জুডো ও কারাতেতে সমান পারদর্শী। সেই ১৯৯৫ সাল থেকে শুরু। জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা মিলিয়ে প্রায় অর্ধশত সোনা জিতেছেন শেলী আহমেদ। কাল জাতীয় জুডোয় সপ্তম সোনা জেতার পর বাংলাদেশ আনসারের জুডোকা বললেন নিজের ক্যারিয়ার ও স্বপ্ন নিয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপে আবার সোনা জিতলেন, কেমন লাগছে?শেলী আহমেদ: খুবই ভালো লাগছে। ইনজুরির কারণে অনেক দিন জুডো খেলতে পারিনি। গত ন্যাশনালে খেলেছি, এরপর আবার এক বছর পর ম্যাটে নামলাম। নেমেই সোনা জিতলাম। এবার সোনা জয়ে একটু বেশিই আনন্দিত, কারণ গত বছর রুপা জিতেছিলাম। আপনি তো কারাতেও খেলেন...শেলী: হ্যাঁ। কারাতে আর জুডো দুটিই খেলছি। এবং দুটিকেই সমান গুরুত্ব দিই। এই খেলায় বডি ফিটনেসটা সবচেয়ে বড় ব্যাপার। অনেকে বলে জুডো এক রকম খেলা, কারাতে আরেক রকম। যখন আমি জুডো প্র্যাকটিস করি, কারাতের কথা চিন্তা করি না। ১৬-১৭ বছর ধরে একইভাবে অনুশীলন করে আসছি। কোনো সমস্যা হয় না। এবার কতটুকু আত্মবিশ্বাস ছিল সোনা জয়ের ব্যাপারে?শেলী: ভালোই আত্মবিশ্বাসী ছিলাম। কারণ এই বছরে অনেকগুলো আন্তর্জাতিক গেমসে অংশ নিয়েছি এবং সোনা জিতেছি। ওই আত্মবিশ্বাসটা এখানে কাজে দিয়েছে। যদিও এই বছর পরীক্ষার কারণেও অনেকখানি গ্যাপ পড়ে গিয়েছিল। তবে কারাতের প্র্যাকটিসের ওপর ছিলাম তো...এ কারণে ফিট ছিল শরীর। কোথায় পড়াশোনা করছেন?শেলী: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ইংরেজিতে মাস্টার্স পড়ছি। অনার্স পরীক্ষার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনুশীলন করতে পারিনি। কোনটা দিয়ে শুরু করেছিলেন, জুডো না কারাতে?শেলী: দুটোই একসঙ্গে শুরু করেছি। তবে কারাতেতে আগে ব্ল্যাক বেল্ট পেয়েছি। পরিবার থেকে কেমন সমর্থন পান?শেলী: পরিবার থেকে সমর্থন পেয়েছি বলেই এত দূর আসতে পেরেছি। আমার বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। বাবা এখন ব্যবসা করছেন। বাবার মতো মা-ও আমাকে ভালোই সমর্থন দেন। আমার উচ্চমাধ্যমিক পর্যন্তও মা প্র্যাকটিসে দিয়ে যেতেন। এসব খেলায় উচ্চবিত্ত পরিবারের মেয়েরা একেবারে কম বললেই চলে। আপনার মানিয়ে নিতে কষ্ট হতো না?শেলী: প্রথম প্রথম একটু খারাপ লাগত। গত এসএ গেমসের সময় যখন ক্যাম্পে ছিলাম, তখন কত যে মশা আর ছারপোকার কামড় খেয়েছি। বলতে গেলে খারাপ শোনায়, কিন্তু বাস্তবতা হলো আমি এমন জীবনযাপনে অভ্যস্ত নই। আমার ঘরে এসি আছে, কোনো কিছুতেই অপূর্ণতা নেই। ক্যাম্পের পরিবেশের সঙ্গে তাই মানিয়ে নিতে পারছিলাম না। জাতীয় স্বার্থে সব সহ্য করে ক্যাম্প করেছি। দীর্ঘ ১৩ মাস কমান্ডো ট্রেনিং থেকে শুরু করে অনেক রকম ট্রেনিং করেছি। অনেক কষ্ট করেছি। খেলার জন্যই আসলে এসব কিছু মনে থাকেনি। এখন কি এমন কোনো খেলোয়াড় আসছে জুডোয়?শেলী: না। আমার পর সেভাবে কাউকে দেখি না। তবে যদি ফেডারেশন সে রকম সুযোগ-সুবিধা দেয়, তাহলে অবশ্যই আসবে। বাঙালি মেয়েরা তো সাধারণত বিয়ের পর খেলাধুলা ছেড়ে দেয়। আপনি কী করবেন?শেলী: আরও অনেক দিন খেলার ইচ্ছে আছে। আমি খেলাটা ধরে রাখতে চাই। আর ও রকম পরিবার না হলে আমি বিয়েই করব না (হাসি)। আপনি জুডো-কারাতে খেলেন। বন্ধুরা আপনাকে ভয় পায় না?শেলী: না। আমি ওদের সঙ্গে খুবই সহজভাবে মিশি। খুব সাধারণ একটা মেয়ের মতো থাকার চেষ্টা করি। তাই কেউ ভয় পায় না।