‘মাঠে না আইলে মইরাই যামু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স ৫৯, ছোটখাটো শরীর। চুল-দাড়িতে সাদা ছোপ। কিন্তু তাঁর ফুটবল-প্রেম এখনো সবুজ। সেটি এমনই যে, কাল মাথায় ছাতা নিয়ে বৃষ্টির মধ্যেই অনুশীলন দেখলেন শেখ জামাল ক্লাবের। ১৯৬৪ সাল থেকে ঢাকায় ঘরোয়া ফুটবলের নিয়মিত দর্শক আবদুল কাদের বললেন ফুটবলের একাল-সেকাল নিয়ে আপনি নাকি শেখ জামালের অনুশীলন দেখতে প্রতিদিনই মাঠে আসেন। বিশেষ কোনো কারণ আছে?আবদুল কাদের: আমি একজন রিয়েল ফুটবলপ্রেমী। মাঠে না এলে আমার ভাত হজম হয় না।  আপনার বাসা কোথায়? কী করেন?কাদের: আমি আদি ঢাকাইয়া। বাসা লালবাগে। কসমেটিকসের ব্যবসা করি, ৩ ছেলে বড় হয়ে গেছে।  ফুটবলের প্রতি ভালোবাসা জন্মাল কীভাবে?কাদের: একসময় ফুটবল খেলতাম। মালা (মোহাম্মদ মালা) আছে না, ওর সাথে খেলেছি। মালা খেলাটা ধইরা রাখল, আমি ব্যবসায় নামলাম। তবে ফুটবলের প্রতি নেশাটা কাটল না আর। সিক্সটি ফোর থেকে আমি ঢাকা স্টেডিয়ামে গেম দেখি। এখন তো পুরোনো দিনের লোকেরা মাঠে আসেন না। আপনি নেশাটা ছাড়তে পারলেন না কেন?কাদের: ফুটবল খেলাটা আমার খুব প্রিয়, তাই যেখানেই খেলা হোক, ছুইটা যাই। শেখ জামালের প্র্যাকটিসেও প্রতিদিন আসি।  এত দল থাকতে শেখ জামাল কেন? কাদের: আমি অরিজিনালি ছিলাম ওয়ান্ডারার্সের ভক্ত। এরপর আবাহনীর সাপোর্টার হইলাম। ফুটবলের সৌন্দর্যটা খুঁজে পাইতাম আবাহনীর খেলায়।  এখন তাহলে শেখ জামালের খেলায় সেই সৌন্দর্য দেখেন? কাদের: আবাহনীই আমার ভালোবাসা। তবে শেখ জামালকে এখন বেশি ভালো লাগে। ন্যাশনাল টিমের প্রায় সব প্লেয়ারই এই দলে। এদের দেখতে আমার খুব ভালো লাগে। এরা আমার লগে কথাবার্তা কয়। যখন চাচা বলে ডাকে, খুব ভালো লাগে।  এই যে আপনার এত ফুটবলের নেশা, ব্যবসার ক্ষতি হয় না?কাদের: খেলা না দেখলে অস্থির হইয়া যাই। ফ্যাক্টরিতে অন্যদের কাজ বুঝাইয়া দিয়ে আইসা পড়ি মাঠে, প্র্যাকটিসে। সমস্যা হয় না।  এখন মাঠে বসে খেলা দেখে আগের মতো মজা পান?কাদের: মাঠে বইসা এখন আসলে ঝিমাইতে থাকি। জিজ্ঞেস করবেন, তাহলে মাঠে গিয়ে ঝিমান কিল্লাই...। আসলে এটা নেশা...নেশার টানেই চইলা আসি।  তা মাঠে কেমন ফুটবল দেখছেন এখন?কাদের: এখন তো আগের জুনিয়র ডিভিশনের মতো খেলা হয়। তাই দর্শকও আসে না। এখন যে টুর্নামেন্ট দিছে (সুপার কাপ), একটু খেয়াল করবেন, দর্শক তেমন হবে না। কারণ, ৫০ টাকা টিকিট দেওয়া উচিত হয়নি। এভাবে বড় বড় টুর্নামেন্ট দর্শকদের ফ্রি দেখায়া তারপর টিকিট দিক ফেডারেশন। পুরোনো দিনের কথা নিশ্চয়ই সব সময় মনে পড়ে আপনার?কাদের: আগে বড় ম্যাচে দুপুর ১২টা বাজলেই গ্যালারি ভইরা যাইত। বারোআনি মানুষ ফেরত যাইত, চারআনি খেলা দেখার সুযোগ পাইত। ওই জিনিসটাই বেশি মনে পড়ে।  তখন তো দড়ি দিয়ে গ্যালারি বেয়ে মাঠে ঢুকতেন অনেকে। আপনার এমন অভিজ্ঞতা আছে?কাদের: আবার জিগায়...। ধরেন, পুরান ঢাকা থেকে ৬-৭ জন আসছি, চারআনা দিয়ে একটা টিকিট কাইট্যা একজন ঢুকত। পরে সে দড়ি ফালাইত নিচে। সেইটা বাইয়া অন্যরা ঢুকত মাঠে। মোহামেডানের জহির, প্রতাপ, গফুর বালুচ...কতজনের খেলা দেখছি!  এখন তো আর সেই খেলা নেই। খারাপ লাগে না?কাদের: খারাপ তো লাগেই, কী করুম, নেশা তো ছাড়া যায় না। আমার ছেলেরা কী কয় জানেন (৩ ছেলেই শিক্ষিত, ছোটজন ঢাকা ভার্সিটিতে পড়ে, মেজোজন এমবিএ পড়ছেন) বলে, বাবা মাঠে না গেলে মইরা যাবে। কথাটা ঠিকই, মাঠে না আইলে মইরাই যামু।