‘মনে হচ্ছে যাওয়া-আসাই সার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড এবং বিশ্ব যুব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন। ওসব প্রতিযোগিতায় যাওয়ার আগে প্রস্তুতিটাও মন্দ হতো না সজীব হোসেনের। কিন্তু এবার দিল্লিতে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসে যাওয়ার আগে অনুশীলন নিয়ে ভুগছেন হতাশায়। অনুশীলনের অপ্রতুলতা ও কোচ-সংকটের কথাই বললেন চারবার হাই জাম্পে জাতীয় রেকর্ড গড়া অ্যাথলেট কমনওয়েলথ গেমসের জন্য প্রস্তুতি কেমন চলছে?সজীব হোসেন: মোটেও ভালো হচ্ছে না। কেন?সজীব: আমি তো ঠিকমতো অনুশীলনই করতে পারছি না। সমস্যা কোথায়?সজীব: আমার কোনো কোচ নেই। ব্যাপারটা খুলে বলবেন...সজীব: বঙ্গবন্ধু স্টেডিয়ামে যেসব অ্যাথলেট প্রতিদিন অনুশীলন করে তাদের মধ্যে শুধু আমারই কোনো কোচ নেই। হাই জাম্পের জন্য একমাত্র কোচ বনি আমিন স্যার অক্টোবরের শেষ দিকে সেনাবাহিনী থেকে জাতিসংঘের মিশনে কঙ্গোতে যাবেন। এ জন্য উনি আসতে পারেন না, ওনার ডিউটি করতে হচ্ছে। তাই গত ৮ আগস্ট থেকে ক্যাম্পে আছি ঠিকই কিন্তু প্রতিদিন একা একাই অনুশীলন করতে হচ্ছে। একা একা কি অনুশীলন সম্ভব?সজীব: সম্ভব না। কিন্তু বেসিক কাজগুলো করি। এই যেমন—সকালে ওয়ার্মআপ করি। বিকেলে শর্ট অ্যাপ্রোচে টেক অফটা সারি। আর হালকা ট্রেনিং করি। এই কোনো রকম অনুশীলন আরকি...। এতে তো তাহলে লাভ হয় না...সজীব: খুব একটা হয় না। এভাবে চলতে থাকলে আমার আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকবে। যাও শিখেছিলাম সেটাও এক দিন ভুলে যাব। কমনওয়েলথ গেমসের তো বেশি দিন বাকি নেই। ফেডারেশনের উদ্যোগ কেমন দেখছেন?সজীব: না। আমার আসলে একজন সার্বক্ষণিক কোচ দরকার। যিনি আমাকে হাতে-কলমে সবকিছু দেখিয়ে দেবেন। বিকেএসপিতে আমি যে সুযোগ-সুবিধা পেতাম সেটা মোটেও পাচ্ছি না এখানে। এখানকার ডরমিটরিতে (ক্রীড়া পরিষদ) আলো-বাতাস কম। স্বাস্থ্যকর না। চাইলে কোচের ব্যাপারে ফেডারেশন বিকল্প কিছু করতে পারে, কিন্তু সেই সম্ভাবনা তো দেখছি না মোটেও। এখানে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ম্যাটটিও তো হাই জাম্পের না...সজীব: ঠিকই বলেছেন। এই ম্যাটে জাম্প দেওয়া ঝুঁকিপূর্ণ। এখানে যেভাবে ওয়েট ট্রেনিং করি সেটাও ঝুঁকিপূর্ণ।  কমনওয়েলথ গেমসে তো অস্ট্রেলিয়া, গ্রেট ব্রিটেন, ভারতের মতো দলের সঙ্গে টেক্কা দিতে হবে?সজীব: সেটাই তো ভাবছি। ওখানে তো ২ মিটার থেকে জাম্প শুরু হয়। আমার মনে হয় প্রথমটা দেওয়ার পরই মাঠ থেকে বেরিয়ে আসতে হবে (হাসি)। মনে হচ্ছে, শুধু যাওয়া-আসাই সার হবে, কেমন খেলব নিজেও বুঝতে পারছি না।