‘মহিতুল লড়াইয়ে থাকায় নির্বাচন একটু জমেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নে গিয়ে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মহিতুল ইসলামের কর্মী-সমর্থকদের কাউকে খুঁজে পাওয়া গেল না গতকাল রোববার। তবে কেওয়ারজোড় বাজারসহ ইউনিয়নের কয়েকটি গ্রামের সর্বত্র মহিতুলের ফুটবল প্রতীকের পোস্টার দেখা গেল।কেওয়ারজোড় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুর রেজা চৌধুরী বলেন, এই ইউনিয়নে নৌকা প্রতীকের রেজওয়ান আহাম্মদ (আওয়ামী লীগের প্রার্থী) ছাড়া কারও কর্মী নেই। তাহলে ফুটবলের পোস্টার কারা লাগিয়েছেন—জানতে চাইলে তিনি বলেন, রাতের আঁধারে কে বা কারা লাগিয়ে গেছে।মহিতুলের প্রধান নির্বাচনী এজেন্ট জালাল খান দাবি করেন, ফুটবলের পোস্টার যাঁরা লাগিয়েছেন, তাঁরা আওয়ামী লীগেরই কর্মী। তিনি অষ্টগ্রাম উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি। তিনি বলেন, মহিতুলের পক্ষে প্রকাশ্য অবস্থান নেওয়ায় তিনি সংগঠন থেকে বহিষ্কৃত হয়েছেন। দলীয় সব পদ-পদবি ছাড়তে বাধ্য হয়েছেন মহিতুলের চাচা সৈয়দ মোহাম্মদ শাহজাহান। যুবলীগ থেকে পদত্যাগ করেছেন অষ্টগ্রামের আদমপুরের নেতা-কর্মীরা।সৈয়দ মোহাম্মদ শাহজাহান দাবি করেন, এই তিন উপজেলার আওয়ামী লীগের ক্ষুব্ধ নেতা-কর্মীরা মহিতুলের পক্ষে কাজ করছেন। তবে ইটনা উপজেলায় তাঁরা প্রকাশ্যে কাজ করতে পারলেও মিঠামইনে টুঁ শব্দও করতে পারছেন না। এমনকি মহিতুলের নিজ উপজেলা অষ্টগ্রামেও নানা হুমকির মধ্যে তাঁদের পড়তে হচ্ছে। অবশ্য মহিতুলের সমর্থনে মাঠে আছে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামসহ সরকারবিরোধী সব পক্ষ।গত পাঁচ দিন এই তিন উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে কয়েকটি দলের কর্মী-সমর্থকদের মহিতুলের পক্ষে মাঠে নামার অনেক ঘটনা দেখা গেছে। তবে হাওরের এই উপজেলাগুলোতে বিএনপি ছাড়া আর কারও উল্লেখ করার মতো সাংগঠনিক ভিত্তি নেই। বিএনপির নেতা-কর্মীরাও সব উপজেলায় সমান সক্রিয় হননি। এ প্রসঙ্গে অষ্টগ্রাম বিএনপির আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বলেন, ‘বিএনপি সাংগঠনিকভাবে কোনো প্রার্থীর পক্ষে কাজ করছে না। আমার বিশ্বাস, দলগতভাবে নির্বাচন বর্জনের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে আমাদের নেতা-কর্মী ও সমর্থকেরা ভোটকেন্দ্রে যাবেন না।’ ইটনা উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম এবং মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম বলেন, ‘শুনেছি, আমাদের নেতা-কর্মীদের অনেকেই নির্বাচনে নেমে পড়েছেন। নির্বাচনে নামলে তো আর বিএনপির নেতা-কর্মীরা নৌকার পক্ষে নামবেন না, এটাই স্বাভাবিক।’মহাজোটের শরিক জাতীয় পার্টির অনেক নেতা-কর্মীও মহিতুলের পক্ষে ভোট চাইছেন। অবশ্য জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সাংসদ মুজিবুল হক বলেন, ‘উপনির্বাচন নিয়ে জাতীয় পার্টির দলগত কোনো সিদ্ধান্ত নেই। তবে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের প্রার্থীর প্রতি তাঁর সমর্থন রয়েছে।’জেলা জামায়াতের সেক্রেটারি মো. রমজান আলী বলেন, ‘এই তিন উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমাদের সংগঠন আছে। উপনির্বাচন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। আমরা নেতা-কর্মীদের ভোট দিতেও বলিনি, ভোট বর্জনের নির্দেশও দিইনি।’হেফাজতে ইসলামের নেতা ও জেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি আবদুল মোমেন শেরজাহান বলেন, ‘নির্বাচন নিয়ে হেফাজতের কেন্দ্রীয় কোনো নির্দেশনা নেই। কয়েক দিন ধরে অষ্টগ্রাম, মিঠামইন ও ইটনা থেকে আমাদের কর্মী-সমর্থকেরা ফোন করে আমার কাছে দিকনির্দেশনা চাইছেন। আমি বলেছি, যেহেতু হেফাজত কোনো রাজনৈতিক সংগঠন নয়, সেহেতু তাঁরা যেন হেফাজতের ব্যানার নিয়ে নির্বাচনে না নামেন।’কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের আওয়ামী লীগের সাংসদ আফজাল হোসেন বলেন, ‘আমি এক সপ্তাহের বেশি এই নির্বাচনী এলাকায় ঘুরে নিশ্চিত হয়েছি, বিএনপির নেতারা যা-ই বলুন না কেন, মাঠপর্যায়ের বিএনপির সমর্থকেরাও রেজওয়ানকে ভোট দেবেন।’আওয়ামী লীগের নেতা ও পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব উদ্দিন বলেন, মহিতুল লড়াইয়ে থাকায় নির্বাচন একটু জমেছে। তবে আওয়ামী লীগের মতো শক্তিশালী সংগঠনের বিরুদ্ধে লড়াইয়ে তাঁর জয় পাওয়ার সুযোগ নেই। তা ছাড়া সাধারণ ভোটাররা মনে করছেন, রেজওয়ান নির্বাচিত না হলে রাষ্ট্রপতি আবদুল হামিদ সূচিত উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা যাবে না। তাই বিচলিত নয় আওয়ামী লীগ।অবশ্য আওয়ামী লীগ উপনির্বাচনকে গুরুত্বের সঙ্গেই নিয়েছে। জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান, সাংসদ আফজাল, পাকুন্দিয়ার উপজেলা চেয়ারম্যান সোহরাব, মিঠামইনের উপজেলা চেয়ারম্যান কামরুল আহসান শাহজাহানসহ জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা রেজওয়ানের পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এই আসন শূন্য হয়। ৩ জুলাই অনুষ্ঠেয় এই উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজওয়ান আহাম্মদ রাষ্ট্রপতির বড় ছেলে।