‘মন্ত্রী ঠেকাও’ কর্মসূচিতে নরসিংদী উত্তপ্ত
১১ মাস পর আজ নিজ জেলায় আসছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ। এ নিয়ে উত্তাপ ছড়িয়ে পড়েছে নরসিংদী শহরে। অস্থিতিশীল হয়ে পড়েছে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি। শুক্রবার থেকে হামলা-মামলা, ভাঙচুর ও গণগ্রেপ্তারের পর অশান্ত হয়ে উঠেছে নরসিংদী শহর। প্রয়াত মেয়র লোকমান হোসেনের সমর্থকেরা ‘মন্ত্রী ঠেকাও’ কর্মসূচি নিয়ে এখন মাঠে। আবার জেলা আওয়ামী লীগ রাজকীয় মর্যাদায় মন্ত্রীকে নিজ জেলায় স্বাগত জানাতে প্রস্তুত। মন্ত্রীর সরকারি সফর সফল করার জন্য প্রস্তুত প্রশাসনও।এই অবস্থায় আজ থেকে নরসিংদীতে শুরু হচ্ছে দুই দিনের হরতাল। ‘জনবন্ধু মেয়র লোকমান সংগ্রাম পরিষদ’ এই হরতালের ডাক দিয়েছে। লোকমান হত্যাকারীদের বিচারের দাবিতে হরতাল ডাকা হলেও কার্যত এটি ‘মন্ত্রী ঠেকাও’ কর্মসূচিতে রূপ নিয়েছে। আজ মন্ত্রীর আগমনকে আওয়ামী লীগ ‘মর্যাদার বিষয়’ হিসেবে দেখছে। আর মন্ত্রীর আগমন ঠেকানোকে লোকমান পরিবার ও তাঁর সমর্থকদের জন্য অস্তিত্বের লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে।জানতে চাইলে নরসিংদী জেলার সহকারী পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শুক্রবার থেকে লোকমান-সমর্থকদের ভাঙচুরের কারণে নরসিংদীতে অস্থিতিশীল পরিবেশ চলছে। এতে মন্ত্রীর সফরের কোনো পরিবর্তন হয়নি। মন্ত্রী তাঁর পূর্বনির্ধারিত সময়ে নরসিংদীতে আসবেন এবং তাঁর সব কর্মসূচিতে অংশ নেবেন।পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়, ১৫ সেপ্টেম্বর মন্ত্রীর আগমনের বিষয়টি নিশ্চিত করা হয়। এটি জানাজানি হওয়ার পর ‘জনবন্ধু লোকমান সংগ্রাম পরিষদ’ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চায়। কিন্তু মন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে ভেবে পুলিশ সমাবেশের অনুমতি দেয়নি। কিন্তু লোকমান-সমর্থকেরা তা আমলে নেননি। উল্টো হরতালসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন। শুক্রবার সমাবেশের নামে অরাজকতা চালান। তাঁরা ভারতের ত্রিপুরা রাজ্যের যাত্রীবাহী একটি বাসসহ দুটি যানবাহনে আগুন ধরিয়ে দেন। কয়েক ঘণ্টার জন্য রেলপথে অচলাবস্থার সৃষ্টি হয়।গতকাল শনিবার জনবন্ধু লোকমান সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়, তাদের কর্মসূচি মন্ত্রীর আগমনের বিরুদ্ধে নয়। কর্মসূচি দেওয়া হয়েছে লোকমান হত্যাকারীদের বিচার ত্বরান্বিত করার জন্য। কিন্তু পুলিশ বিষয়টিকে সহজভাবে না নিয়ে তালগোল পাকিয়ে দিয়েছে। শুক্রবার শান্তিপূর্ণ সমাবেশ শুরু হওয়ার আগেই কর্মীদের ওপর হামলা চালানো হয়। পুলিশ গণগ্রেপ্তার করে। লোকমান সংগ্রাম পরিষদের আহ্বায়ক পীরজাদা মোহামঞ্চদ আলী বলেন, লোকমান হত্যার পর মন্ত্রীর জনপ্রিয়তা শূন্যে নেমে এসেছে। সবাই বিশ্বাস করেন, লোকমান হত্যার সঙ্গে মন্ত্রীর হাত রয়েছে। এ কারণে তিনি ১১ মাস ধরে এলাকা ছাড়া। তিনি বলেন, ‘এখন আমাদের পুলিশি নির্যাতনের শিকার হতে হচ্ছে। তবে এর ফল ভালো হবে না। আমরা না ঠেকালেও মন্ত্রীকে জনগণ ঠিকই ঠেকিয়ে দিবে।’শুক্রবার পুলিশের হামলায় আহত মেয়র কামরুজ্জামান এখন নরসিংদী ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের বিছানায় শুয়ে গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘পুলিশ আমাকে মেরে ফেলার জন্য হামলা চালিয়েছিল। কর্মীরা ঝাঁপিয়ে না পড়লে হয়তো আমাকেও আমার ভাই লোকমান হোসেনের পরিণতি মেনে নিতে হতো।’ মন্ত্রী আসছেন বিষয়টিকে কীভাবে দেখছেন, এমন প্রশ্নে মেয়র বলেন, ‘আমার ধারণা, সাধারণ মানুষ মন্ত্রীকে আর নরসিংদীতে দেখতে চায় না।’হরতাল সফল করতে প্রচারণা: লোকমান-সমর্থকেরা মাইকযোগে হরতালের পক্ষে প্রচারণা চালাতে পারছেন না। তবে তাঁরা মুঠোফোনে, ফেসবুকে ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে হরতাল সফল করার আহ্বান জানাচ্ছেন। লোকমান-সমর্থক কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, হরতালে তাঁরা মাঠে থাকবেন।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫০০ সদস্য মাঠে: শুক্রবারের অপ্রীতিকর ঘটনা, মন্ত্রীর আগমন ও হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে নরসিংদী শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের অন্তত ২০টি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। একাধিক ভ্রাম্যমাণ টহল দল শহর ঘুরছে। সাধারণ মানুষের ব্যাগ ও দেহ তল্লাশি করা হচ্ছে। এর ফলে হরতালের আগের দিন থেকে শহরে মানুষের চলাচল কমে গেছে। সহকারী পুলিশ সুপার এ কে জহিরুল ইসলাম জানান, পুলিশ, আর্মড ব্যাটালিয়ন, র্যাবসহ মোট ৫০০ সদস্য কাজ করছেন। তিন মামলা, গ্রেপ্তার ৩২: শুক্রবারের লোকমান-সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় গতকাল নরসিংদী সদর থানায় তিনটি মামলা হয়েছে। দুটি মামলা হয়েছে পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে, অন্যটি হয় গাড়ি ভাঙচুরের ঘটনায়। প্রতিটি মামলার এজাহারভুক্ত আসামি করা হয় ৬০ জনকে। অজ্ঞাতনামা আসামি করা হয় ৭০-৮০ জনকে। সব মামলার বাদী পুলিশ। তিনটি মামলায় এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছে পুলিশ। তবে লোকমান-সমর্থকদের দাবি, দুই দিনে অন্তত তাঁদের ১০০ কর্মী গ্রেপ্তার হয়েছেন।যেভাবে মন্ত্রীকে স্বাগত জানানো হবে: মন্ত্রী রাজিউদ্দিনকে রাজকীয় সংবর্ধনা জানাতে প্রস্তুত জেলা আওয়ামী লীগ। দলীয় সূত্র জানায়, আজ বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের নবনির্মিত ভবন উদ্বোধন করবেন তিনি। এ জন্য জেলার প্রবেশদ্বার ঘোড়াশালে অবস্থান করবে ২০০ মোটরসাইকেল ও ১০০ গাড়ি। মন্ত্রীকে স্বাগত জানিয়ে জেলায় তোরণ নির্মাণ করা হয়েছে ৮২টি। ঘোড়াশাল থেকে পাঁচদোনা মোড় পর্যন্ত ১৬টি; পাঁচদোনা থেকে জেলা পরিষদ কার্যালয় পর্যন্ত ২৬; কারারচর থেকে বারৈচা পর্যন্ত ১৭টি; বারৈচা থেকে তাঁর নির্বাচনী এলাকা রায়পুরা পর্যন্ত ২৩টি তোরণ শোভা পাচ্ছে।