‘মসজিদে মিলাদ দিছি, দ্যাশটা যেন বাংলা হয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাদের চারপাশে কোনো সীমান্তবেড়া নেই। নেই খুঁটি বা সীমানাপিলার। রয়েছে খোলা আকাশ, মুক্ত বাতাস। তবু তারা বন্দী। সব ধরনের সরকারি ও মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ওই মানুষগুলো বাস করে বাংলাদেশ ও ভারতের ১৬২টি ছিটমহলে।নাগরিকত্বের পরিচয় ও স্বীকৃতিবঞ্চিত মানুষগুলো দ্রুত দুই দেশের ছিটমহলগুলোর বিনিময়ের দাবিতে এখন সোচ্চার। দাবি আদায়ে গত ২ অক্টোবর দুই দেশের ছিটমহলবাসীর ১০ দিনের কর্মসূচি শেষ হয়েছে।বাংলাদেশে থাকা ভারতের ১১১টি ছিটমহলের আয়তন ১৭ হাজার ১৫৮ একর। ভারতে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহলের আয়তন সাত হাজার ১১০ একর। ভারতীয় ছিটমহলগুলোর ৫৯টি লালমনিরহাটে, পঞ্চগড়ে ৩৬টি, কুড়িগ্রামে ১২টি ও নীলফামারীতে চারটি।দেশের ভেতরে ভারতীয় ছিটমহলগুলো ঘুরে দেখা গেছে, ছিটমহলগুলোর সড়ক কাঁচা, খানাখন্দে ভরা। স্কুল, হাটবাজার ও স্বাস্থ্যকেন্দ্র নেই। বাংলাদেশের ভূখণ্ডে অবাধে চলাচল করতে পারলেও তাদের পরিচয় ভারতীয়। কিন্তু চাইলেই তারা ভারতে যেতে পারে না। তাদের জন্য নেই কোনো আইন-আদালত বা বিচারব্যবস্থা।ছিটমহলের শিশুদের অধিকাংশই লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত। আর যারা লেখাপড়া করে, তারা মিথ্যা ঠিকানা ব্যবহার করে স্কুলে ভর্তি হয়। যারা সামর্থ্যবান, তারা বাংলাদেশি এলাকায় বাড়ি তৈরি করে সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করছে।ছিটমহলবাসীর স্বাস্থ্য সচেতনতা নেই বললেই চলে। খোলা জায়গা, বাঁশঝাড় বা আইলের আড়ালে বসে মলমূত্র ত্যাগ করা ছিটমহলবাসীর অভ্যাস। কোথাও বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। খাল বা পুকুরের পানিই তাদের একমাত্র ভরসা। গোসলসহ পানি পান এই পানিতেই চলে। যার কারণে আমাশয়, ডায়রিয়াসহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে ছিটমহলবাসী।‘হামার দ্যাশ থাকিয়াও নাই। মানুষ হইলাম ভারতের, থাকি বাংলাদ্যাশের ভেতর। একে মানুষ, একে জমি, একে আকাশ আর হামরা হইলাম ছিটের মানুষ, ভারতীয়। এটা কোনো জীবন হইল বাহে।’ কথাগুলো কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ভেতরে ভারতীয় ছিট কালামাটির চাঁদ মিয়ার (৩৪)। তিনি কলার পাতায় হাতে শিরনি নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে দাঁড়িয়ে বলেন, ‘মসজিদে মিলাদ দিছি দ্যাশটা যেন বাংলা হয়।’ পাশ দিয়ে যাচ্ছিলেন একই এলাকার কৃষক জমির উদ্দিন। তিনি বলেন, ‘খুব আশায় ছিলাম শ্যাখের বেটি হামার আশা পূরণ করবে। কিছুই হইল না।’এ রকম হতাশা ছড়িয়ে পড়েছে ছিট থেকে ছিটে। অথচ গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকায় আসার আগে ছিটমহলগুলোর লোকজন আশায় ছিল, এবার ১৯৭৪ সালের শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধীর মধ্যকার চুক্তি অনুযায়ী দুই দেশের ছিটমহলগুলোর বিনিময় হবে। এ জন্য পটকা, রং, তুলি, আবির, চন্দন, ঢোল নিয়ে উৎসবের অপেক্ষায়ও ছিল। কিন্তু তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়নি। দ্রুত ছিটমহল বিনিময় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মনমোহন সিং প্রটোকল সই করেছেন। কিন্তু ঠিক কবে ছিটমহল বিনিময় হবে, তা উল্লেখ করা হয়নি। এর পর থেকে আন্দোলনে নেমেছে দুই দেশের ছিটমহলগুলোর বাসিন্দারা।ভূরুঙ্গামারীর দাশিয়ার ছড়া ছিটমহলের জমিরউদ্দিন দুঃখ করে বলেন, ‘বন্দী জীবন আর সহ্য হয় নারে ভাই। ছিটমহলবাসী যুগ যুগ ধরে অনেক দুঃখ, অনেক অপমান ও গ্লানি নিয়ে পরাধীন জীবন যাপন করে আসছে। কিন্তু আর না, এবার হয় মুক্তি, না হয় মৃত্যু।’২০০৮ সালে এই দাশিয়ার ছড়া ছিটমহল থেকে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিট গঠিত হয়। ওই কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘অন্ধকার জীবন থেকে মুক্তির জন্য বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। পেছনে ফেরার রাস্তা নাই। ইতিমধ্যেই ১০ দিনের কর্মসূচি শেষ করেছি। খুব তাড়াতাড়ি বৃহত্তর আন্দোলনের ডাক দেব।’ ছিটমহলের বাসিন্দাদের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত নারী ও শিশুরা। স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে অজ্ঞ নারীরা। বেশির ভাগ নারী গৃহিণী। কেউ কেউ কামলাও খাটেন। কথা হয় পঞ্চগড়ের বোদা উপজেলার ভেতরে অবস্থিত ভারতীয় ছিটমহল শালবাড়ির জমিলা বেগমের (৪৫) সঙ্গে। তিনি বলেন, ‘অসুখ-বিসুখ হলে মুন্সির কাছ থেকে তেল পড়া আর পানি পড়া নিয়ে আসি।’ একই কথা তহমিনা (২৫) নামের এক গৃহবধূর। একই ছিটমহলের যুবক জাহিদুল ইসলাম (২০) এইচএসসি পাস। তিনি বলেন, ‘ছিটমহলে জন্মই আমার আজন্ম পাপ। ছিটের লোক বলে অনেকে তিরস্কার করে। আমরা সবাই মনে-প্রাণে বাংলাদেশি হতে চাই।’ একই কথা মৌসুমী আকতারের। তিনি বলেন, ‘এইচএসসি পাস করেছি। কিন্তু ছিটের মানুষ বলে চাকরির সুযোগ নেই। আমরা দ্রুত ছিটমহল বিনিময় চাই। দেশের পরিচয় পেতে চাই।’শালবাড়ি ছিটমহলের চেয়ারম্যান সিরাজুল ইসলাম (৬০) বলেন, ‘ছিটমহলের ছেলেমেয়েরা আগে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করত। এখন জন্মনিবন্ধন কার্ড হওয়ার পর ওদের স্কুলে নিচ্ছে না। আমরা খুব সমস্যায় পড়েছি।’