‘মর্যাদায় গড়ি সমতা’ শীর্ষক প্রচারাভিযান শুরু
সঠিক তথ্য-উপাত্ত দিয়ে নারীর যথাযথ কাজের পরিমাপ ও মূল্যায়নের উদ্দেশ্যকে সামনে রেখে মানুষের জন্য ফাউন্ডেশন, বিভিন্ন সহযোগী সংগঠন এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে ‘মর্যাদায় গড়ি সমতা’ শীর্ষক প্রচারাভিযান শুরু করছে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এই প্রচারাভিযান শুরু উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে সাতটি বিভাগীয় শহরে এ ধরনের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মানুষের জন্য ফাউন্ডেশন, বিভিন্ন সহযোগী সংগঠন এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আমান জানান, তিন বছরব্যাপী এই তথ্যভিত্তিক প্রচারাভিযান চালানো হবে। বর্তমানে নারীর অবস্থানের ওপর একটি প্রাথমিক জরিপ চালানো হবে। তিন বছর পর নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি কতটুকু পাল্টাল তা নিয়ে আরেকটি মূল্যায়ন জরিপ করা হবে। শাহিন আমান আরও জানান, এ প্রচারাভিযানে দেশব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম নারীর অর্থনৈতিক ও গৃহস্থালি কাজের অবদান নিয়ে গবেষণা, নারীর অবদানকে স্বীকৃতি প্রদান ও জিডিপিতে অন্তর্ভুক্তির জন্য অ্যাডভোকেসি করা হবে। এ ব্যাপারে ব্যাপক জনমত গড়ে তোলার মাধ্যমে সমাজের দৃষ্টিভঙ্গি পালটানোর চেষ্টা করা হবে। এ ছাড়া নীতি-নির্ধারক পর্যায়েও চাপ সৃষ্টি করা হবে। যাতে সরকারি পর্যায় থেকে নারীর অবদানকে স্বীকৃতি দেওয়া হয়।