‘মাইনাস টু’র আশঙ্কা প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইনাস টু’র ষড়যন্ত্র এখনো হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। বৈঠকে উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্রে এ খবর জানা গেছে।সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি বুঝতে পারছে না, মাইনাস টু এখনো শেষ হয়নি। তখন তারা ব্যর্থ হয়েছে বলে যে ষড়যন্ত্র শেষ হয়েছে, তা নয়। যারা এটা করতে চেয়েছিল, তারা এখনো সক্রিয় আছে। তাদের খায়েশ শেষ হয়নি। তিনি বলেন, যারা জনগণের রাজনীতিতে আসতে পারবে না, ক্ষমতায় বসতে পারবে না, তারাই অসাংবিধানিকভাবে ষড়যন্ত্রকারীদের নিয়ে ক্ষমতায় আসতে চায়। কারণ তারা জানে, জনগণ তাদের চায় না। দেশে গণতান্ত্রিক বা স্বাভাবিক পরিস্থিতি থাকলে যাদের মূল্যায়ন হয় না, তারাও তত্ত্বাবধায়কের কথা বলছে।এদিকে বাসস জানায়, পেশাজীবীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘অতীতে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত হয়েছে এবং তা পুনরুদ্ধারে আমাদের বিভিন্ন সময় সংগ্রাম করতে হয়েছে। এ জন্য আমাদের সতর্ক থাকতে হবে, যেন কষ্টার্জিত এই গণতন্ত্র আবারও বাধাগ্রস্ত না হয়।’বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকার ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থা রেখে ক্ষমতা ছেড়েছে। দেশকে আরও একটি কলঙ্ক থেকে মুক্ত করার জন্য যুদ্ধাপরাধীদের বিচার চলছে। তিনি মতপার্থক্য ও অভ্যন্তরীণ কলহ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পাশাপাশি সরকারের সাফল্য জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি মিসবাহউদ্দিন আহমেদ, মহাসচিব অধ্যাপক কামরুল হাসান খান এবং এস এম খবিরুজ্জামান, ইকবাল সোবহান চৌধুরী, এ বি এম ফারুক, নূর মোহাম্মদ তালুকদার, রোকেয়া সুলতানা, হাননাস বেগম, মমতাজ উদ্দিন, বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম বক্তৃতা করেন।প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ সময় উপস্থিত ছিলেন।