পেশাদার ফুটবল লিগের শুরু থেকেই খেলছে চট্টগ্রাম আবাহনী। সেই শুরু থেকেই সমস্যার পাহাড় টপকে এগিয়ে চলা। কাল কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ খেলার পর সেসবই বললেন দলটির অধিনায়ক মাসুদ আলম এবার চট্টগ্রাম মোহামেডানের মতো আপনারাও হোম ভেন্যু করেছেন কক্সবাজার স্টেডিয়াম। তো কক্সবাজার থেকে ঢাকায় এসে খেলাটা নিশ্চয়ই অনেক ঝক্কির ব্যাপার?মাসুদ আলম: অনেক ঝক্কি। মূলত যাতায়াতের সমস্যাটাই বড়। অনেক দূরের পথ। যানজট, এটা-ওটা নানা বাধা পেরোতে হয়। অনেক সময় মাঠে নেমে খেলার মতো এনার্জিই থাকে না। কক্সবাজারকে ভেন্যু করার কারণ কী?মাসুদ: আগের তিনটি পেশাদার লিগে আমাদের ভেন্যু ছিল চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম। কিন্তু এবার বিশ্বকাপ ক্রিকেটের কারণে ওই মাঠটি আমরা পাইনি। সে জন্য কক্সবাজার স্টেডিয়ামকে নেওয়া হয়েছে। কক্সবাজারে অনুশীলন মাঠ বা অন্য কোনো সমস্যা আছে?মাসুদ: অনুশীলন মাঠ আমরা একটা খুঁজে নিয়েছি। এটা নিয়ে কোনো সমস্যা নেই। তা ছাড়া বিচের ওখানে অনুশীলন করার একটা সুবিধা আছে। একটা গেস্ট হাউস ঠিক করা হয়েছে থাকার জন্য। সব মিলিয়ে তেমন সমস্যা দেখছি না। আপনারা ঢাকায় অ্যাওয়ে ম্যাচ খেলতে এসে হোম টিমের কাছ থেকে কেমন সহযোগিতা পান?মাসুদ: নিয়মমতো তো সহযোগিতা পাওয়ারই কথা। কিন্তু সেভাবে কিছুই পাই না। আজ যেমন আমরা বালুর মাঠে হালকা অনুশীলন করেই নেমে পড়েছি ম্যাচ খেলতে। অনুশীলন মাঠ পাই না ঢাকায়, যেটা হোম টিমের দেওয়ার কথা। আসলে কী বলব, কেউ তো খবরও নেয় না। ঢাকায় এসে হোটেল-খাওয়াদাওয়া—এসব তো অনেক খরচের ব্যাপার। সব কি ঠিকঠাক চলে?মাসুদ: আমাদের অফিসিয়ালরা সাধ্যমতো চেষ্টা করেন ভালো একটা পরিবেশ দিতে। ঢাকায় যে হোটেলটায় উঠি, সেটি খারাপ নয়। আমার এসব নিয়ে কোনো অভিযোগ নেই। আপনাদের নগর প্রতিদ্বন্দ্বী চট্টগ্রাম মোহামেডান সেদিন মাত্র ১৪ জন খেলোয়াড় নিয়ে ঢাকায় খেলতে এসেছে। আপনাদের কি এমন সমস্যা আছে?মাসুদ: না, এ রকম সমস্যা আমাদের নেই। চট্টগ্রাম মোহামেডানের চেয়ে আমরা ভালো আছি বলব। আমাদের সমস্যা হলো, ভালো খেলেও জিততে পারছি না। ৪ ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়ার মতো টিম নই আমরা। শুনেছি কোচ নিয়েও সমস্যা আছে। কোচ আবুল কাশেমের তো বি-লাইসেন্স নেই...মাসুদ: কাশেম ভাই (মোহাম্মদ কাশেম) আমাদের কোচিং করান। তিনিই আমাদের কোচ। অ্যাডভাইজর হিসেবে বাবলু ভাই (হাসানুজ্জামান বাবলু, জাতীয় দলের সাবেক কোচ) আছেন, তিনি আমাদের খেলা দেখে কাশেম ভাইকে পরামর্শ দেন। কোচিং নিয়ে এর বেশি কিছু বলতে পারব না আমি। চট্টগ্রাম আবাহনী খেলোয়াড়দের টাকা-পয়সা কেমন দিচ্ছে?মাসুদ: আমাদের টাকা-পয়সা তো আর বড় দলগুলোর মতো না। তবে পেমেন্ট একেবারে খারাপও নয়। চলে যায় আমাদের। চট্টগ্রামের স্থানীয় খেলোয়াড় কতজন আছেন?মাসুদ: স্থানীয় খেলোয়াড় দু-তিনজন। বাকি সবাই ঢাকার ফুটবলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন। আপনি কত দিন ধরে আছেন এই দলের সঙ্গে?মাসুদ: আমি গত বছর থেকে খেলছি। ২০০৭ সালে ঢাকা মোহামেডানে ছিলাম। অবশ্য ম্যাচ খেলার তেমন সুযোগ পাইনি। ছোট দলে এসে নিয়মিতই খেলছি। তা ছাড়া এই দলটাকে নিজের দলই মনে করি। কক্সবাজার বার্মিজ মার্কেট এলাকায় আমার বাড়ি, বলতে পারেন এটা আমারই টিম। শেষ প্রশ্ন, এত কষ্ট স্বীকার করে যে লিগটা খেলতে আসেন, সেই পেশাদার লিগটা কেমন চলছে?মাসুদ: আগের চেয়ে অনেক জৌলুশ হারিয়েছে। মাঠে দর্শক নেই। সত্যি কথা বলি, মাঠে নেমে আনন্দ পাই না। খেলে কোনো তৃপ্তি নেই।