আবার চোটের ধাক্কায় মাঠের বাইরে। আবার মাঠে ফেরার অপেক্ষায় দিন গোনা। চোটের অভিশাপ নিয়ে দুঃখ, কষ্ট, সংগ্রামের কথা বললেন মাশরাফি বিন মুর্তজা এখন কেমন আছেন?মাশরাফি বিন মুর্তজা: ফোলাটা একটু কমেছে। কিন্তু ব্যথা আছে। চিকিৎসকেরা তো বলছেন মাস দেড়েক লাগবে সুস্থ হতে। আপনার কী মনে হয়?মাশরাফি: এটা তো বলা কঠিন। তবে আমার ধারণা, ১৫-২০ দিনের মধ্যে আমি সুস্থ হয়ে যাব। এর মানে জিম্বাবুয়ে সিরিজে খেলা নিয়ে অনিশ্চয়তা নেই?মাশরাফি: একটুও না। আমার মনের জোর আছে। ইনশাআল্লাহ, জিম্বাবুয়ের বিপক্ষেই ফিরে আসব। মরে না গেলে খেলবই। এই নিয়ে কতবার ইনজুরিতে পড়লেন?মাশরাফি: অনেক, অনেক, অনেকবার। মনে করে বলতে পারব না। ৯-১০ বার তো হবেই। মাঠের বাইরের এই সময়গুলো কীভাবে কাটে?মাশরাফি: নিয়মমতো ট্রেনিং করি, বন্ধুদের সঙ্গে আড্ডা দিই। অবশ্য কোথাও বেড়াতে-টেড়াতে যাওয়া হয় না। ট্রেনিং আর চিকিৎসার শিডিউল থাকে তো। প্রথম আহত হয়ে মাঠ ছেড়েছিলেন কবে?মাশরাফি: কবে মনে নেই। তবে নড়াইলে। একটা ম্যাচে উইকেটকিপিং করতে গিয়েছিলাম। উল্টে পড়ে গিয়ে লিগামেন্টে ব্যথা লেগেছিল। আর প্রথম চোট?মাশরাফি: সেই ছোট্টবেলায়। লিচু গাছ থেকে ডাল ভেঙে পড়ে বুকে ব্যথা পেয়েছিলাম। ভাগ্যকে দোষ দেন?মাশরাফি: তা ছাড়া আর কাকে দোষ দেব! প্রতিবার যেই ফর্মে ফিরি, যেই ভালো করতে থাকি, তখনই ইনজুরিতে পড়ি। স্বপ্ন ছিল র্যাঙ্কিংয়ের সেরা দশে স্থায়ী হব। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে আট থেকে যেই সাতে উঠলাম, সেই ওয়েস্ট ইন্ডিজে চোটে পড়লাম। চোট থেকে ফেরার পর ফর্ম ফিরে পেতেও তো সময় লাগে...মাশরাফি: এটাই হচ্ছে মূল সমস্যা। পত্রিকায় লেখা হয়, এক মাস পর মাঠে ফিরলেন মাশরাফি। ভাই, মাঠে ফেরাটাই তো শেষ কথা না। ফর্মে ফিরলে তারপর না আসল ফেরা হবে। ফর্মে না ফেরা পর্যন্ত যে কষ্ট, ইনজুরির যন্ত্রণার চেয়েও সেটা বেশি। কেমন কষ্ট?মাশরাফি: শোনেন, মাঠে ফেরার পর আর কেউ মনে রাখে না, কত দিন বাইরে ছিলাম। প্রথম ম্যাচ থেকেই সবাই চেয়ে থাকে সেরা পারফরম্যান্সের দিকে। না পারলেই গালিগালাজ, খারাপ কথা আছে। কেউ ভাবে না, যে ছেলেটা সাত-আট মাস পর বল হাতে নিয়েছে। গতবার ফেরার পর ইংল্যান্ড সফরের আগ পর্যন্ত সেরাটা করতে পারছিলাম না। আমি জানি, ওই ফর্মে ফিরতে কী করতে হয়েছে আমাকে। কী করতে হয়েছে? মাশরাফি: দিনের পর দিন সতীর্থরা অনুশীলন শেষ করে চলে গেছে, আমি সন্ধ্যার পর একা একা দৌড়েছি। খাওয়া-দাওয়া কমিয়ে ওজন কমিয়েছি। জীবনের সব শখ-আহ্লাদ আমি এই ফিটনেস আর ফর্ম ফেরানোর জন্য বিসর্জন দিয়েছি। যদি ইনজুরি এভাবে শত্রু হয়ে না দাঁড়াত মাশরাফি আজ কোথায় থাকত?মাশরাফি: ন্যূনতম ২০০ টেস্ট উইকেট ও ২৫০ ওয়ানডে উইকেটের মালিক থাকত মাশরাফি। এতগুলো ইনজুরি আপনার পারফরম্যান্সে স্থায়ী কোনো প্রভাব ফেলেছে?মাশরাফি: পেস কমে গেছে। সেটা কি ইনজুরিতে পড়ার ভয়ে কমিয়েছেন?মাশরাফি: শুধু ভয়ে কমিয়েছি, তা নয়। বেশি পেসে বল করাও কঠিন। পেস বেশি করলে হাঁটুতে চাপ লাগে। জীবন-মরণ ম্যাচে জোর করে হয়তো করতে পারি। ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে করেছিলাম। কিন্তু রোজ করা যায় না। সব মিলিয়ে হতাশ লাগে না?মাশরাফি: না। আমি হতাশ হই না। কারণ শেষ পর্যন্ত আমি জানি, আমিই জিতব।