এশিয়া কাপের ১৫ জনের দলে ছিলেন। তবে ম্যাচ খেলার সুযোগ পাননি। ইমরুল কায়েস-এর হতাশই তো হওয়ার কথা। কিন্তু দল স্বপ্নের ক্রিকেট খেলায় ব্যক্তিগত কোনো আক্ষেপই নেই এই ওপেনারের এই মুহূর্তে কোথায় আছেন? কী করছেন?ইমরুল কায়েস: এই তো আছি মিরপুরের বাসায়। একটু আগে মাগরিবের নামাজ পড়লাম। কাল (আজ) থেকে প্রিমিয়ার লিগ। ওদিকটায় মনঃসংযোগ করতে হচ্ছে। এশিয়া কাপের রেশ তো যায়নি। ঢাকা প্রিমিয়ার লিগে এখনই মন দেওয়া একটু কঠিন লাগছে না?ইমরুল: একটু কঠিনই। এশিয়া কাপের কথাই মনে আসছে ঘুরেফিরে। তবে পেশাদার খেলোয়াড় হিসেবে মনটা এখন অন্যদিকে ঘোরাতেই হবে। প্রিমিয়ারে আমি খেলছি মোহামেডানে। আজ (গতকাল) অনুশীলনও করেছি। আপনি এশিয়া কাপে একটি ম্যাচও খেলতে পারলেন না। এটা ভেবে খারাপ লাগছে না?ইমরুল: সত্যি কথা বলি, এখন আর একদমই খারাপ লাগছে না। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটা হারের পর কষ্ট লেগেছিল। ভেবেছি, আমি খেলতে পারলে ভালো কিছু করার চেষ্টা করতাম। তবে দল জিততে থাকায় মনেই হয়নি আমি খেলছি না। আপনি যতই বলুন, ম্যাচ না খেলার হতাশা একজন খেলোয়াড়কে কষ্ট দেয়ই।ইমরুল: তা দেয়। তবে ভাগ্যও লাগে। টিম ম্যানেজমেন্ট যেটা ভেবেছে, আমি তা পজিটিভলি নিয়েছি। অবশ্য এটা বলা উচিত, আমি সুযোগ পাব বলে আশা করেছিলাম। দল ভালো করায় ব্যক্তির চেয়ে দল বড় হয়ে উঠেছে আমার কাছে। তাহলে তো না খেলেও এশিয়া কাপটা আপনার কাছে উপভোগ্য ছিল?ইমরুল: ভীষণ উপভোগ করেছি। নিজেকে প্লেয়িং মেম্বারই ভেবেছি। আবার দলের পরাজয়ে দুঃখ পেয়েছি। ফাইনালে ওভাবে হারের পর এত কষ্ট লেগেছে, জীবনে কখনো এ রকম লাগেনি। আর একবার আবাহনী-মোহামেডান ম্যাচ শেষে খুব খারাপ লেগেছিল। আমি ছিলাম হেরে যাওয়া দলে। সাম্প্রতিক সময়টা মাঠে আপনার ভালোই কেটেছে। তবু ঘরের মাঠে এশিয়া কাপে খেলার সুযোগ না পাওয়াটা বন্ধুবান্ধব-পরিবার কীভাবে নিয়েছে?ইমরুল: পরিবারের লোকজন-বন্ধুরা চেয়েছে আমি যাতে সুযোগ পাই। নিজের মাঠে খেলা, সবাই তো চায় খেলি। তা ছাড়া ইংল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজ, ঢাকার প্রিমিয়ার লিগের প্রথম পর্বে ভালোই খেলেছি। আত্মবিশ্বাস ছিল যে সুযোগ পাব। ড্রেসিংরুমে বসে টুর্নামেন্ট দেখাটা কেমন লেগেছে?ইমরুল: সবকিছু অন্য রকম লেগেছে। খেলছি না, আবার দলের সদস্য। আগে দলের এক-দুজন পারফর্ম করত। এবার অনেকেই পারফর্ম করায় ড্রেসিংরুমের পরিবেশটাই বদলে গিয়েছিল। খুব এনজয় করেছি। আর মনকে বলেছি, একটা টুর্নামেন্টই তো শেষ নয়। সর্বশেষ যে ঘরোয়া টুর্নামেন্টটা হলো, সেই বিপিএলের পারফরম্যান্স নিয়ে খুশি?ইমরুল: আমি নিজে খুশি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে বড় কিছু করা হয়নি। তবে সেটার একটা কারণ আছে। ভালো শুরুর পরও দলের প্রয়োজনের কথা ভেবে চালিয়ে খেলে আউট হতে হয়েছে। সেটা ভিন্ন ফরম্যাটের ক্রিকেট। ওয়ানডের সঙ্গে তুলনা হয় না। এশিয়া কাপে অন্য দলের খেলোয়াড়ের সঙ্গে কথা হয়েছে?ইমরুল: পাকিস্তানের মোহাম্মদ হাফিজের সঙ্গে কথা বলেছি। ও বলেছে, ‘কঠিন পরিশ্রম করো। তুমি অনেক ভালো ব্যাটসম্যান। চেষ্টা করো আরও ভালো করতে।’ আমারও একই কথা। ভালো করার জন্য পরিশ্রম করে যাব। তাতে একাদশে খেলার সুযোগ অবশ্যই আসবে। গত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে একটা ফিফটি ছিল আপনার। নিশ্চয়ই তা মনে পড়ছিল...ইমরুল: ভীষণ মনে পড়েছে। শুধু পাকিস্তানের বিপক্ষে ওই ম্যচটা নয়; ভারত, শ্রীলঙ্কার বিপক্ষে আমার ভালো পারফরম্যান্স আছে। যাক ওসব কথা। দল ভালো খেলেছে, ওতেই আমি খুশি।