নবম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসনের সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের জমা দেওয়া মনোনয়নপত্র বাতিল বৈধ বলে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রয়েছে। গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগ মহীউদ্দীন খানের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি আবেদন) খারিজ করে দেন। প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বাধীন ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ গতকাল এ আদেশ দেন।নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেন, এই আদেশে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত হয়েছে। রায়ের অনুলিপি পেলে আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। মহীউদ্দীন খানের আসন শূন্য ঘোষণা করে নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, বিধান অনুযায়ী শূূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে ওই আসনে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।সংবিধান বিশেষজ্ঞ এম জহিরের মতে, লিভ টু আপিল খারিজ হওয়ার অর্থ, যে আদেশবলে নির্বাচন করেছেন, তাও খারিজ হয়ে গেছে। ফলে সদস্যপদ থাকছে না। তাই উপনির্বাচন দিতে হবে।নির্বাচন কমিশনের কৌঁসুলি মাহমুদুল ইসলাম প্রথম আলোকে বলেন, মহীউদ্দীন খান আলমগীরের লিভ টু আপিল আদালত খারিজ করে দেওয়ায় এখন মহীউদ্দীন খানের সদস্যপদ বাতিল কিংবা ওই আসনে উপনির্বাচন হবে কি না, সে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে। নির্বাচন কমিশনের আরেক কৌঁসুলি প্রবীর নিয়োগী বলেন, মহীউদ্দীন খানের করা লিভ টু আপিল খারিজ হওয়ায় মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তই বহাল রইল। তিনি বলেন, বর্তমানে মহীউদ্দীন খান আলমগীর দণ্ড থেকে অব্যাহতি পেয়েছেন। তবে এটি পরবর্তী ঘটনা। নির্বাচন হলে এখন তিনি অংশ নিতে পারবেন। মহীউদ্দীন খান আলমগীরের আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেছেন, এই আদেশে মহীউদ্দীন খান আলমগীরের সংসদ সদস্য পদে থাকা না-থাকার ওপর কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত চেম্বার বিচারপতি স্থগিত করেছিলেন। ওই আদেশ অনুসারে মহীউদ্দীন খান আলমগীর নির্বাচনে অংশ নেন। ওই আদেশ বাতিল হয়নি। এর আগে নির্বাচন কমিশন ভোলা-৩ আসনে আরেক সরকারদলীয় সাংসদ মো. জসিম উদ্দিনের আসনটি শূন্য ঘোষণা করে গত ৩ ফেব্রুয়ারিতে। জরুরি বিধিমালার আওতায় অবৈধ সম্পদ অর্জনের দুর্নীতি মামলায় ১৩ বছর সাজা হওয়ায় ২০০৮ সালের ৩ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা আলমগীরের মানোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে ইসিতে তিনি আপিল করলে ৮ ডিসেম্বর তাও খারিজ হয়ে যায়। এরপর হাইকোর্টে তিনি রিট আবেদন করলে ওই বছরের ১৫ ডিসেম্বর তাও খারিজ হয়। হাইকোর্টের ওই আদেশ একই বছরের ১৮ ডিসেম্বর স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর তিনি নির্বাচনে অংশ নেন। যে মামলায় সাজা পেয়েছিলেন: ২০০৭ সালের ৬ মার্চ দুর্নীতি দমন কমিশন তিন কোটি ২৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে এ মামলাটি করে। ওই বছরের ২৬ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত তাঁকে ১৩ বছরের কারাদণ্ড দেন। মহীউদ্দীন খান আলমগীর এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। এর পরিপ্রেক্ষিতে এক রায়ে হাইকোর্ট তাঁকে অব্যাহতি দেন। কিন্তু এর বিরুদ্ধে গত ১৬ নভেম্বর আপিল দায়ের করে দুদক। হাইকোর্টের দেওয়া রায় ৪ জুলাই বহাল রাখেন আপিল বিভাগ। ওই দিন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের লিভ টু আপিল খারিজ করে দেন প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে গঠিত ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ। ফলে মহীউদ্দীন খান আলমগীর ওই সাজার দায় থেকে অব্যাহতি পান।