‘মাঠে খেলা তো আছে’
দুই বছরে শতভাগ সফল হওয়া কঠিন। সেই দাবিও করব না। তবে আগে যেখানে খেলা ছিল না, এখন অন্তত মাঠে খেলা তো আছে। এটাই তো বড় পরিবর্তন। এটাই আমার সবচেয়ে বড় সফলতা।সুপার কাপ করেছি, হাজার হাজার লোক খেলা দেখতে মাঠে এসেছে। এসএ গেমসে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। জাতীয় দলকে কক্সবাজারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, ‘অফ সিজনে’ এমন প্রশিক্ষণ ব্যতিক্রমই। জুনিয়র ডিভিশন লিগগুলো নানা কারণে শুরু করা যায়নি। কমলাপুর স্টেডিয়ামের সংস্কার হয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামেও পুরো সময় পাওয়া যায়নি। তবে প্রথম বিভাগ শুরু হয়ে যাচ্ছে শিগগিরই। এই লিগের জন্য টাকা-পয়সা দিয়ে দিয়েছি। ডিএসএগুলোকে সক্রিয় করতে ৫০ হাজার টাকা করে দিয়েছি।তৃণমূল ফুটবলের উন্নয়নে কাজ শুরু হয়েছে। আগামী মাসে একাডেমির কাজ শুরু করব। তবে আরও উন্নয়নমূলক কাজ করতে পারলে ভালো লাগত। আসলে মূল সমস্যা টাকা। টাকা আরও বেশি আনতে পারলে কাজও আরও বেশি হতো। তবে দুই বছরে এর চেয়ে বেশি করা সম্ভবও ছিল না।বাংলাদেশ লিগের পর বিশ্বকাপের বিরতি দিয়ে সুপার কাপ করব। এ বছরের বর্ষপঞ্জি দু-এক দিনের মধ্যে ঢাকায় ফিরে দিয়ে দেব। এখন পেশাদার লিগ চলছে। ঢাকার বাইরেও খেলা হচ্ছে। আমি মনে করি, সঠিক পথেই আছি। কাজী সালাউদ্দিন (বাফুফে সভাপতি)। জার্মানি থেকে ফোনে দিয়েছেন এই সাক্ষাৎকার