-বাংলাদেশ সম্পর্ক বিশেষ পর্যায়ে পৌঁছেছে। এ প্রেক্ষাপটে ঢাকা সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা। বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত বদ্ধপরিকর।’দিল্লির কূটনৈতিক সূত্রগুলো মনে করে, গত ২৯ জুনের বৈঠকে সম্পাদকদের সঙ্গে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ‘অফ দ্য রেকর্ড’ আলোচনার বাংলাদেশ প্রসঙ্গ সভার বিবরণীতে রেখে দেওয়ায় বিতর্কের সূচনা হয়। পাকিস্তান ও চীনের প্রসঙ্গগুলো ওই বিবরণী থেকে বাদ দেওয়া হয়। দিল্লির সূত্র বলছে, ‘নেহাত কথা প্রসঙ্গেই’ বাংলাদেশ প্রসঙ্গে ওই মন্তব্যগুলো করা হয়। কিন্তু ওয়েবসাইটে ওই বক্তব্য প্রকাশের পর এমন একটা সময় অহেতুক জটিলতা সৃষ্টি হয়, যখন দুই প্রতিবেশী দেশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে।এদিকে মনমোহন সিংয়ের মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘তাঁর বক্তব্য সঠিকভাবে প্রকাশিত হয়েছে কি না, তা জানি না। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে খোঁজ নেবে। এরপর সরকারিভাবে জবাব দেওয়া হবে।’