‘মাঝে মাঝে আসে বিদ্যুৎ’
অগ্নিকাণ্ডের কারণে ডেসকোর বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের গ্রাহকেরা বিদ্যুৎ পাচ্ছেন খুবই কম সময়। আগুনজনিত দুর্ঘটনায়ই ৬৯/১ পান্থপথের সুবাস্ত টাওয়ারসহ আশপাশের কয়েকটি ভবনের টেলিফোন বিকল হয়ে পড়ে। গ্রাহকদের মনে প্রশ্ন, সংশ্লিষ্ট দুই কর্তৃপক্ষ সেবার মানোন্নয়নে কাজ করছে কি?‘সারা দিনে বিদ্যুৎ ছিল মাত্র আধা ঘণ্টা। বিদ্যুৎ না থাকায় পানি ওঠাতে পারিনি। গোসল, খাওয়াদাওয়া কিছুই ঠিকমতো হয়নি।’ বলছিলেন বাড্ডার জগন্নাথপুরের গৃহিণী আফরোজা খন্দকার।শুধু জগন্নাথপুর নয়, আশপাশের সব এলাকায় ২০ এপ্রিল সকাল থেকে এভাবে নামমাত্র বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ওই দিন ভোরে বৈদ্যুতিক দুর্ঘটনার জন্য ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি (ডেসকো) লিমিটেডের বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রটি বন্ধ রাখা হয়েছে। যার ফলে এই উপকেন্দ্রের আওতাভুক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে হিমশিম খাচ্ছে ডেসকো।জানা যায়, বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের মাধ্যমে গুলশান, বনানী, বারিধারা, জোয়ারসাহারা, মহাখালী, ক্যান্টনমেন্ট, বাড্ডা, উত্তরখান, দক্ষিণখানসহ এর আরও কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। কিন্তু এই গ্রিড উপকেন্দ্রটি বন্ধ থাকায় এখন এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে বিকল্প পথ বেছে নিয়েছে ডেসকো। যেদিন বন্ধ হয়ে যায়, তার পরদিন পর্যন্ত সারা দিনে বিদ্যুৎ পাওয়া গেছে এক থেকে দুই ঘণ্টা। এখন প্রতি লোডশেডিংয়ের মধ্যবর্তী সময়ে বিদ্যুৎ থাকছে তিন-চার ঘণ্টা পর্যন্ত।২৬ এপ্রিল বাড্ডা, জোয়ারসাহারা ও বসুন্ধরা এলাকা দুপুর থেকে বিকেল পর্যন্ত ঘুরে বিদ্যুতের দেখা মেলেনি। ব্যবসায়িক প্রতিষ্ঠানে কেউ কেউ জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করছেন। কেউ কেউ হাতপাখার ব্যবহারে শরীর জুড়িয়ে নিচ্ছেন। বসুন্ধরা রোডের ক-৫/এ জগন্নাথপুরের ব্যবসায়ী বেলাল হোসেন বলেন, ‘চার ঘণ্টা পর কারেন্ট এসেছিল। ২৫ মিনিট পরেই আবার দৌড় দিছে। আমাদের এলাকায় এখন বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে।’ বনানী মডেল টাউনের আই ব্লকের বাসিন্দা প্রকৌশলী মোহাম্মদ হারুন বলেন, ‘এখন আধা ঘণ্টার ব্যবধানে লোডশেডিং হচ্ছে তিন-চার ঘণ্টার জন্য।’‘বিদ্যুৎ ছাড়া কি মানুষ থাকতে পারে? বিদ্যুৎ না থাকায় পানি তুলতে পারছি না। এই গরমে গোসল না করেই থাকতে হচ্ছে। আবার যেটুক পানি আসে, তাও দুর্গন্ধযুক্ত। এটাও বিদ্যুতের জন্যই হচ্ছে।’ বললেন বসুন্ধরা আবাসিক এলাকার বি ব্লকের বাসিন্দা তাবাস্সুম রহমান।হঠাৎ করে কেন এমন সমস্যা হলো? এর কারণ খুঁজতে ডেসকোর বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে গেলে কথা হয় উত্তরা গ্রিড উপকেন্দ্রের ইনচার্জ জাহিদুল হকের সঙ্গে। তিনি এখন বসুন্ধরা গ্রিড উপকেন্দ্রের দায়িত্বে আছেন। জাহিদুল হক জানান, প্রতিটি ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয় ৩৩/১১ কেভি উপকেন্দ্রে। এখান থেকে গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করা হয়। গত ২০ এপ্রিল ভোরে ঝড় ও বৃষ্টি হওয়ার ফলে বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের পাশেই ৩৩/১১ কেভি উপকেন্দ্রে সমস্যা দেখা দেয়। তখন সেখানকার সবকিছু ঠিক আছে কি না দেখে গ্রিড উপকেন্দ্র থেকে সংযোগ দিতেই আগুন ধরে যায়। এতে বেশ কিছু কেব্ল পুড়ে যায়। ফলে এখন পুরোপুরি বন্ধ আছে এই গ্রিড উপকেন্দ্রটি। এখান থেকে যে পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হতো, তা এখন সম্ভব হচ্ছে না।এখন কীভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, জানতে চাইলে জাহিদুল হক জানান, সব ৩৩/১১ কেভি উপকেন্দ্রে দুটি গ্রিড উপকেন্দ্রের সংযোগ রয়েছে। এখন বসুন্ধরা গ্রিড উপকেন্দ্র বন্ধ থাকায় টঙ্গী, উত্তরা, গুলশান ও মিরপুর ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে বিদ্যুৎ সরবরাহে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। বেড়ে গেছে লোডশেডিংয়ের ব্যাপ্তি। বিকল্প কোনো ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘এমন তো কখনোই হয় না। তা ছাড়া এটাও হয়েছে অনেক ভোরে। তখন লোকজনও কম ছিল। তাই দুর্ঘটনাটি হয়ে গেছে। বর্তমানে এমন হয়ে গেলে অন্য গ্রিড উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা ছাড়া উপায় নেই।’বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের মেরামতের কাজ শুরু হয়েছে। গত ২৬ এপ্রিল জাহিদুল হক বলেন, ‘আমরা কাজ শুরু করতে দেরি করিনি। তবে যে পরিমাণ ক্ষতি হয়েছে, তাতে একটু সময় লাগবেই। আশা করছি তিন-চার দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।’ হঠাৎ যদি এমন দুর্ঘটনা আবারও ঘটে, তখনো কি নগরবাসীকে দুর্ভোগে পড়তে হবে, নাকি শক্তিশালী বিকল্প কোনো ব্যবস্থা আগে থেকেই করা হবে—এমন প্রশ্নে তিনি বলেন, ‘সাধারণত এমন ঘটনা ঘটে না। তার পরও এখন আমরা সাবধান থাকব। এই দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর ফলাফলের ওপর উদ্যোগ নেওয়া হতেও পারে ভবিষ্যতে এমন ঘটনায় কী করা হবে।’