‘মনে হয় আরও খেলতে পারব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ১৯৮৮ সালে শুরু করে ডিসকাস থ্রোতে ২১ বছর সোনা জিতেছেন বিজেএমসির জ্যোৎস্না আফরোজ। কাল জাতীয় সামার অ্যাথলেটিকসে সোনা জয়ের পর সেই গল্পই শোনালেন ৪২ বছর বয়সী এই অ্যাথলেট ২১ বছর চ্যাম্পিয়ন। এটা তো অবিশ্বাস্য!জ্যোৎস্না আফরোজ: আমার কাছে অবিশ্বাস্য লাগে না। আমার মনে হয়, আরও খেলতে পারব। মাঝে দুই বছর শুধু সোনা জেতা হয়নি। একবার হজ করতে গিয়েছিলাম। আরেকবার বিএ পরীক্ষার জন্য। আমার সবচেয়ে বড় কৃতিত্ব কেউ এ পর্যন্ত হারাতে পারেনি। এত দিন ধরে খেলছেন। অথচ আপনার কোনো প্রতিদ্বন্দ্বী তৈরি হয়নি। বিরক্ত লাগে না?জ্যোৎস্না: সেটা লাগে না। আমার যে প্রতিদ্বন্দ্বী নেই সেটা বলব না। ২৪ বছরের ক্যারিয়ারে অনেক দেখলাম। বিশ্ববিদ্যালয়ে দেখেছি, জেলা পর্যায়ে দেখেছি। ওরা প্রথমেই আমাকে দেখে ঘাবড়ে যায়। বলে, ‘ও, আপু আপনি খেলবেন? তাহলে তো পারব না।’ আর তা ছাড়া প্রতিটি মিট শেষ করে দেখি কোনো প্রতিভা বেড়ে উঠছে কি না। ওকে আমি টার্গেট করি। শেষ পর্যন্ত দেখি আমিই জিতছি। তবে আমি বলব, বিকেএসপির মতো প্রতিষ্ঠান কেন আমার প্রতিদ্বন্দ্বী বের করতে পারল না। এই ব্যর্থতার কারণ কী, সেটা ভাবা উচিত। সাধারণ্যে ততটা আকর্ষণীয় নয় বলেই কি এতে আগ্রহ দেখায় না কেউ?জ্যোৎস্না: আসলে এটা খুব টেকনিক্যাল গেম। এখানে টার্নিংটা খুব কঠিন। কেউ সহজে শিখতে চায় না। আমরা যে টেকনিকটা শিখি, সেটা কেউ পারে না। আমি খেলাপাগল বলেই এখনো খেলে যাচ্ছি। প্রতিদিন অনুশীলন করেন কতক্ষণ?জ্যোৎস্না: ভোরে ফজরের নামাজ পড়ে আটটা পর্যন্ত অনুশীলন করি। ফ্যাক্টরি খোলার আগেই এটা শেষ করতে হয়। আমার অনুশীলনের সব সরঞ্জাম আছে। পাশে মেয়েকে দেখছি, আপনার পরিবার সম্পর্কে বলুন...জ্যোৎস্না: আমার এক মেয়ে, এক ছেলে। এবার পূজার ছুটি হয়ে যাওয়ায় ওদের সঙ্গে করে নিয়ে এসেছি। এর আগে কখনো আমার খেলা ওরা দেখেনি। অ্যাথলেটিকস দেখে খুব মজা পাচ্ছে ওরা। মেয়েটা খেলাধুলায় একটু বেশি আগ্রহী। ছেলে কলেজে পড়ে। সে লেখাপড়া নিয়েই ব্যস্ত। ওদের কাছ থেকে কেমন সমর্থন পান?জ্যোৎস্না: আমি যখন কম্পিটিশন শেষ করি তখন আমার ছেলে বলে গোল্ড মেডেল পেয়েছ? কত মিটার মেরেছ? মানে আমার পারফরম্যান্স সম্পর্কে জানতে চায়। আমার স্বামী মারা গেছেন ২০০৬ সালে। তাঁরও সমর্থন পেয়েছি। স্বামী কী করতেন?জ্যোৎস্না: স্বামী কাস্টমসে চাকরি করতেন। আপনার সময়ের কেউই তো মনে হয় আর খেলেন না?জ্যোৎস্না: না। আমাদের ব্যাচের কোনো অ্যাথলেটই আর মাঠে নেই।  আপনার শুরুর সময় আর বর্তমানে কী মিল খুঁজে পান?জ্যোৎস্না: তখন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রচুর ছেলেমেয়ে আসত। ওদের বন্ধু-বান্ধবী সঙ্গে করে নিয়ে আসত। আত্মীয়স্বজনও আসত। পুরো স্টেডিয়াম গমগম করত। এখন সেটা দেখা যায় না। ফাঁকা গ্যালারি দেখে খুব কষ্ট লাগে। আর কত দিন খেলে যেতে চান?জ্যোৎস্না: যত দিন ফিটনেস থাকে তত দিন খেলে যাব ইনশাআল্লাহ। আমার ছোট ভাই যুক্তরাষ্ট্রে পিএইচডি করছে। সে বলেছে আমার নাম গিনেস রেকর্ড বুকে তোলার চেষ্টা করবে। তবে যখন বুঝব, আর পারছি না, তখনই খেলা ছেড়ে দেব।