গত বছর বাংলাদেশে এসেছিলেন খেলোয়াড় হিসেবে। এবার হয়ে গেলেন কোচ। শেখ জামালের কোচ যোসেফ আপুসি হাসিখুশি এক চরিত্র। হোসে মরিনহোর অটোগ্রাফ নিয়ে যত্ন করে রেখেছেন নিজের কাছে। কাল গ্রামীণফোন ফেডারেশন কাপে নোয়াখালী একাডেমিকে শেখ জামাল ৪ গোলে হারানোর পর নানা বিষয়ে বললেন এই নাইজেরিয়ান খেলোয়াড় থেকে কোচ হয়ে গেলেন। শেখ জামালে কোচের চেয়ারে বসলেন। উত্তাপটা কেমন টের পাচ্ছেন?যোসেফ আপুসি: কোচের চেয়ারটা পৃথিবীর সব দেশেই উত্তপ্ত। কোথাও এটাকে স্বস্তিদায়ক চাকরি হিসেবে আপনি দেখবেন না। সেই দিক থেকে শেখ জামালও ব্যতিক্রম নয়। আমি জেনেবুঝেই দায়িত্বটা নিয়েছি। কর্মকর্তাদের ধন্যবাদ, তাঁরা আমাকে দায়িত্বটা দিয়েছেন। খেলোয়াড় থেকে সরাসরি কোচ। পরিকল্পনা করেই কি এই পথে পা ফেললেন, নাকি কাকতালীয়?আপুসি: কাকতালীয় নয়। বছর কয়েক আগে আমি ইনজুরিতে পড়ি, তারপর যখন দেখলাম পেশাদার ফুটবলটা সেভাবে আর খেলা সম্ভব নয়, তখন কোচিংয়ে আসার সিদ্ধান্ত নিই। আমি উয়েফা বি-কোচিং লাইসেন্স করেছি। কোচ হিসেবে কাউকে অনুসরণ করেন? আপুসি: হোসে মরিনহোকে ভালো লাগে আমার। তাঁর একটা অটোগ্রাফও নিয়েছি। এটা সম্ভবত ২০০৭ সালে। চেলসির ম্যাচ দেখতে গিয়ে সুযোগ পেয়ে গিয়েছিলাম। ব্যস, অটোগ্রাফ নিয়ে নিলাম। ওটা যত্ন করে রেখেছি নিজের কাছে। এর আগে বলেছিলেন, ইংল্যান্ডে আপনার একটা একাডেমি আছে। ইংল্যান্ডের সঙ্গে যোগাযোগটা কীভাবে?আপুসি: আমি আসলে অনেক দিন ধরেই ইংল্যান্ডে থাকছি। নাইজেরিয়ান হলেও ব্রিটিশ পাসপোর্ট আছে আমার। দুই শিশুসন্তান নিয়ে আমার স্ত্রীও ইংল্যান্ডে থাকে। আমার একাডেমিটা লন্ডনে। আমি ইংল্যান্ডের জিলহাম শহরের জিলহাম দলের হয়ে খেলেছি। এটা লিগ ‘টু’র দল। এ ছাড়া খেলেছি সুইজারল্যান্ড, সাইপ্রাস, রোমানিয়া, সৌদি আরব, বাইরাইনে। আপনি তো এখন ঢাকায়। একাডেমি চালাচ্ছে কে?আপুসি: আমি না থাকলে কী হবে, চারজন কোচ আছে একাডেমির। ওরাই চালায়। ৪৮ জন শিক্ষার্থী আছে আমার একাডেমিতে। ইংল্যান্ডে তো আসলে ফুটবল অবকাঠামোর অভাব নেই। কাজেই আমার একাডেমি চালাতেও সমস্যা হচ্ছে না। ইংল্যান্ডে অনেক দিন ধরে থাকছেন, ইংলিশ প্রিমিয়ার লিগ নিশ্চয়ই খুব ভালোভাবে দেখার সুযোগ হয়েছে?আপুসি: অনেক ম্যাচই দেখেছি। বিশেষ করে চেলসির ম্যাচই বেশি দেখা হয়। হোসে মরিনহো চেলসির কোচ থাকার সময় সবচেয়ে বেশি ম্যাচ দেখা হয়েছে। কারণ, মরিনহোর কোচিং, তাঁর ট্যাকটিকস আমাকে বেশি টানত। কোচ হিসেবে কোন ফর্মেশনটা বেশি পছন্দ করেন?আপুসি: ৪-৪-২। খেলোয়াড় হিসেবেও এই ফর্মেশনেই বেশি খেলা হয়েছে আমার। এখন কোচ হওয়ার পরও এই ফর্মেশনটাই অনুসরণ করি। গত বছর খেলোয়াড় হিসেবে আপনাকে খুব একটা দেখা হয়নি ঢাকার দর্শকদের। খারাপ লাগত না? আপুসি: আমি গত বছর আটটির মতো ম্যাচ খেলেছি শেখ জামালের হয়ে। বেশির ভাগই বদলি হিসেবে দলের প্রয়োজনে। মূলত স্ট্রাইকার। এর মধ্যে গোল করেছি একটা, যেটি করেছিলাম ফেনীর মাঠে। আসলে গত বছর আসার পরই খেলোয়াড়-কাম-সহকারী কোচ হিসেবে কাজ করি। জিলহামেও একই দায়িত্বে থাকায় আমার অভিজ্ঞতা ভালোই আছে। যে কারণে শেখ জামাল টিম ম্যানেজমেন্ট আমাকে পছন্দ করেছে। তবে খেলতে না পারলে খারাপ তো লাগতই। এমনিতে অবসরে আপনি কী করেন?আপুসি: বই পড়তে চেষ্টা করি। খুব ভালো রিডার হয়তো আমাকে বলতে পারবেন না, তবে সুযোগ পেলে বই নিয়ে বসি। বেশি ভালো লাগে নাইজেরিয়ার নোবেলজয়ী লেখক ওলে সোয়িঙ্কার বই। উনি দারুণ এক সাহিত্যিক।