‘মহাসেন’ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি আছে: ত্রাণমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় ‘মহাসেন’ মোকাবিলায় সরকারের সর্বাত্মক প্রস্তুতি আছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।আজ মঙ্গলবার আন্তমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। সচিবালয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে এ সভা হয়।ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বলেন, ইতিমধ্যে ১৩টি উপকূলীয় জেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। ৪৯ হাজার ৩৬৫ জন স্বেচ্ছাসেবক কাজ শুরু করেছেন। তিনি বলেন, উপকূলীয় এলাকায় তিন হাজার ৭৭০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র কার্যকর আছে। একই সঙ্গে সব সরকারি স্কুলগুলোও প্রস্তুত রাখা হয়েছে। দরকার হলে স্কুলগুলোতে ছুটি ঘোষণা করে আশ্রয়কেন্দ্র বানানো হবে। এ ছাড়া, অগ্রিম হিসেবে ওই ১৩টি জেলার প্রশাসকদের অতিরিক্ত তিন লাখ করে টাকা এবং ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।এ সময় আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম বলেন, ‘মহাসেন’ এখনো বাংলাদেশের উপকূল থেকে এক হাজার ১০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটা কখন আঘাত হানবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আগামীকাল এ ব্যাপারে জানা যাবে।