‘মমতাজ উদ্দিন প্রাইভেট লি.’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সভাপতির একক আধিপত্যের কারণে স্থবিরতা দেখা দিয়েছে বগুড়া জেলা আওয়ামী লীগে। এর প্রভাব পড়েছে শহর থেকে গ্রামপর্যায়ে দলের নেতা-কর্মীদের ওপর। অনেক প্রবীণ নেতা হতাশ হয়ে রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেদের গুটিয়ে নেওয়ার চেষ্টা করছেন।দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের এর আগের শাসনামলে বগুড়ায় এই দলের সাংগঠনিকভাবে একটা শক্ত ভিত ছিল। বিগত জোট সরকারের শাসনামল থেকে আওয়ামী লীগের অবস্থা নড়বড়ে। আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ক্ষমতায় আসার পর প্রায় দুই বছরে দলীয় কোন্দলে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২১ জন নেতা-কর্মী খুন হন।২০০৪ সালের আগস্টে সম্মেলনের মাধ্যমে মমতাজ উদ্দিনকে সভাপতি ও মজিবর রহমানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়। এই কমিটির মেয়াদ ছিল তিন বছর। কিন্তু সাত বছর পেরিয়ে গেলেও কাউন্সিল না হওয়ায় নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন। অভিযোগ আছে, সভাপতির অনুগত সাংগঠনিকভাবে অদক্ষ অনেক লোক কমিটিতে গুরুত্বপুর্ণ পদ পান। তাই কমিটি গঠনের পর দলে কোন্দল প্রকট হয়। সভাপতি শহরের বাসিন্দা। তাই তিনি এককভাবে প্রভাব বিস্তার করতে শুরু করেন। অপর দিকে, সাধারণ সম্পাদকের বাড়ি শেরপুর উপজেলায়। দলের সাধারণ নেতা-কর্মীরা জানান, সাধারণ সম্পাদক মজিবর রহমান শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে জেলায় দলীয় কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন হতে শুরু করেন। চলতে থাকে সভাপতির একক আধিপত্য।সভাপতির আধিপত্যের কারণে দলের অনেক নেতা-কর্মী জেলা কার্যালয়ে যাওয়াও কমিয়ে দেন। দল ক্ষমতায় আসার পরও চলছে এই অবস্থা। এদিকে দলের সভাপতি মমতাজ উদ্দিন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হওয়ার পর থেকে তিনি সেখানে বসেই সাংগঠনিক কাজ করছেন। তাই এখন শহরের সাতমাথায় জেলা আওয়ামী লীগের কার্যালয় অনেকটা ফাঁকা পড়ে থাকে। এ ছাড়া দলের অনেক গুরুত্বপূর্ণ সভা সভাপতির বাড়িতে হয়। তাঁর সঙ্গে যাঁদের রাজনৈতিক বিরোধ রয়েছে, তাঁদের সভায় আমন্ত্রণ জানানো হয় না।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা অভিযোগ করেন, মমতাজ উদ্দিন সিএনজি অটোরিকশার নিবন্ধনের নামে টাকা আদায়, আন্তর্জাতিক বাণিজ্য মেলার নামে জুয়া, হাউজি খেলার মাধ্যমে কোটি টাকা কমিশন আদায় করছেন।জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টি জামান বলেন, ‘বগুড়ায় জেলা আওয়ামী লীগ বলতে কিছু নেই। এখন আছে মমতাজ উদ্দিন প্রাইভেট লিমিটেড। দলে যে কোন্দল এর জন্য মমতাজ উদ্দিনই দায়ী। তাঁর কথায়ই সব হচ্ছে। তাঁর জন্য জেলার পাঁচটি উপজেলায় কমিটি নেই। শহর আওয়ামী লীগের ২১টি ওয়ার্ডের পাঁচটিতে কোনো কমিটি নেই। কিন্তু কেন্দ্রীয় নেতারা এসবে নজর দেন না।’জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম সাংগঠনিক তৎপরতা ঝিমিয়ে পড়ার কথা স্বীকার করে বলেন, এভাবে দল চলতে থাকলে আগামী দিনে নেতারা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেবেন। তাই এখন থেকে সাংগঠনিক তৎপরতা বাড়ানো প্রয়োজন। তবে তিনি দলের সভাপতির একক আধিপত্য বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।দলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, বছরে দু-তিনটি বর্ধিত সভা করার নিয়ম থাকলেও গত সাত বছরে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হয়েছে মাত্র দুটি। জাতীয় দিবসগুলো ঠিকমতো পালন করা হয় না। কিছু দিবস গতানুগতিকভাবে করা হয়। সেখানে সভাপতির পছন্দের লোকজনকে ডাকা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতির একান্ত সচিব তাঁর স্বাক্ষরে সংবাদ বিজ্ঞপ্তি পত্রিকা কার্যালয়ে পাঠান, যা করার কথা দপ্তর সম্পাদকের।গত বছর মে মাসে শহীদ টিটু মিলনায়তনে বর্ধিত সভা হয়। সভায় জেলা আওয়ামী লীগের প্রবীণ সদস্য আমানুল্লাহ খান কুপন নিয়ে সদস্য হন। পরে সদস্য সংগ্রহ অভিযান আর হয়নি।বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম গোলাম রব্বানী খান বলেন, ‘সদর উপজেলা কমিটি এখন মৃত। এটা এখন মমতাজ উদ্দিনের পারিবারিক কমিটি। কমিটি হওয়ার পর থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি আমাদের কোনো কাজ করতে দিচ্ছেন না। সভাপতি তাঁর এক চাচাতো ভাইকে যুগ্ম সম্পাদক পরিচয় দিয়ে ব্যবসা-বাণিজ্য, কাবিখা, কাবিটার গম ও চাল লুটপাট করছেন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হলেও দল থেকে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’