‘মহাচোর সরকারকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে-বিদেশে প্রমাণ হয়েছে বর্তমান সরকার মহাচোর। এই মহাচোর সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। আজ বুধবার বিকেলে ১৮ দলীয় জোটের গণমিছিলের আগে এক সমাবেশে এ মন্তব্য করেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন প্রাঙ্গণ থেকে আজ বেলা সাড়ে চারটায় গণমিছিল শুরু হয়। মিছিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। তবে মিছিলে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিলটি চট্টগ্রাম পুরাতন রেল স্টেশনে গিয়ে শেষ হয়। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের আগে সমাবেশে ১৮ দলীয় জোট চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশে-বিদেশে প্রমাণ হয়েছে এই সরকার মহাচোর। এই সরকার যদি সময়মতো বিদায় না হয়, তাহলে গণ-আন্দোলনের মাধ্যমে তাদের বিদায় করা হবে।’কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন জনগণ মেনে নেবে না মন্তব্য করে আমীর খসরু বলেন, ‘সরকার জনগণ ও গণমাধ্যমকে ভয় পায়। তাই কৌশলে সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় এসে সরকার জনগণকে ডিজিটাল দুর্নীতি আর দুঃশাসন উপহার দিয়েছে।’সরকারকে উদ্দেশ করে আমীর খসরু বলেন, ‘মানবাধিকার লঙ্ঘন করে, জঙ্গিবাদের ট্রাম কার্ড ছেড়ে ক্ষমতায় টিকতে পারবেন না। গ্যাস, বিদ্যুত্, পানি, সড়ক উন্নয়ন, ব্যবসা, অর্থনীতি কোনো কিছুতেই সরকারের সফলতা নেই। সফলতা আছে শুধু মন্ত্রী, সাংসদ, উপদেষ্টা, প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের লুটপাটে।’জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির সামশুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম ও সাবেক সাংসদ রোজি কবির। সমাবেশ পরিচালনা করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেন। সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন ও কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আহসান উল্লাহ, জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী প্রমুখ।১৮ দলের কর্মসূচি ঘিরে নাসিমন ভবন ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। গণমিছিলের কারণে নগরের কাজীর দেউড়ি, নাসিমন ভবন, এনায়েত বাজার, নিউ মার্কেটসহ আশেপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে করে অফিসফেরত সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।