ব্রাদার্স, আবাহনী, মোহামেডান, শেখ জামাল, মুক্তিযোদ্ধার পর এবার এলেন শেখ রাসেল ক্রীড়া চক্রে। মোহামেডান ও মুক্তিযোদ্ধা ছাড়া সব দলই চ্যাম্পিয়ন হয়েছে লিগে। জাহিদ হাসান এমিলি কী এবার শেখ রাসেলকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রাখতে পারবেন? কাল শেখ রাসেলের দলবদল শেষে এসব নিয়েই বললেন এই স্ট্রাইকার এবার শেখ রাসেলে এলেন কী লক্ষ্য সামনে নিয়ে?জাহিদ হাসান এমিলি: শেখ রাসেল এবার বড় বাজেটের দল গড়েছে। তারা আমাকে চেয়েছে, তাই এলাম। আমি গত কয়েক বছরে প্রায় সব বড় দলেই খেলেছি। ২০১০ মৌসুমে ছিলাম মোহামেডানে, গতবার মুক্তিযোদ্ধায়। দুই দলই পেশাদার লিগে রানার্সআপ হয়েছে। তবে ব্রাদার্স, আবাহনী, শেখ জামালের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলাম আমি। আপনার চ্যাম্পিয়নশিপ ভাগ্য ভালো। শেখ রাসেলেরও তো তা হলে চ্যাম্পিয়ন হওয়ার কথা...এমিলি: চ্যাম্পিয়ন হতে হলে মাঠে পারফর্ম করতে হবে। কাগজ-কলমে সব বিভাগেই ভালো খেলোয়াড় নিয়েছে শেখ রাসেল। কিন্ত এটাই শেষ কথা নয়। মাঠেই নিজেদের প্রমাণ দিতে হবে। সেটা একটা বড় চ্যালেঞ্জ। আপনারা কয়েকজন খেলোয়াড় প্রতিবছরই একসঙ্গে দলবদল করেন। এটা কেন?এমিলি: আমি, মামুনুল, জাহিদ একসঙ্গে বিকেএসপিতে ছিলাম। ক্লাব ও জাতীয় দলে একসঙ্গে খেলায় আমাদের মধ্যে ভালো বোঝাপড়া আছে। বিশেষ করে মামুনুল আর আমি তো সেই ব্রাদার্স থেকেই একসঙ্গে খেলছি। জাহিদ আর আমি গতবার ভিন্ন দলে খেললেও আমাদের পথ কিন্তু একই। এবার যে আবার একত্র হলাম, এটা শেখ রাসেলের জন্যই ভালো হবে আশা করি। ঘরোয়া ফুটবলে আপনি আর মিঠুন দেশের শীর্ষ দুই স্ট্রাইকার। শেখ জামাল, মুক্তিযোদ্ধার পর দুজনে এবার আবার একসঙ্গে শেখ রাসেলে খেলছেন কেন?এমিলি: এটা তো ক্লাবের পছন্দের ব্যাপার। তবে শেখ রাসেলের কোচ মারুফ ভাই যেহেতু ৪-৩-৩ ফর্মেশনটা বেশি ফলো করেন তাই আমাদের দুজনকে একসঙ্গে নিয়েছেন। দুই পাশে আমাদের দুজনকে রেখে মাঝখানে হয়তো একজন বিদেশি স্ট্রাইকার খেলাতে পারেন। সেই হিসেবে আমাদের দুজনই তাঁর পরিকল্পনায় আছি। কিন্তু বিদেশিদের ভিড়ে শেখ জামালে যেভাবে খেলার সুযোগই পাননি, এবার তেমন কিছু হবে না তো?এমিলি: বিদেশির সঙ্গে ফাইট করেই খেলতে হয় বরাবর। কাজেই শেখ রাসেলেও লড়াই করতে হবে জানি। সে জন্য আমি প্রস্তুত। অনুশীলনের ওপর তাই খুব জোর দিচ্ছি। আশা করি, নিজের জায়গাটা পাকা রেখেই মৌসুমটা খেলতে পারব। শেখ রাসেল অনেক আশা করে আপনিসহ জাহিদ, মামুনুলদের নিয়েছে। গোলে আছেন অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য, আপনারা পারবেন এই আস্থার প্রতিদান দিতে?এমিলি: পারতেই হবে আমাদের। তবে একটা ব্যাপার দেখুন, চাম্পিয়ন হওয়া সহজ নয়। শেখ জামাল, আবাহনী, মোহামেডান ভালো দল গড়েছে। অন্যরাও কম যায় না। ৫-৬টা দল শিরোপার লড়াইয়ে থাকা মানে লিগটা জমবে। বিপ্লব ভাইয়ের নেতৃত্বে আমরা চেষ্টা করব শেখ রাসেলের স্বপ্ন পূরণ করতে। শেখ রাসেলের পরিবেশ কেমন দেখছেন?এমিলি: ভালোই। ক্লাব কর্মকর্তারা আন্তরিক। পুরান ঢাকায় চানখাঁরপুলে একটা বাড়ি ভাড়া করে আবাসিক ক্যাম্প চলছে। খেলোয়াড়েরা সবাই মাঠে নেমে ভালো খেলতে উন্মুখ হয়ে আছেন। কয়েক দিন আগেই বিয়ে করেছেন। তা নতুন জীবন কেমন চলছে?এমিলি: (হাসি) আসলে নতুন জীবন নিয়ে ভাবার সময় কই? তিন বেলা অনুশীলন। ভোর সাড়ে ছয়টায়, তারপর দশটায় এবং সবশেষে বিকেল বেলা। বুঝুন অবস্থা কী!