‘মমতা-সুনামি’তে লাল দুর্গের ক্ষতি হবেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওবাদী-অধ্যুষিত অঞ্চলে আজকের ভোট ভালোয় ভালোয় কেটে গেলে সবার চোখ স্থির হবে ১৩ তারিখের দিকে। মহাকরণ দখল নিয়ে মহারণ চলছে। তবে এই মহারণের মধ্যমণি মমতা। ‘মমতা-সুনামি’তে বামদের লাল দুর্গের ক্ষতি যে হবেই, তা নিয়ে কারও সন্দেহ নেই। ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচন ও ২০০৯ সালের লোকসভা নির্বাচনের প্রবণতা বিবেচনায় বিশ্বের শেষ লাল দুর্গটা ধসে পড়াটাই প্রত্যাশিত।আনন্দবাজার পত্রিকায় ‘মমতা মন্ত্রিসভার’ বিবরণ ছাপা হওয়ায় বিব্রত তৃণমূল। বামরা নির্বাচন কমিশনের কাছে নালিশ করেছে। গতকাল এ বিষয়ে জানতে চাইলে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি প্রথম আলোকে বলেন, ‘ওটা বিকৃত করে ছাপা হয়েছে। ছাড়ুন ওটা।’তবে বামফ্রন্টের শরিক সিপিআইয়ের রাজ্য কমিটির একজন সদস্য প্রশ্নের জবাবে গতকাল প্রথম আলোকে বলেন, ‘মমতা-ঝড় একটা আছে। তবে যারাই জিতুক, ঝুলন্ত বিধানসভা ধরনের কিছু পশ্চিমবঙ্গে হবে না।’ চতুরঙ্গ সম্পাদক আবদুর রউফ বলেন, ‘আমরা দেখতে চাই, কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাক। কিন্তু তেমনটা ঘটছে না।’গতকাল সন্ধ্যায় নিউজ টাইম চ্যানেলে এক আলোচনায় অর্কপ্রভ সরকার সঞ্চালক ছিলেন। তিনি পাঁচ আলোচককে প্রশ্ন করলেন, ‘আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারেন, কারা সরকার গঠন করতে যাচ্ছে?’ আলোচকদের মধ্যে উভয় পক্ষের সমর্থক ছিলেন। দৈনিক পত্রিকার রাজনৈতিক সংবাদদাতারা ছিলেন। কিন্তু দেখা গেল, সঞ্চালক কথাটা পুনঃপুন বলার পরও কেউ তা নাকচ করেননি। তৃণমূল-কংগ্রেস সম্পর্কে জানতে চাইলে মুর্শিদাবাদ থেকে লোকসভায় নির্বাচিত কংগ্রেসের সাংসদ আবদুল মান্নান হোসেন প্রথম আলোকে বলেন, ‘দলের বিষয় বলতে পারব না। তবে আমি এটুকু বলতে পারি, ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। তাঁকে আমি শ্রদ্ধা করি।’ তবে তাঁর কাছে যখন জানতে চাওয়া হয়, ঝুলন্ত বিধানসভা কি হতে পারে? তৃণমূল কি এককভাবে সরকার করতে পারবে? উত্তরে আবদুল মান্নান বলেন, ‘এই মুহূর্তে বলা মুশকিল। এমনটা হতেও পারে, না-ও পারে।’গত ১৪ এপ্রিল স্টার আনন্দ ও নেলসনের জরিপে মমতাদের ২১৫ ও বুদ্ধদেবদের ৭৪ আসন দেওয়া হয়। একই দিনে প্রকাশিত অপর একটি জরিপে অবশ্য ওই আসন ছিল যথাক্রমে ১৮২ ও ১০১।গণমাধ্যমের প্রভাবশালী অংশ গত কয়েক দিনে বাম দুর্গের পতনের বিষয়ে আরও বেপরোয়া মনোভাব দেখাচ্ছে। গতকাল টাইমস অব ইন্ডিয়ার কলকাতা সংস্করণের প্রথম পাতায় বলা হয়, ‘মার্ক্সবাদীদের বিদায় যে ঘটছে, সেটা নিয়ে প্রশ্ন নেই। প্রশ্ন হলো, তাদের আসন ৬০-৭০, নাকি তিন অঙ্ক ছুঁতে পারবে?’ অনেকে অবশ্য স্মরণ করেন, ২০০১ ও ২০০৬ সালেও গণমাধ্যমের একটি অংশ প্রায় একই ধরনের পূর্বাভাস করেছিল। তবে নতুন মন্ত্রিসভার দপ্তর বণ্টনের মতো খবর প্রকাশ আগে ঘটেনি। ‘মুখ্যমন্ত্রী’ মমতা তাঁর হাতে স্বরাষ্ট্র, শিল্প, স্বাস্থ্য ও শিক্ষা রাখবেন বলে ওই খবরে বলা হয়েছে। ২০০৬ সালে বামফ্রন্ট ২৩৫ আসন পেয়ে জয়ী হয়েছিল।ভারতের লোকসভার প্রবীণতম সাংসদ অম্বিকা বন্দ্যোপাধ্যায়। ৮৩ বছর বয়সী কংগ্রেসের এই সাবেক নেতা মধ্য হাওড়া থেকে টানা পাঁচবার বিধায়ক হয়েছেন। শেষবার হন তৃণমূলের টিকিটে। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, তৃণমূলের জন্ম তো কংগ্রেস থেকেই। পশ্চিমবঙ্গ থেকে বামদের হটানোর প্রশ্নেই মতভেদ এবং সে কারণেই তৃণমূলের জন্ম। কংগ্রেস এ কাজে ঢিল দিয়েছিল। মমতা শক্ত হাতে হাল ধরেন। সুতরাং কংগ্রেসকে নিয়ে সরকার চালাতে অসুবিধা হবে না।রাজনৈতিক পর্যবেক্ষকেরা অবশ্য বলছেন, ভোটাররা যদি ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচন ও ২০০৯ সালের লোকসভা নির্বাচনের ধারা বজায় রাখেন, তাহলে তৃণমূল সরকার গঠন করবেই। লোকসভায় পশ্চিমবঙ্গের ৪২টি আসন বহুদিন ছিল বামদের দখলে। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে মমতাই শুধু একটি আসন পান। ২০০৯ সালে সেটা ১৯-এ উন্নীত হয়। কংগ্রেস পায় সাতটি। কিন্তু দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলা পঞ্চায়েত তৃণমূলের করায়ত্ত হওয়ার পর সেখানকার কার্যক্রম সম্পর্কে অসন্তোষ দেখায় কেন্দ্রীয় সরকার। এ ছাড়া কয়েক মাস আগ থেকে হাওয়া একটু হলেও বামের পক্ষে বইতে শুরু করে। কেন্দ্রীয় সরকারের ভর্তুকি তুলে দেওয়া, জিনিসপত্রের দাম বাড়া, করপোরেট গোষ্ঠীকে বিশাল আর্থিক ছাড় দেওয়া, ব্যাংক-বিমা বেসরকারীকরণ, পেনশনের টাকা শেয়ারবাজারে ছাড়া, পেট্রলের দাম বাড়ানোর মতো সিদ্ধান্ত ভোটারদের ওপর প্রভাব ফেলে। স্থানীয়ভাবে কালো টাকাও একটা কারণ। তবে এসব আলোচনার সবটাই অনুমাননির্ভর। তাকিয়ে থাকতে হবে ১৩ তারিখের দিকে।