‘মাঝপথেই মনে হচ্ছিল “অবশেষে”!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁকে বলা হচ্ছে নিউজিল্যান্ডের সেরা তরুণ প্রতিভা। স্টাইলিশ ব্যাটসম্যান, স্পিনটাও খারাপ করেন না। যদিও আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা হয়েছে টানা দুটো শূন্য দিয়ে। তবে ভেঙে পড়েননি কেন উইলিয়ামসন, বরং স্বপ্ন দেখছেন একদিন দেশকে নেতৃত্ব দেওয়ার সবাই আপনার মাঝে দেখছে উজ্জ্বল ভবিষ্যতের ছায়া, কিন্তু আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা তো ভালো হলো না...কেন উইলিয়ামসন: ভালো হলো না? (হেসে) বলুন, এর চেয়ে বাজে আর হতে পারত না!  যেভাবে হাসছেন, মনে হচ্ছে বাজে শুরু হয়েছে বলে খুশি!উইলিয়ামসন: যেটা হয়ে গেছে সেটা ভেবে দুঃখ পেয়ে লাভ আছে? অভিষেক নিয়ে সবার কত স্বপ্ন থাকে, আর আমি কী করলাম! এখন মেনে নিয়েছি আমার ভাগ্যে এই ছিল। এখন বরং আমি মজার দিকটাই বেশি দেখছি। কাতর হয়ে পড়লে তো আর ঘুরে দাঁড়াতে পারবেন না। অভিষেক নিয়ে আপনার কী স্বপ্ন ছিল?উইলিয়ামসন: খুব বড় কিছু নয়। দলের জন্য কিছু অবদান রাখতে চেয়েছিলাম, এই তো। আপনার দেশের এক সাবেক ক্রিকেটারেরও কিন্তু টানা দুই ম্যাচ শূন্য দিয়ে অভিষেক, তারও নামের প্রথম অংশ ‘কেন’...উইলিয়ামসন: কেন রাদারফোর্ড তো? আমি ঠিক জানতাম না, কয়েকজন বলেছে। পরে তো তিনি নিউজিল্যান্ডের হয়ে অনেক দিন খেলেছেন, আমিও অনেক অনেক দিন খেলতে চাই। (রাদারফোর্ডের প্রথম সাত টেস্ট ইনিংস ছিল ০, ০, ৪, ০, ২, ১, ৫। পরে খেলেছেন ১০ বছর, অধিনায়কত্ব করেছেন ১৮ টেস্ট ও ৩৭ ওয়ানডেতে)। শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচে শূন্য করার পর কেমন লাগছিল? প্রাভিন কুমারের বলটা অবশ্য দারুণ ছিল...উইলিয়ামসন: হ্যাঁ, দারুণ একটা অফকাটার ছিল। বল মিডল স্টাম্পে পিচ করেছিল, আমিও সেভাবেই খেলেছিলাম। কিন্তু সুইং করে অফ স্টাম্প ভেঙে দিল। একটা উইকেট অবশ্য পেয়েছিলাম। এটাকেই সান্ত্বনা ধরে নিয়েছিলাম। পরের ম্যাচে আবার শূন্য করার পর?উইলিয়ামসন: ওহ্...পুরো ব্যাপারটাই মনে হচ্ছিল পাগলাটে কোনো ব্যাপার। দোষটা অবশ্য আমারই বেশি ছিল, বাজে শট খেলেছিলাম। হয়তো নার্ভাসনেসের কারণে। তৃতীয় ম্যাচে বৃষ্টিতে ব্যাটিং পেলেন না, অবশেষে চতুর্থ ম্যাচে রানের দেখা পেলেন (১৩)। প্রথম রানের পর অনুভূতিটা মনে আছে?উইলিয়ামসন: হ্যাটট্রিক না হওয়ায় কী যে স্বস্তি পেয়েছিলাম! থার্ডম্যানে পাঠিয়ে রানটা নেওয়ার সময় মাঝপথেই মনে হচ্ছিল ‘অবশেষে!’ বড় পর্দায় দেখলাম, ‘উইলিয়ামসনের প্রথম রান!’ খুব মজা লাগছিল, লোকের ফিফটি-সেঞ্চুরি করার পর লেখা ওঠে, আর আমার এক রান করার পর! আপনার ঘরোয়া দল নর্দার্ন ডিস্ট্রিক্ট কোচ গ্রান্ট ব্রাডবার্ন (সাবেক টেস্ট স্পিনার) বলেছেন ‘কেন ভবিষ্যৎ মাইকেল ক্লার্ক’, অকল্যান্ড কোচ ও জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান ম্যাট হর্ন বলেছেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেটে তরতাজা সুবাতাস।’ এসব প্রশংসাকে কীভাবে নেন?উইলিয়ামসন: তাঁদের কাছ থেকে এত প্রশংসা, ক্লার্কের সঙ্গে তুলনা ভালো লাগার মতোই। তবে আমি তো ‘কেন’, তাই না? আমি আমার মতোই হতে চাই, অন্য কারও মতো নই। অনেকে বলছে, এত দ্রুত দলে নিয়ে আপনাকে চাপে ফেলে দেওয়া হয়েছে...উইলিয়ামসন: ঘরোয়া ক্রিকেটে আমি ভালো করেছি, গত মৌসুমে নর্দার্ন ডিস্ট্রিক্টের সেরা খেলোয়াড় হয়েছি। যথেষ্ট ভালো মনে করা হয়েছে বলেই আমাকে নেওয়া হয়েছে। গত মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট স্কোয়াডেও ডাক পেয়েছিলেন?উইলিয়ামসন: সে তো ড্যারিল টাফি চোট পাওয়ার পর বদলি হিসেবে। জানতাম খেলা হবে না। এই সিরিজে দেখা যাবে মাঠে?উইলিয়ামসন: আশা করছি। কন্ডিশন তো আমার পক্ষেই, এখানে বল অনেক টার্ন করার কথা। দেখা যাক। অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দিয়েছেন, একদিন দেশকেও নিশ্চয়ই দিতে চান?উইলিয়ামসন: অবশ্যই, সেই স্বপ্ন কে না দেখে!