‘মনে একটা জেদ ছিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের জন্য চার গোল হয়তো খুব বড় কিছু নয়। তবে ব্যক্তির জন্য দুর্দান্ত ঘটনা। এবারের বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে সবার আগে এ কাজটা করলেন ওটোফে লাকি পল। আবাহনীর নাইজেরিয়ান স্ট্রাইকার কাল ফেনী সকারের জালে গোল-উৎসব করে জানালেন, এটিই তাঁর ক্যারিয়ারে প্রথম চার গোল আপনি তো একেবারে মাতিয়ে দিয়েছেন। আবাহনীর সমর্থকেরা আপনার সঙ্গে ছবি তুলেছে। অনুভূতি কেমন?ওটোফে লাকি পল: অসাধারণ লাগছে। আজ মাঠেই এসেছিলাম হ্যাটট্রিক করার লক্ষ্য নিয়ে। চার গোল পেয়ে গেলাম। সবই ঈশ্বরের কৃপা। তিনি আমার আশা পূরণ করেছেন। খুবই ঈশ্বরভক্ত আপনি?পল: হ্যাঁ, আমি সারাক্ষণই ঈশ্বরকে স্মরণ করি। আমি মনে করি, তাঁর দয়া ছাড়া কিছুই করা সম্ভব নয়। তাই যা কিছুই করি না কেন সব কৃতিত্বই দিই ঈশ্বরকে। আপনি বলছিলেন, মাঠে এসেছেন হ্যাটট্রিক করার লক্ষ্য নিয়ে। বিশেষ কোনো কারণ ছিল?পল: প্রতি ম্যাচেই হ্যাটট্রিক করতে চাই। তবে সেটা তো আর সম্ভব নয়। আজ বিশেষ একটা কারণ ছিল। এই ফেনী সকারের বিপক্ষে ফেডারেশন কাপে আমি খেলার সুযোগ পাইনি। কোচ সকালবেলা বলেছিলেন, আজ তুমি ড্রপড। ভীষণ কষ্ট পেয়েছিলাম। সেই থেকে মনে একটা জেদ ছিল। কারণ, এ দেশে আমি এসেছি প্রতিটি ম্যাচ খেলার আশা নিয়ে। একটা ম্যাচ না খেলতে পারলে খুব খারাপ লাগে। এখন পর্যন্ত লিগে আবাহনীর খেলা ৯ ম্যাচের আটটিই খেলেছেন। সুযোগ তো পাচ্ছেন এবং আজ চার গোল করে গোলদাতা তালিকায় সবার ওপরে...পল: হ্যাঁ, সুযোগ পাচ্ছি। এবং গোলও করছি। সর্বোচ্চ গোলদাতা হওয়া একজন স্ট্রাইকারের স্বপ্ন। আমিও স্বপ্ন দেখি। ক্যারিয়ারে এই প্রথম আমি ৪ গোল করলাম। আপনার ক্যারিয়ারের তো সূচনাপর্ব চলছে। বাংলাদেশে প্রথম মৌসুম। এর আগে কোথায় খেলেছেন?পল: আমার বয়স এখন ২২। ক্যারিয়ার ৩-৪ বছরের। এর আগে নাইজেরিয়ায় খেলেছি। সাইপ্রাসে একটা মৌসুমের অর্ধেক সময় খেলেছি। সেটা খুব বলার মতো কিছু নয়। তারপরই বাংলাদেশে আসা।  বাংলাদেশের এই পেশাদার লিগ, আবাহনী ক্লাব—সবকিছু কেমন দেখছেন?পল: বাংলাদেশের পেশাদার লিগটা ভালোই বলব। তবে আরও উন্নতির সুযোগ আছে। অন্য কোনো লিগের সঙ্গে এর কোনো তুলনা করতে চাই না। আবাহনী ক্লাব কর্তৃপক্ষ খুব আমাদের ব্যাপারে খুব যত্নবান। আমার ভালোই লাগছে। আজ তো প্লে-মেকার ইব্রাহিমের সঙ্গে আপনার খুব ভালো বোঝাপড়া চোখে পড়ল। এটা নিয়ে কি অনুশীলনে বাড়তি মনোযোগ দেন? আপনার প্রিয় স্ট্রাইকারই বা কে?পল: ইব্রাহিম দারুণ এক খেলোয়াড়। ও ঠিক জানে, আমি কোথায় থাকব। সেই অনুযায়ী বল তৈরি করে দেয়। দলও এর ফল পাচ্ছে। আমার প্রিয় স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা। ওকে সব সময়ই আমার ভালো লাগে। একবার যদি ওর সঙ্গে দেখা করতে পারতাম...। লিগে এখন ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আবাহনী সবার ওপরে। সমান ম্যাচে মুক্তিযোদ্ধা ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। কী মনে হয়, আবাহনী চ্যাম্পিয়ন হতে পারবে? পল: আমার বিশ্বাস, আবাহনীই চ্যাম্পিয়ন হবে। এত দিন আমাদের মনের মধ্যে একটা জেদ ছিল। আমরা কেন মুক্তিযোদ্ধার পাশাপাশি থাকব? মুক্তিযোদ্ধাকে ছাড়িয়ে যাওয়ায় সুযোগ কাজে লাগাতে তাই উন্মুখ ছিল সবাই। অবসরে কী করেন? বাংলাদেশে কোন জিনিসটা বেশি ভালো লাগে? পল: আমি খুব সাধারণ একজন মানুষ। অবসরে গান শুনি, টিভি দেখি। এর বাইরে তেমন কিছু নয়। আর এখানকার ঐতিহ্যবাহী পোশাক পাঞ্জাবি আমার বেশি ভালো লাগে। ওটা কিনব ভাবছি। আর ভিন্ন পরিবেশে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করছি। থ্যাংক গড, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি।