গত বছরের জুনে ক্লাব কাপ হকির ফাইনালে মোহামেডান-ঊষার ম্যাচ ভণ্ডুল হয়েছিল মন্ত্রীর সামনে। কাল মওলানা ভাসানী স্টেডিয়ামে জাতীয় যুব হকির ফাইনালেও হলো এমন দৃশ্যের অবতারণা। খেলা বন্ধ বলে মাঠের একপাশে পাওয়া গেল হতাশ রাজশাহী দলের অধিনায়ক প্রসেনজিৎ রায়কে। হকি নিয়ে স্বপ্ন দেখা এই তরুণ এখন নিজের ভবিষ্যৎ নিয়েই সন্দিহান... ফাইনাল খেলা বন্ধ। এমন অভিজ্ঞতা আগে কি কখনো হয়েছে?প্রসেনজিৎ রায়: না। আমাদের স্থানীয় খেলা বলুন, পাড়ার কোনো খেলা বলুন—এমন ঘটনা এবারই প্রথম ঘটল আমার জীবনে। খেলা বন্ধ বলে মন খারাপ লাগছে। কিন্তু বড় ভাইয়েরাও যা করেছেন, ঠিকই করেছেন। আপনি এটাকে কীভাবে সমর্থন করছেন?প্রসেনজিৎ: শুনেছি তিন-চার বছর ধরে খেলা হয় না। খেলা না হলে খেলোয়াড়েরা কী করবে? এই যে যুব হকি খেলছি, এটাই চার বছর পর হচ্ছে। এরপর এটা কবে হবে, আমরা জানি না। আমাদের বড় ভাইয়েরা যা করছেন, হয়তো সেটা আমাদের ভালোর জন্যই করছেন। কিন্তু সবকিছু উপেক্ষা করে এভাবে খেলা বন্ধ করাই বা কতটুকু যৌক্তিক?প্রসেনজিৎ: আমি আগেই বলেছি যে কাজটা ঠিক না, আমার খারাপ লেগেছে। কিন্তু কী করা বলুন? বড় ভাইদের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলেই তাঁরা এমন কাজ করতে বাধ্য হয়েছেন। তাই বলে আপনাদের মতো উঠতি খেলোয়াড়দের সামনে এমন ঘটনা ঘটাতে হবে?প্রসেনজিৎ: এটা ঠিক বলেছেন। আমাদের মতো তরুণ খেলোয়াড়দের সামনে এই ঘটনা ঘটায় খেলোয়াড়দের অনেকে হতাশ। এখানে অনেকে একেবারেই নতুন। ভবিষ্যতে হয়তো ওদের অনেকে হকির স্টিকই ধরতে চাইবে না। তাই খেলাটা বন্ধ হয়ে যাওয়ায় আমাদের অসুবিধাই হয়েছে। আপনি কত দিন ধরে হকি খেলেন?প্রসেনজিৎ: আমি ছয়-সাত বছর ধরে হকি খেলছি। হকিতে কি আদৌ কোনো ভবিষ্যৎ দেখেন?প্রসেনজিৎ: আমি যখন হকি খেলা শুরু করি, তখন কিন্তু স্বপ্ন দেখতাম একদিন জাতীয় দলে খেলব। কিন্তু এখন এসব দেখে মনে হচ্ছে, হকির কোনো ভবিষ্যৎ নেই। এভাবে চললে একদিন তো হকিই শেষ হয়ে যাবে। দেশের অন্যান্য জেলায় তো হকির কার্যক্রম সেভাবে নেই বললেই চলে। কিন্তু রাজশাহী জেলা এত ভালো করছে কীভাবে?প্রসেনজিৎ: আমাদের রাজশাহীতে বৈকালী সংঘ নামে একটি ক্লাব আছে। সেখানে হকির চর্চাটা ভালোমতোই হয় সারা বছর। সত্যি কথা বলতে কি, এই ক্লাবের কমকর্তাদের সমর্থনেই আমরা এখনো টিকে আছি। শুধু খেলাধুলাই নয়, আমাদের সব ধরনের সমস্যা দেখেন তাঁরা। ক্লাব থেকে আর্থিক সমর্থনও ভালোই পাই আমরা। আমাদের পারিবারিক সমস্যাও দেখেন তাঁরা। এই ক্লাবের সব খেলোয়াড় নিয়েই এবারের যুব হকির দল গড়া হয়েছে।