‘মমতা, মুখ্যমন্ত্রীর মতো আচরণ করুন’
মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মতো আচরণ করার পরামর্শ দিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের বামফ্রন্টের নেতা বিমান বসু। মধ্যরাতে থানায় গিয়ে তৃণমূল কংগ্রেসের দুই কর্মীকে ছাড়িয়ে আনতে মুখ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের সঙ্গে খারাপ আচরণ করেছেন—এমন বিতর্কের পরিপ্রেক্ষিতে তিনি এ পরামর্শ দিলেন।গত রোববার দক্ষিণ কলকাতার ভবানীপুরে হিন্দুসম্প্রদায়ের এক পূজার শোভাযাত্রায় মধ্যরাতে উচ্চস্বরে মাইক বাজানো ও আতশবাজি পোড়ানো নিয়ে পুলিশের সঙ্গে তৃণমূল নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এরপর পুলিশ তৃণমূলের দুই কর্মীকে গ্রেপ্তার করে ভবানীপুর থানায় নিয়ে যায়। তাঁদের মুক্ত করতে নিজেই থানায় ছুটে গিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বিমান বসু বলেন, ‘তিনি যেকোনো থানা পরিদর্শনে যেতে পারেন। কারণ তিনি মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু তিনি থানায় গেছেন তাঁর নিজ দলের গ্রেপ্তার হওয়া দুই কর্মীকে মুক্ত করতে। মুখ্যমন্ত্রীর এ ধরনের আচরণ বেমানান। তিনি কর্মীদের মুক্ত করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে পারতেন। কিন্তু তাঁদের মুক্ত করার জন্য মুখ্যমন্ত্রীর নিজে থানায় যেতে পারেন না। বাংলার নাম ও সুনামের সঙ্গে মুখ্যমন্ত্রীর এ আচরণ মেলে না। আপনি যখন মুখ্যমন্ত্রী, তখন আপনাকে মুখ্যমন্ত্রীর মতোই আচরণ করতে হবে।’