‘মহাসেন’ আতঙ্কে সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না অভিভাবকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় ‘মহাসেন’-এর আতঙ্কে বরগুনা সদরের পোটকাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরইতলা প্রাথমিক বিদ্যালয়সহ বুড়িরচর, বালিয়াতলী, বদরখালী এলাকার বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি একবারেই কমে গেছে। সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকেরা।বরগুনা সদরের মাছখালী গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘হুনছি বড় একটা বইন্না আমাগো এলাকার দিকে আইতে লাগছে। হেইতে আইজ মাইয়্যাডারে স্কুলে পাঠাই নায়।’ মোল্লারহোরা গ্রামের আবদুল কাদের বলেন, ‘এহন বইন্না অইলে মোগো বাঁচনের আর কোনো উপায় থাকপে না।’ সকালে বরগুনা সদরের নলটোনা নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে মাত্র তিনজন শিক্ষার্থী উপস্থিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান মোল্লা জানান, এই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১৩৫ এবং প্রতিদিন ৯৫ থেকে ১০০ জন শিক্ষার্থী উপস্থিত হয়। কিন্তু ঘূর্ণিঝড় ‘মহাসেন’-এর আতঙ্কে শিক্ষার্থী উপস্থিতি কমে গেছে। একই এলাকার মধ্য গাজী মাহমুদ রেজি. প্রাথমিক বিদ্যালয়, গাজী মাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই চিত্র। এসব বিদ্যালয়ে ১০-১২ জন শিক্ষার্থীকে উপস্থিত হতে দেখা গেছে। সদরের ঢলুয়া ইউনিয়নের মোল্লারহোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ৩০-৩৫ জন শিক্ষার্থী উপস্থিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ জানান, এই বিদ্যালয়ে ১৮৮ জন শিক্ষার্থী রয়েছে। প্রতিদিন ১২০ থেকে ১৩০ জন শিক্ষার্থী উপস্থিত হয়। কিন্তু ঘূর্ণিঝড়ের আতঙ্কে আজ শিক্ষার্থী উপস্থিতি কমে যায়। মোল্লারহোরা রেজি. প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ৮-১০ জন শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত হয়েছে।জেলা দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকাশ চন্দ্র বিশ্বাস আজ দুপুরে প্রথম আলো ডটকমকে জানান, সম্ভাব্য সব ধরনের দুর্যোগ মোকাবিলার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। চরাঞ্চল ও আবাসনকেন্দ্রগুলোর বাসিন্দাদের তাত্ক্ষণিক নিরাপদে নিয়ে আসার জন্য প্রায় সাড়ে পাঁচ হাজার স্বেচ্ছাসেবককে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে বলা হয়েছে। এ ছাড়া, পর্যাপ্ত চিঁড়া-মুড়িসহ অন্যান্য শুকনো খাবার মজুদ রাখা হয়েছে। স্বেচ্ছাসেবকেরা আগাম সতর্কবার্তা প্রচার করছেন।