‘মাও কইছে স্কুলোত জ্যাটে কোনা ছাদ ভাঙ্গি পড়ে, স্যাটে খবরদার বসিস না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের জাহানারারডাঙ্গা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল ধরেছে। খুলে পড়ছে পলেস্তারা। ইতিমধ্যে পলেস্তারা খুলে পড়ে আহত হয়েছে সাতজন শিশু শিক্ষার্থী। ঝুঁকিপূর্ণ ভবনে তবুও চলে পাঠদান। ভবন ধসে সেখানে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক ও অভিভাবকেরা।জানা গেছে, ১৯৮৫ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। নিবন্ধিত হয় ১৯৯১ সালে। সরকারিভাবে ভবন নির্মিত হয় ১৯৯৪ সালে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদশাহ আলমগীর অভিযোগ করেন, ভবনটি নির্মাণে নিম্নমানের ইট-বালু ব্যবহার করা হয়েছে। এ কারণে নির্মাণের বছর দুয়েক পরই ছাদ চুয়ে পানি পড়তে থাকে। ফলে পুরো ভবন স্যাঁতসেঁতে হয়ে পড়েছে। বর্তমানে ভবনে ফাটল ধরেছে। খসে পড়ছে শ্রেণী ও অফিস কক্ষের ছাদের পলেস্তারা।তবে ভবন নির্মাণকারী ঠিকাদার জিয়াদুল হক বলেন, ‘আমরা কাজে কোনো নিম্নমানের সামগ্রী ব্যবহার করিনি। বেশি দিন হওয়ায় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়তে পারে।’ উপজেলা সদর থেকে দক্ষিণ-পূর্বে ১৮ কিলোমিটার দূরে অবস্থিত বিদ্যালয়টিতে সম্প্রতি গিয়ে ওই আশঙ্কাজনক চিত্র দেখা যায়। শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ শ্রেণী কক্ষেই ক্লাস করছে।পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আশিকুর রহমান বলে, ‘ছাদ খুলি মাথাত পড়ে। ভয় নাগে।’ চতুর্থ শ্রেণীর আরেক শিক্ষার্থী মিতালী খাতুন বলে, ‘মাও কইছে, স্কুলোত জ্যাটে কোনা ছাদ ভাঙ্গি পড়ে, স্যাটে খবরদার বসিস না।’বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুল হক বলেন, ‘প্রায় দিন ক্লাস চলাকালীন ছাদের পলেস্তারা খুলে শিক্ষার্থীদের মাথায় পড়ে। এতে ইতিমধ্যে আহত হয়েছে সাত শিশু শিক্ষার্থী। গত জুলাই মাসে ক্লাস চলাকালীন পলেস্তারা খুলে পড়ে শিক্ষার্থী শিরিনা খাতুন ও কল্পনা রানির মাথা ফেটে যায়।’অন্য সহকারী শিক্ষক আক্কাস আলী বলেন, ‘অভিভাবকেরা বাচ্চাদের স্কুলে পাঠিয়ে ভয়ে থাকেন। আমরাও থাকি ভয়ে। স্কুল ভবনে ফাটল ধরেছে। যেকোনো সময় ধসে পড়ে আমরা ও ছাত্রছাত্রীরা মারা পড়তে পারি। চাকরি করি, তাই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ঝুঁকিপূর্ণ ভবনেই ক্লাস করাই।’ প্রধান শিক্ষক বাদশাহ আলমগীর বলেন, ‘ঝুঁকিপূর্ণ স্কুল ভবনের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছি। স্কুলে এসে শুধু শিক্ষার্থীরা নয়, আমরাও ভবন ধসে পড়ার আতঙ্কে থাকি। তবুও আতঙ্কের মধ্যে পাঠদান কার্যক্রম চালাতে হয়। ঝুঁকিপূর্ণ ভবনের কারণে অনেক অভিভাবক ভয়ে সন্তানকে বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দিয়েছেন।’ অভিভাবক ছিদ্দিক আলী ও মোকলেছুর রহমান জানান, স্কুল ভবন ধসে পড়ার ভয়ে তাঁরা এক মাস ধরে সন্তানদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন না।এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম আসাদুজ্জামানের কার্যালয়ে গিয়ে বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনের চিত্র তুলে ধরে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এই মুহূর্তে মনে করতে পারছি না বিদ্যালয়টির সমস্যা সম্পর্কে। তবে আমরা কিছু ঝুঁকিপূর্ণ স্কুল ভবন চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তালিকা গত জুনে পাঠিয়েছি।’উপজেলা প্রকৌশলী এ কে এম সাদিকুর রহমান বলেন, ‘ওই বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ অবস্থায় ভবনে ক্লাস করানো একেবারেই উচিত নয়। আমরা নতুন স্কুল ভবন নির্মাণের জন্য টাকা বরাদ্দ চেয়ে তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি।’ বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ সরকার বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবনে বাচ্চাদের ক্লাস করানো ঠিক নয়। বিষয়টি সরেজমিন দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’