‘মন্ত্রী-মিনিস্টার কেউ না থাকায় বরাদ্দ পাচ্ছি না’
জকিগঞ্জ পৌরসভার বিভিন্ন সমস্যা প্রসঙ্গে মেয়র ইকবাল আহমদের মুখোমুখি হলে তিনি বলেন, ‘এ মুহূর্তে সরকারের উচ্চপর্যায় যেমন—মন্ত্রী-মিনিস্টার কেউ না থাকায় অনেক ক্ষেত্রে বরাদ্দ পাচ্ছি না। ফলে পৌর এলাকায় নাগরিক দুর্ভোগ থেকেই যাচ্ছে। এর পরও আমি আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সব সমস্যার সমাধানে কাজ করছি।’মেয়র বলেন, ‘পৌর এলাকায় পানির সংকট রয়েছে। সুপেয় পানি যাতে পৌরবাসী পায়, সেজন্য আমি যথাসাধ্য চেষ্টা করছি। পূর্ব কুশিয়ারা রোডের টেন্ডার তৈরি হচ্ছে। শিগগিরই কাজও শুরু হবে। শহরের রাস্তাঘাটগুলো যেগুলো এলজিআরডির, সেগুলো সংস্কারের জন্য সংশ্লিষ্টদের বারবার লিখিত অনুরোধ করেছি। ’ জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সমস্যা সমাধানেও কাজ করছি। শহরে স্থায়ী বাসস্ট্যান্ড না থাকায় যাত্রীদের দুর্ভোগ হচ্ছে। তাই শহরের পূর্ব ও পশ্চিম দিকে আলাদা দুটি বাসস্ট্যান্ড স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছি। নদীভাঙনের বিষয়টি সরকারের উচ্চপর্যায়সহ সংশ্লিষ্টদের জানিয়েছি।’বিদ্যুতের খুঁটি প্রসঙ্গে মেয়র বলেন, ‘তৎকালীন বিএনপি সরকারের শেষ সময়ে হারিছ চৌধুরীকে অনুরোধ করে আমি বিভিন্ন এলাকায় খুঁটি লাগিয়েছিলাম। কিন্তু ঠিকাদারের গাফিলতির কারণে কাজ শেষ হতে একটু দেরি হয়। এরই মধ্যে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিয়ে এই কাজগুলো স্থগিত করে দেয়। ফলে ওই এলাকায় আর বিদ্যুৎ যায়নি।’শিশু উদ্যান নিয়ে তাঁর বক্তব্য, ‘বর্তমানে যে স্থানটি শিশুপার্ক হিসেবে পরিচিত, এটি সরকারি জায়গা। ছোটবেলা থেকে আমরা তাই শুনে আসছি। যখন শিশুপার্ক নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে, তখন একটি মহল এটির মালিকানা দাবি করে। বর্তমানে মামলা চলছে। তবে ওই জায়গায় পৌর কর্তৃপক্ষ বাউন্ডারি নির্মাণ ও সুপেয় পানির ব্যবস্থা করেছিল। গত জোট সরকারের আমলে আমার রাজনৈতিক সুযোগ ছিল। এই সুযোগে আমি অনেক কাজ করেছি। মানুষ আগে জকিগঞ্জ এলে কাদা ছাড়া কিছুই দেখতে পেতেন না। এখন অনেক সুন্দর হয়েছে। ভবিষ্যতে আরও অনেক সুন্দর ও আধুনিক হবে।’ মেয়র আরও বলেন, ‘আমি নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়ার সময় পৌরভবনে কোনো সরকারি কর্মকর্তা ছিলেন না। কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একত্রে মিলেমিশে কোনো রকমে কষ্টেসৃষ্টে পৌরসভার উন্নয়নে কাজ করছি। ইতিমধ্যে নিজস্ব পৌরভবন নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।’