জাতীয় লিগে এবার যেখানে স্পিনারদের রাজত্ব, সেখানে কাল এক ইনিংসেই ৮ উইকেট নিয়েছেন পেসার তালহা জুবায়ের। চোটের কারণে মাঝে প্রায় হারিয়ে যেতে বসা ফরিদপুরের যুবক আবারও স্বপ্ন দেখেন জাতীয় দলে ফেরার রংপুরের বিপক্ষে প্রথম ৮টি উইকেটই তুলে নিয়েছেন। কখনো কি মনে হয়েছিল, ১০ উইকেটই পেতে পারেন?তালহা জুবায়ের: হ্যাঁ। ৮ উইকেট পাওয়ার পর একবার মনে হয়েছিল ১০ উইকেটও পেতে পারি। কিন্তু এবার থেকে নতুন নিয়ম চালু হয়েছে যে একজন পেস বোলার এক দিনে ১৫ ওভারের বেশি বল করতে পারবে না। এই কারণে হয়তো হয়নি। তবে আরেকটা ব্যাপার হচ্ছে, আমার ভাগ্যে ছিল না ১০ উইকেট। ভাগ্যে থাকলে হয়তো ১৫ ওভারের মধ্যেই পেয়ে যেতাম। আগের দুই ম্যাচে তো খুব বেশি ভালো বল করেননি (৪ উইকেট)। এই ম্যাচে ভালো করার পেছনের রহস্য কী?তালহা: উইকেটটা আসলে পেস বোলারদের জন্য সহায়ক। জায়গায় বোলিং করে ভালো সাড়া পেয়েছি। আমার একটাই লক্ষ্য ছিল, উইকেটে অ্যাটাক করব। বল মুভ করেছে। সুইং করেছে। দুই দিক দিয়েই সাহায্য পেয়েছি। এই লিগে তো স্পিনারদের রাজত্বে পেসারদের তো মনে হচ্ছে সৎভাই...তালহা: পেস বোলাররা তেমন কিছুই পাচ্ছে না এই উইকেট থেকে। তবে এখন বগুড়ায় একটু ঠান্ডা। সকালে কুয়াশা ছিল। ময়েশ্চার ছিল। ওই সময়টা কাজে লাগিয়েছি। প্রথম সেশনে লাঞ্চের আগেই ওদের ৮ উইকেট পড়ে গেছে। জাতীয় দলে ফেরার স্বপ্নটাকে নিশ্চয়ই এখনো ত্যাগ করেননি?তালহা: যেকোনো খেলোয়াড়ই সব সময় জাতীয় দলে খেলার স্বপ্ন দেখে। আর এখন আমাদের জন্য আরেকটা সুবিধা হয়েছে যে নির্বাচকেরা পারফর্মারদের জন্য দরজা উন্মুক্ত করে রেখেছেন। যে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারবে সেই জাতীয় দলে ফিরতে পারবে। এ জন্য আমি এখনো স্বপ্ন দেখি আবার জাতীয় দলে ফিরব। আপনার কি মনে হয় আন্তর্জাতিক ক্রিকেটে একটু আগেভাগে নামিয়ে দেওয়া হয়েছিল আপনাকে?তালহা: সেটা তো সব সময়ই মনে হয়। যখন আমি ক্রিকেটের কিছুই জানতাম না, শুধু জোরে বোলিং করতে জানতাম। কিন্তু ব্যাটসম্যানদের দুর্বলতা কোথায় জানতাম না। আমাদের দেশে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ভালো করলেই জাতীয় দলে সুযোগ পেয়ে যাওয়ার যে ট্র্যাডিশন চালু আছে সেটা মনে হয় বদলানো উচিত। ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার অ্যান্ডি রবার্টস বলেছিলেন আপনি বাংলাদেশের ভবিষ্যৎ। কথাটা কি মনে পড়ে?তালহা: কথাটা সব সময় মনে পড়ে। ২০০১ সালের ওই ক্যাম্পের কথা কখনোই ভুলব না। উনিই তো আমাকে আর মাশরাফিকে আবিষ্কার করলেন। উনি যত দিন ছিলেন আমাদের দুজনকে আলাদা করে ডেকে অনেক কথা বলতেন। বলতেন এটা করবা, ওটা করবা, এভাবে খেলবা। এভাবে খেললে পেস বাড়বে। আমার আসলে দুর্ভাগ্য, আমি ইনজুরিতে পড়ে গেলাম। চোটের কারণে তো প্রায় বছর দেড়েক খেলতেই পারেননি। এখন কী অবস্থা?তালহা: ইনজুরি সেরে গেছে। আল্লাহর রহমতে এখন ভালো আছি। পিঠে আর কোমরের ব্যথায় বেশ ভুগেছি। বাংলাদেশের জাতীয় লিগের তৃতীয় ব্যক্তিগত সেরা বোলিং করলেন। জানতেন এটা। তালহা: না। আপনার কাছেই শুনলাম। আপনি এখনো ভালো খেলার অনুপ্রেরণা কীভাবে পান?তালহা: এটা নিজের ভেতর থেকেই আসে। তবে এমন উইকেট পেলে আমাদের জন্য ভালো। আজ সকালে মনে হচ্ছিল যে দিনটা আমার হবে। আরেকটা কথা—আমাদের দেশে খালি ব্যাটসম্যানদের জন্যই উইকেট বানানো হয়। আমার একটা অনুরোধ, আমাদের যেন দুটি পেস বোলারদের, দুটি স্পিনারদের আর দুটি ব্যাটসম্যানদের সহায়ক করে ভেন্যু বানানো হয়। সব ভেন্যুতে ঘুরে ঘুরে খেললে সেটা সবার কাজে লাগবে।